পুলিশ কর্মকর্তার মৃত্যুর মামলায়ও সাক্ষীর অভাব!
নগরের ষোলশহর এলাকায় ১৯৯২ সালের ৩ মার্চ দায়িত্ব পালনকালে বাসচাপায় মারা যান ট্রাফিক বিভাগের উপপরিদর্শক (এসআই) খন্দকার মাসুদ। ১৫ জনকে সাক্ষী করে দ্রুতগতিতে মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। কিন্তু একজন পুলিশ কর্মকর্তা ছাড়া আর কেউ সাক্ষী দেননি। মামলাটি চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে বিচারাধীন ছিল। ওই আদালতের দায়িত্বপ্রাপ্ত হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান সম্প্রতি মামলাটি নিষ্পত্তি করেন। রায়ের চুম্বক অংশ তুলে ধরা হলো অভিযোগপত্রে ১৫ সাক্ষীর নাম আছে। রাষ্ট্রপক্ষ একজন সাক্ষীকে আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়। এমনকি রাষ্ট্রপক্ষ এজাহারকারীকেও সাক্ষ্য প্রদানের জন্য উপস্থাপন করতে পারেনি। এজাহারকারীসহ অপরাপর সাক্ষীদের আদালতে উপস্থাপন করতে না পারার ব্যাপারে রাষ্ট্রপক্ষ কোনো ব্যাখ্যাও দেয়নি। এজাহার ও অভিযোগপত্র পর্যালোচনায় দেখা যায়, এজাহারকারী নিজেই মামলার তদন্ত করেছেন, যা ন্যায়বিচারের পরিপন্থী।এজাহার ও প্রাথমিক তথ্য বিবরণী ফরম পর্যালোচনায় দেখা যায়, ১৯৯২ সালের ৩ মার্চ মামলা হয়। একই বছরের ২১ মার্চ অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৯৯৩ সালের ৬ এপ্রিল আসামি সিদ্দিকুর আহাম্মদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। একই বছরের ১১ জুলাই একমাত্র সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। এরপর কেবল দিন যায়, দিন আসে। একে একে ফুরিয়ে যায় ১৮টি বছর। ৭৫টিরও বেশি ধার্য তারিখ অতিক্রান্ত হয়। সেই সঙ্গে এতগুলো বছরে কর্ণফুলীতে নীরবে বয়ে গেছে যাপিত জীবনের কথামালার সাক্ষী হয়ে অজস্র ঢেউ। কিন্তু আর কোনো সাক্ষী রাষ্ট্রপক্ষ উপস্থাপন করতে পারেনি। ১৫ জন সাক্ষীর মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্য, চিকিৎসক ও অন্যান্য সরকারি কর্মকর্তার নাম রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে সাক্ষীদের তাগাদা দেওয়া হয়। কিন্তু কোনো সাক্ষী উপস্থিত হননি। এটা একদিক থেকে মামলা প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষের দুর্বলতা কিংবা ত্রুটি। অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য কিংবা সরকারি কর্মকর্তা-কর্মচারী হিসেবে অর্পিত দায়িত্বের প্রতি উদাসীনতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ‘পৃথিবী’ কবিতার শেষ দিকে হয়তো সেই দিকটাই ইঙ্গিত করেছেন, ‘হে উদাসীন পৃথিবী,/ আমাকে সম্পূর্ণ ভুলবার আগে/ তোমার নির্মম পদপ্রান্তে/ আজ রেখে যাই আমার প্রণতি।’ সবচেয়ে দৃষ্টিকটু মনে হয়েছে এজাহারকারী এবং অন্যান্য পুলিশ সদস্য সাক্ষ্য না দেওয়া। চাপা পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। আর সেসংক্রান্ত মামলাটি কীভাবে নিষ্পত্তির দিকে এগিয়ে যাচ্ছে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথভাবে তদারক করেনি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনগত বাধ্যবাধকতা আইনের সূক্ষ্ম বিশ্লেষণে হয়তো অনেকখানি হালকা। কিন্তু নৈতিক মানদণ্ডে দায়বদ্ধতা অপরিসীম। বড় অদ্ভুত এই বস্তুবাদী পৃথিবী। বন্ধু, সহপাঠী, সহকর্মী কিংবা আরও নিকট আত্মীয়-স্বজন কীভাবে যে ভুলে যায় পৃথিবী ছেড়ে চলে যাওয়া মানুষকে! সেই হারিয়ে যাওয়া মানুষটার কত স্বপ্ন, কত আশা, কত না বলা কথা অজানা থেকে যায়! বেঁচে থাকতে পরিবারের কত আপনজনকে বঞ্চিত করে জীবনের মূল্যবান সময় ব্যয় করেছেন কর্তব্য পালনে কিংবা মানুষের সেবায়! এসবের কি কোনো মূল্য নেই এই স্বার্থপর সমাজে?নিহত দারোগা খন্দকার মাসুদের বিদেহি আত্মা কি বারে বারে আকুতি জানাচ্ছে না ন্যায়বিচারের! তাঁর অকাল প্রয়াণের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের ক্ষেত্রে সমাজের দুর্বলতা কিংবা উদাসীনতা হয়তো তাঁকে ওপারেও অসহিষ্ণু করে তুলছে। এজাহারের বর্ণনা থেকে নিহত মাসুদ আলী খন্দকারের দায়িত্বশীলতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এজাহারের একপর্যায়ে উল্লেখ আছে, ‘...এসআই মাসুদ আলী খন্দকার চান্দগাঁও থানার মামলা নং ০১ তাং ০১/০১/৯২ ইং ধারা ৩৬৬(এ)/১০৯ দঃ বিঃ এর তদন্ত কালে উক্ত মোটরসাইকেল যোগে ষোলশহর ২ নং গেটের ট্রাফিক পয়েন্ট অতিক্রম করিয়া ঘটনাস্থলে পৌঁছিলে দক্ষিণ দিক হইতে উল্লেখিত বাসের চালক এই মাসুদ আলী খন্দকারকে সরকারি কাজে বাধা দিয়ে বেপরোয়া ও দ্রুতগতিতে গাড়ি চালিয়ে তাঁকে চাপা দিয়ে মারাত্মক আহত করে। এতে মোটরসাইকেলের ক্ষতিসাধন করে বাসচালক গাড়িটি রেখে পালিয়ে যায়।’ অসময়ে চলে যাওয়া নিষ্ঠাবান ও শৃঙ্খলাপরায়ণ মানুষটার অতৃপ্ত আত্মার অভিশাপ কি এই সমাজ বয়ে বেড়াবে না? কবি জীবনানন্দ দাশ ‘মৃত মানুষ’ কবিতায় হয়তো সেই কথাগুলোই বলতে চেয়েছেন, ‘সমস্ত শরীর তার জড়ানো রয়েছে ফিট যুদ্ধের শোভায়;/ যেন কেউ ঈশ্বরের চেয়ে কিছু কম গরিমায়/ তাহার প্রত্যঙ্গে আছে পরিপূর্ণ হয়ে;/ সঞ্চারণ করিলেই উঠিবে সে জেগে। নীল আকাশের নিচে অনন্ত জলের নদী-প্রণয়ের চেয়ে/ দায়িত্ব বিশিষ্টতর ছিল তার?/ বিলোল বায়ুর চেয়ে ছিল ঢের কৃতী শৃঙ্খলার:/ বহু শতাব্দীর পরে মানুষের মতো স্বর পেয়ে?/ এইসব প্রশ্ন তবু নয় আর মানবিকতার।/ এখন গিয়েছে সব অস্ফুট বায়ুর মতো হয়ে।’ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের আলোকে বিবেচনা করলে যেকোনো সাধারণ বোধসম্পন্ন মানুষের মতো অত্র আদালত ধরে নিতে পারে যে, আসামির বিরুদ্ধে সরকারি কর্মচারীদের সরকারি কাজে বাধা দেওয়া এবং বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানো ও ক্ষতিসাধনের অভিযোগ অপ্রমাণিত থেকে যায়। তাই রাষ্ট্রপক্ষ আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়নি। অতএব, আসামিকে দোষী সাব্যস্ত করা যায় না এবং আসামি শাস্তি পাবারও হকদার নয়। আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হলো।