পুলিশ দেখেই একজনের ভোঁ-দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র একটি মুঠোফোনের জন্য হাটহাজারীর আমান বাজারের বাসিন্দা নবীর হোসেন (২০) গত ২৩ ডিসেম্বর খুন হন। হত্যাকাণ্ডের পাঁচ দিন পর ২৯ ডিসেম্বর হাটহাজারীর পাহাড় থেকে উদ্ধার করা হয় নবীরের লাশ। এ ঘটনায় জড়িত দুই যুবককে গত ৩১ জানুয়ারি গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ির হাটগাঁও গ্রামের শাহ আলমের ছেলে মো. মিলন (১৯) ও হাটহাজারীর জঙ্গল পাহাড়তলীর আবুল কাশেমের ছেলে মো. আমির হোসেন (২৮)। হত্যাকাণ্ডে জড়িত বেলালকে (২৫) গ্রেপ্তার করা যায়নি। রিকশাচালক নবীরের নিখোঁজ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়ার পর টানা কয়েকদিন অভিযান চালিয়ে দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করে। হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বাবুল আকতার অভিযানে নেতৃত্ব দেন।যেভাবে খুন হন নবীর: ২৩ ডিসেম্বর বিকেলে নবীর হোসেন আমান বাজারের শান্তি কলোনি থেকে রিকশা নিয়ে বের হন। ওই রাত শেষ হলেও তাঁর কোনো সন্ধান পাননি পরিবারের সদস্যরা। ২৯ ডিসেম্বর দুপুর দুইটায় হাটহাজারীর খিল্লাপাড়ার দুটি পাহাড়ের মাঝখান থেকে গলিত অবস্থায় নবীরের লাশ উদ্ধার করা হয়। নবীরের লাশ গেঞ্জি দিয়ে ঢাকা ও লুঙ্গি দিয়ে পেঁচানো ছিল। এ ব্যাপারে নবীর হোসেনের বাবা হাটহাজারী থানায় মামলা দায়ের করেন।গ্রেপ্তার মিলন ও আমির হোসেন পুলিশের কাছে স্বীকার করেন যে, পলাতক বেলালসহ তিনজন মিলে ঘটনার দিন রাত ১০টায় জ্বালানি কাঠ আনার কথা বলে নবীর হোসেনের রিকশা ভাড়া করেন। এরপর আমান বাজার থেকে তাঁরা তিনজন রিকশায় চড়ে পাহাড়ি এলাকার খিল্লাপাড়ায় চলে যান। নবীর কাঠ কোথায় জিজ্ঞেস করলে তিন যুবক বলেন, ‘আমরা তোকে অন্য কাজে এনেছি।’যুবকদের বরাত দিয়ে এএসপি মো. বাবুল আকতার বলেন, খিল্লাপাড়ার গরুর খামারের পেছনে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় নবীরকে। সেখানে বেলাল রিকশাচালক নবীরের মুঠোফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বেলাল ও মিলন কিলঘুষি মারতে মারতে নবীরকে মাটিতে ফেলে দেন। তিন যুবক নবীরের পরনের গেঞ্জি ও লুঙ্গি দিয়ে ফাঁস লাগিয়ে তাঁকে হত্যা করে। পরে মুঠোফোনটি নিয়ে নেয়। নবীরের মৃত্যু নিশ্চিত করে রিকশা ও লাশ ফেলে পালিয়ে যায় ওই তিন যুবক।গ্রেপ্তার হওয়া যুবকেরা পুলিশকে আরও জানান, ছিনতাই করা মুঠোফোনটি মাত্র দুই হাজার টাকায় বিক্রি করেন তাঁরা। বেলাল এক হাজার, আমির ৩০০ ও মিলন ৪০০ টাকা ভাগ পেয়েছেন বলে স্বীকার করেন। উদ্ধার কাহিনি: এএসপি বাবুল আকতার বলেন, ‘আমরা প্রথমে নবীর কাদের সঙ্গে মিশতেন সেটা জানার চেষ্টা করি। নবীরের ছোট বোন জানান, বেলাল নামের এক যুবক প্রায় সময় নবীরের সঙ্গে দেখা করতে তাঁদের বাসায় আসতেন। তবে বেলালের বাসা বা অবস্থান সম্পর্কে নবীরের পরিবারের কোনো ধারণা ছিল না। এরপর আমাদের এক কর্মকর্তাকে ছদ্মবেশে কয়েকদিন বসিয়ে রাখি আমানবাজারের রাস্তার পাশে একটি চায়ের দোকানে। সেখানে ওই কর্মকর্তা মাঝেমধ্যে বসে গল্প করতেন। আর সুযোগ পেলে নবীরের হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করতেন। একদিন চা পানের সময় এক ব্যক্তি জানালেন যে, ঘটনার দিন সন্ধ্যায় নবীরের রিকশায় বেলালের সঙ্গে আরও দুই যুবককে দেখা গেছে। এভাবে আমরা সূত্র পেয়ে যাই। ওই কর্মকর্তার কথা ধরেই তদন্ত জোরদার করি।’বাবুল আকতার বলেন, নবীরের মা ও বোনের সঙ্গে আবার দেখা করে বেলালের দুই সহযোগী সম্পর্কে জানতে চেষ্টা করি। নবীরের মা জানান, ফরসা এক যুবকও তাঁদের বাসায় আসতেন। নবীর নিখোঁজ হবার পর বেলাল ও ফরসা যুবকটি নবীরের খোঁজে তাঁর বাসায় গিয়েছিলেন। এ কথা জানার পর সন্দেহটা আরও বেড়ে যায়। কোনো অপরাধী অপরাধ করার পর ঘটনাস্থলে যায়, খোঁজ খবর নেয়—এটা অপরাধবিজ্ঞানের কথা। এবার আমরা ফরসা যুবক ও বেলালের ব্যাপারে খোঁজ নিতে লাগলাম। ইতিমধ্যে চায়ের দোকানির সঙ্গে আমাদের কর্মকর্তার ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে দোকানি জানান, ফর্সা যুবকটি মাঝেমধ্যে দোকানে আসেন। যেভাবে গ্রেপ্তার দোকানির বক্তব্যের সূত্র ধরে অপেক্ষায় থাকেন হাটহাজারী থানার ওই পুলিশ কর্মকর্তা। একদিন সন্ধ্যায় ফরসা যুবকটি অন্য একজনকে নিয়ে চায়ের দোকানে আসেন। দোকানি মুঠোফোনে যুবকের আগমনের সংবাদটি জানান পুলিশকে। সাদা পোশাকে এএসপি বাবুল আকতারসহ একদল পুলিশ রওনা হন। দোকানি গল্পের ছলে ফরসা যুবকসহ দুজনকে বসিয়ে রাখেন। পুলিশ দেখতে পেয়েই দুই যুবকের একজন দেন ভোঁ-দৌড়। অন্যজন গ্রেপ্তার হন। তাঁর নাম মিলন।