পুলিশ ব্যস্ত মহাসড়কে নাশকতা গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াত-শিবিরের তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি যুবলীগকর্মী আবদুল জব্বারের ঘরের হাঁড়ি-পাতিলও  জুয়েল শীল
জামায়াত-শিবিরের তাণ্ডবের হাত থেকে রেহাই পায়নি যুবলীগকর্মী আবদুল জব্বারের ঘরের হাঁড়ি-পাতিলও জুয়েল শীল

চলমান রাজনৈতিক সহিংসতায় বারবার অবরুদ্ধ হয়ে পড়ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। মূলত তাণ্ডব চলে সাতকানিয়া উপজেলার আট কিলোমিটার অংশে। পুলিশের যত মাথাব্যথাও ওই অংশ নিয়ে। কারণ, সাতকানিয়ার অংশ অচল হলে বন্ধ থাকে বান্দরবান সড়কও। কিন্তু মহাসড়ক নিরাপদ রাখতে পুলিশ ব্যস্ত হয়ে পড়ায় নজর দিতে পারছে না গ্রামে। ফলে জামায়াত-শিবিরের কর্মীরা নির্বিঘ্নে নাশকতা চলাচ্ছেন গ্রামের বিভিন্ন স্থানে।
জানা যায়, সাতকানিয়ার জামায়াতঅধ্যুষিত ইউনিয়নছদাহা, এওচিয়া, কেওচিয়া, চরতি, কাঞ্চনা ও মাদার্শায় আইনশৃঙ্খলার অবনতি ঘটছে বেশি। এসব ইউনিয়নে হামলা হচ্ছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে। তাঁরা কার্যত কোণঠাসা অবস্থায় রয়েছেন এখানে। পাশাপাশি সাতকানিয়া-বাঁশখালী সড়কসহ বিভিন্ন উপসড়কে নাশকতা বেড়েই চলেছে।
অনুসন্ধান ও সরেজমিনে দেখা গেছে, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর থেকে সাতকানিয়ায় নাশকতা, ভাঙচুর ও হামলার ঘটনা অব্যাহত রয়েছে। এসব ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছে পুলিশ। জামায়াতের প্রথম থেকেই মূল লক্ষ্য ছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বন্ধ রাখা। এটি করতে গিয়ে তারা সাতকানিয়ার মৌলভীর দোকান থেকে ঠাকুরদীঘি পর্যন্ত আট কিলোমিটারে আধিপত্য বিস্তার করে। এসব এলাকায় বড় বড় গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন জামায়াত-শিবিরের কর্মীরা। সর্বশেষ অবরোধ এবং কাদের মোল্লার ফাঁসি কার্যকরের সময়ও এসব জায়গা অবরুদ্ধ ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জামায়াতকর্মীদের বারবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
বিষয়টি স্বীকার করে সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঁঞা বলেন, ‘আমরা মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে, ওরা নেই। নিরাপত্তাও যথেষ্ট। আপাতত কোনো পিকেটার নেই।’
সর্বশেষ কাদের মোল্লার ফাঁসি কার্যকরের আগে-পরে কক্সবাজার মহাসড়ক ও বান্দরবান বড় বড় গাছ কেটে অবরোধ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় মৌলভির দোকান, হাসমতের দোকান ও ঠাকুরদীঘি এলাকা দখলে রাখেন তাঁরা। একই সময় ১০ ডিসেম্বর কেওচিয়ায় যুবলীগের কর্মী আবদুল জব্বারের ঘরে ঢুকে তাঁকে মারধর করেন জামায়াত-শিবিরের কর্মীরা। গত বৃহস্পতিবার তিনি মারা যান। এ সময় জব্বারের পরিবার পুলিশি সহায়তা চেয়েও পায়নি বলে অভিযোগ রয়েছে। জব্বারের বড় ভাই আবদুল মান্নান বলেন, ‘দরজা ভেঙেআমাদেরঘরেঢোকে তারা। প্রথমে আমাকে মারধর করে ঘরের জিনিসপত্র তছনছ করে। তারপর আমার ভাইয়ের কক্ষে ঢুকে তাকে কোপায়। আমি পালিয়ে দৌড়ে সাতকানিয়া রাস্তার মাথায় গিয়ে কর্তব্যরত পুলিশের হাতে-পায়ে ধরেছি। তারা আমাকে বলেছে, “আমরা যেতে পারব না, তুমি প্রধানমন্ত্রীকে ফোন করো”।’ গ্রামের বিভিন্ন বাড়িঘরে বিচ্ছিন্ন ঘটনার কথা স্বীকার করে সহকারী পুলিশ সুপার বলেন, ‘বাড়িঘরে হামলার ঘটনা আমাদের নজরে আছে। বিচ্ছিন্নভাবে ঘটনাগুলো ঘটছে। গ্রামের রাস্তা বিধায় আমাদের যেতে সময় লাগে। ততক্ষণে নাশকতাকারীরা পালিয়ে যায়।’
পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম সাতকানিয়া এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। দুই দিন আগেও সাতকানিয়া-বাঁশখালী সড়ক এবং উপসড়কে গাছ কেটে অবরোধ করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ ছাড়া এওচিয়া, কেওচিয়াসহ বিভিন্ন স্থানে বাড়িঘরে হামলা করা হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের বাড়ি তাঁদের মূল লক্ষ্য। ১০ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সাতকানিয়ায় বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের অন্তত আটজন নেতা-কর্মীর বাড়িঘর ও দোকানপাটে হামলার ঘটনা ঘটেছে। জব্বার ছাড়াও যুবলীগ নেতা খলিলকে ১২ ডিসেম্বর ঘরে ঢুকে কোপান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। একই সময়ে তাঁরা সাতকানিয়া-বাঁশখালী সড়কের কয়েকটি স্থানে রাস্তা খুঁড়ে ফেলেন। খুলে ফেলেন দুটি বেইলি সেতুর পাটাতনের অংশ। পরে তা মেরামত করা হয়। উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. শাহজাহান বলেন, জামায়াত মরণকামড় দিতে চাচ্ছে। বিভিন্ন স্থানে তারা নাশকতার চেষ্টা করছে। এখন বাড়িঘরেও হামলা করছে।