পুলিশের অভিযোগপত্র গ্রহণ করেননি আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলায় আড়াই বছর তদন্ত করে জামায়াত-শিবিরের ১৩ কর্মীর ঠিকানা না পাওয়ায় দুটি মামলা থেকে পুলিশের করা অব্যাহতির সুপারিশ নাকচ করে দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলা দুটির অভিযোগপত্র গ্রহণ না করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।
গত বছরের ৯ আগস্ট ‘ঠিকানা পায়নি, ১৩ জামায়াত-শিবিরের নেতা-কর্মীকে অব্যাহতির সুপারিশ!’ শিরোনামে প্রথম আলোর আমার চট্টগ্রামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, এজাহারে নাম ও দলীয় পরিচয় ছিল। তাহলে আড়াই বছর পুলিশ কী তদন্ত করল? তদন্তে অভিযোগের সত্যতা না পেলে কাউকে বাদ দেওয়া ভিন্ন বিষয়। কিন্তু এই মামলায় একদিকে পুলিশ বলছে, সাক্ষ্য-প্রমাণ পেয়েছে ১৩ আসামির বিরুদ্ধে। আবার বলছে, নাম-ঠিকানা না পাওয়ায় তাঁদের অব্যাহতি দেওয়া হোক। এটি স্ববিরোধী বক্তব্য। বিষয়টি তামাশা ছাড়া আর কিছু নয়। আড়াই বছরে লুট হওয়া ২০টি গুলিও উদ্ধার করতে পারেনি। তাই পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করা হলে আদালত ১৩ আসামিকে অব্যাহতির জন্য পুলিশের করা সুপারিশ নাকচ করে দিয়েছেন। একই সঙ্গে মামলা দুটি তদন্তের জন্য পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, গত বছরের জুলাই মাসে মামলাটির অভিযোগপত্র আদালতে জমা দেন তদন্ত কর্মকর্তা। তখনই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন দেওয়া হয়। এরপর কয়েকটি তারিখ ধার্য থাকলেও শুনানি হয়নি।
২০১২ সালের ১৮ নভেম্বর পাঁচলাইশ থানাধীন বিপণিকেন্দ্র সানমার ওশান সিটির সামনে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের মিছিল থেকে হামলা হয় পুলিশবাহী গাড়িতে। ওই সময় বায়েজিদ বোস্তামী থানার গাড়িটি দামপাড়া পুলিশ লাইন পেট্রল পাম্পে তেল আনতে যাচ্ছিল। হামলাকারীদের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হন। নুরুল ইসলাম নামের আনসার সদস্যের ২০ রাউন্ড রাইফেলের গুলিও লুটের অভিযোগ আনা হয়।
এই ঘটনায় ওই দিন রাতে বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) নাছির উদ্দীন বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের ধারায় পাঁচলাইশ থানায় পৃথক দুটি মামলা করেন। মামলার তদন্ত করেন পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন।
তদন্ত শেষে হালিশহর থানায় সদ্য বদলি হওয়া এসআই আকরাম হোসেন ৬৩ জনের বিরুদ্ধে আদালতে দুটি অভিযোগপত্র জমা দেন গত বছরের জুলাই মাসে। ১৩ জনের নাম ঠিকানা না পাওয়ায় তাঁদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ১১ জনকে অন্তর্ভুক্ত করা হয়।