পুলিশের টাকা আত্মসাৎ করল পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের টাকা আত্মসাতের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তাও ২৫ বছর আগের ঘটনা। অথচ এখনো ঝুলে আছে বিচার। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ ঘটনা ঘটে। বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. আতাউর রহমানের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে। এই দীর্ঘ সময়ে ১৫ জন সাক্ষীর মধ্যে মাত্র দুজনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
মামলার আসামিরা হলেন জেলা পুলিশ সুপার কার্যালয়ের হিসাবরক্ষক নাসির উদ্দিন, তাঁর সহকারী মানিক ধন বড়ুয়া, কনস্টেবল এ জেড এম মনিরুজ্জামান ও কনস্টেবল হুমায়ুন কবির।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের সরকারি কৌঁসুুলি (পিপি) মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, জেলার তৎকালীন ১৪টি থানা থেকে খরচ না হওয়া অর্থ জেলা পুলিশ সুপার কার্যালয়ে ফেরত আসে। এ অর্থ কোষাগারে জমা না দিয়ে আসামিরা পরস্পর আত্মসাৎ করেন। সাক্ষীদের হাজির করে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষ তৎপর রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ১৯৮৮ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত জেলার ১৪টি থানা থেকে খরচ না হওয়া অর্থ ফেরত এলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের হিসাবরক্ষকসহ চারজন আত্মসাৎ করেন। এর মধ্যে নাসির ৩৮ হাজার ৮৯৩ টাকা, মানিক ধন বড়ুয়া দুই হাজার ৬৮৬ টাকা, কনস্টেবল এ জেড এম মনিরুজ্জামান ৩৬ হাজার ৩২৫ টাকা এবং কনস্টেবল হুমায়ুন কবিরের বিরুদ্ধে দুই হাজার ৬৯৮ টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলা হয়। এর আগে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) শাহ জামান রাজকে সভাপতি করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তেও আসামিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। পরে ১৯৯৪ সালে সাবেক সহকারী পুলিশ সুপার সদর হোসেন আহম্মেদ খান বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক ফেরদৌসি আহসান অভিযোগপত্র দাখিল করেন আসামিদের বিরুদ্ধে। বর্তমানে এ মামলায় দুজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। গত বুধবার এ মামলায় বর্তমানে অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক শাহ জামান রাজসাক্ষ্য দেন।