চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ ও জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে পুষ্টিবিষয়ক এক কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।গত ২৮ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৌমিত্র দাশগুপ্তের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলম। প্রধান অতিথি বলেন, গত দুই দশকে বাংলাদেশে স্বাস্থ্যখাতে আশাব্যঞ্জক উন্নতি হয়েছে। দেশের সব জনগোষ্ঠীকে পুষ্টি বিষয়ে আরও বেশি করে সচেতন করে তুলতে পারলে মা ও শিশুসহ সবাই পুষ্টিহীনতা থেকে রক্ষা পাবে। এ ব্যাপারে চিকিৎসকসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এতে আরও বক্তব্য দেন গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক, চন্দনাইশ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিয়াজুল হক জসীম, দোহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী ও ডা. ফারজানা কালাম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. শাহিন হোসেন চৌধুরী।