রেসিপি
পুষ্টিভরা মজার খাবার
শিশুদের খাবারে স্বাদ ও পুষ্টি দুটিই থাকতে হয়। কিশোর–কিশোরীরাও এখন ঝুঁকছে ভিন্ন ধরনের খাবারে। পরিচিত উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় নতুন কোনো পদ। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম
রুটির মচমচে টোস্ট
উপকরণ: পাউরুটি ৮ টুকরা, ময়দা পৌনে ১ কাপ, চিনি ১ টেবিল চামচ, চিজ ২ টেবিল চামচ ও তেল ভাজার জন্য।
প্রণালি: পাউরুটির প্রতিটি টুকরার চারপাশের বাদামি অংশ কেটে নিন। এবার ৬ টুকরা পাউরুটির প্রতিটি ২ বা ৪ ভাগে কেটে রাখুন। বাকি ২ টুকরা ছোট ছোট করে টুকরা করে নিন। ময়দা, চিনি, চিজ ও সামান্য পানি দিয়ে মিশ্রণ তৈরি করুন। পাউরুটি মিশ্রণে ডুবিয়ে নিন। এরপর ছোট ছোট টুকরা করা পাউরুটিতে জড়িয়ে নিন। ডুবো তেলে দুই পাশ বাদামি করে ভাজুন।
সবজি চিংড়িতে ডিমসাম
ডোয়ের উপকরণ: ময়দা দেড় কাপ, লবণ পরিমাণমতো, ফেটানো ডিম একটি।
পুরের উপকরণ: চিংড়ি (মাঝারি) ১০টি, চিংড়ি পেস্ট আধা কাপ, বরবটিকুচি ৩ টেবিল চামচ, গাজরকুচি ৩ টেবিল চামচ, ফুলকপি মিহিকুচি ১ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, কাঁচা মরিচ মিহিকুচি ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ ও তেল ১ চা-চামচ।
প্রণালি: ময়দা, লবণ, পানি ও ডিম মেখে ডো তৈরি করে নিন। ছোট ছোট রুটি তৈরি করে রাখুন। মাঝারি আকারের চিংড়িতে সামান্য সয়া সস ও লেবুর রস মেখে রাখুন। বাকি সয়া সস, চিংড়ি পেস্ট, সবজিকুচি ও অন্যান্য উপকরণ একসঙ্গে মিশিয়ে রুটির ভেতরে ঢুকিয়ে ওপরে একটি চিংড়ি দিয়ে দিন। ডিমসাম তৈরি করে ভাপে সেদ্ধ করুন।
সবজি পুরে টরটিলা
উপকরণ: সেদ্ধ আলু (চটকানো অথবা ছোট টুকরা করা) ৩টি, গাজর (টুকরা করা) ২টি, সবুজ মটর আধা কাপ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, চিনাবাদাম ২ টেবিল চামচ, মিষ্টি জিরা ১ চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচকুচি ১ টেবিল চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ ও তেল ১ টেবিল চামচ।
টরটিলার উপকরণ: ময়দা দেড় কাপ, লবণ সামান্য, তেল ১ চা-চামচ।
প্রণালি: ময়দার সঙ্গে তেল, লবণ ও পরিমাণমতো পানি দিয়ে ডো তৈরি করুন। রুটি বেলে তাওয়া বা প্যানে ছেঁকে রাখুন, তেলে মিষ্টি জিরা ও বাদাম ভেজে বাকি উপকরণ দিয়ে নাড়ুন। এবার বাকি উপকরণ দিয়ে নাড়ুন। কয়েক মিনিট পর চুলা থেকে নামিয়ে নিন। রুটির ভেতর সবজি পুর ঢুকিয়ে পছন্দমতো ভাঁজ করে নিন।
ওটস ওয়েজেস
উপকরণ: আলু (মাঝারি) ৩টা, ময়দা ৩ টেবিল চামচ, কন৴ফ্লাওয়ার ১ টেবিল চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ওটস ১ কাপ ও তেল ভাজার জন্য।
প্রণালি: আলুর খোসা ফেলে লম্বা টুকরা (৮টি) করে নিন। আলুর টুকরা হালকা করে সেদ্ধ করে নিতে হবে। পানি ঝরিয়ে লবণ মেখে রাখুন। ময়দা, কর্নফ্লাওয়ার, মরিচগুঁড়া, টমেটো সস, লবণ ও অল্প পরিমাণে পানি দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। সেদ্ধ আলু মিশ্রণে ডুবিয়ে ওটসে গড়িয়ে নিন। এবার ডুবো তেলে ভেজে নিন।
চিকেন সসেজ ফ্লাওয়ার
উপকরণ: মুরগির সসেজ ৪টি, ডিম ১টি, ময়দা ২ টেবিল চামচ, ব্রেড ক্রাম্ব ১ কাপ, শাশলিক কাঠি ৮টি, কাঁচা মরিচ, গাজর ও ফয়েল পেপার পরিবেশনের জন্য।
প্রণালি: সসেজের দুই পাশে দুটি শাশলিক কাঠি আটকিয়ে মাঝখান বরাবর কেটে নিন। এবার প্রতিটি সসেজ লম্বা করে ছয় টুকরা করুন। তবে লক্ষ রাখবেন, নিচের অংশ যেন কেটে না যায়। এবার ফুল আকারে কাটা সসেজগুলো ময়দায় গড়িয়ে নিন। ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে জড়িয়ে নিন। ডুবো তেলে ভাজুন। কাঁচা মরিচের ফুল ও গাজরের টুকরা কাঠির ভেতর ঢুকিয়ে শাশলিক কাঠিটি ফয়েল দিয়ে মুড়িয়ে নিন। সসের সঙ্গে পরিবেশন করুন।