পুড়ছে ইট পুড়ছে শ্রমিকের শরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্যের তাপে শুকায় কাঁচা ইট, আর তা তৈরি করতে ঘামে ভিজে যায় শ্রমিকের শরীর। সেই ইট দিয়ে ওঠে দালান। কিন্তু ইট তৈরির কারিগরদের অনেকের ঘরই নেই। পেটের দায়ে জীবনের ঝুঁকি নিয়ে এ কাজ করেন তাঁরা। অথচ পান না ন্যায্য পারিশ্রমিক। সেসব কথা লিখেছেন মাইনউদ্দিন হাসান। বিস্তারিত প্রতিবেদনেগামছায় বাঁধা মাথার ঝাঁকড়া চুল, মুখে এক গোছ দাড়ি, হালকা-পাতলা শরীরটা যে হাড়ভাঙা পরিশ্রমে গড়া সে সাক্ষ্য দিচ্ছে। সময়ের মতোই ব্যস্ত তিনি। নাওয়া-খাওয়ার হিসাব নেই। শুধুই কাজ। কে আসছেন, কে যাচ্ছেন—সে দিকেও খেয়াল নেই। হাত দুটি চলছে সমানে। পাকমিল থেকে আসছে মিশ্র মাটির ট্রলি, সেই মাটি মাটিতে পড়তে না পড়তেই ফর্মায় (ইটের মার্কা ও আকারের বাক্স) ঢুকিয়ে দিচ্ছেন, তৈরি হচ্ছে কাঁচা ইট। একেকটা ইট তৈরিতে লাগছে বড়জোর এক মিনিট। বলছিলাম ইটভাটার কারিগর মোহাম্মদ মনিরের (৪০) কথা। এভাবে প্রতিদিন এক হাজার ২০০ থেকে দেড় হাজার ইট তৈরি করেন মনির। তাঁর মতো আরও ২৫-৩০ জন সমানতালে কাজ করেন। সূর্যের তাপে শুকিয়ে শক্ত হচ্ছিল একেকটি ইট আর একই তাপে ভিজে যাচ্ছে কারিগরদের শরীর। গত বুধবার সকালে পেকুয়ার টৈটংয়ের এমপিএম ভাটায় দেখা গেল ইট তৈরির মহাযজ্ঞ। ইটের আর এক কারিগর মোহাম্মদ হানিফ জানান, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবসু গ্রামের ২১ জন শ্রমিক এই ভাটায় কাজ করেন। একই গ্রামের মোহাম্মদ হোসেন মাঝির মাধ্যমে তাঁরা চুক্তিবদ্ধ হয়েছেন।বাঁশখালীর কাতারিয়া ইউনিয়নের বাঘমারার ২২ জন ও পেকুয়া সদর ইউনিয়নের বাগগুজারা গ্রামের ২৩ জন শ্রমিক ভাটায় কাজ করছেন। মাটি কাটার জন্য আছেন ৪০-৫০ জন। শ্রমিকেরা জানান, পাঁচটি ধাপ পেরিয়ে একটি ইট তৈরি হয়। প্রথমে বিশাল মাটির স্তূপে (ভাটার ভাষায় গারাইয়া) কোদাল চালানো হয়। পানি দিয়ে নরম করা হয় মাটি। দ্বিতীয় ধাপের কাজ তবলাদের (মাটি মিশ্রকারী)। তাঁরা বেলচা দিয়ে মাটিকে ভালোভাবে মিশিয়ে (মিশ্র) তুলে দেন হাকমালিদের। হাকমালিরা তা পাকমিলে ইটের উপযুক্ত করে চোয়াওয়ালাদের (ট্রলি) হাতে তুলে দেন। তাঁরা পৌঁছে দেন কারিগরের কাছে। কারিগরেরা সেই মাটি ঢোকান ফর্মায় আর বের করেন ইট। এরপর সারি সারি ইট রোদে শুকানো হয়। সেই ইটভাটায় শ্রম দেন আরেকদল শ্রমিক। ভাটার ভাষায় ওই দলের নাম রেজা। রেজা আবার দুই ধরনের—কাঁচা ও পাকা। ভাটায় ঢোকান কাঁচা রেজা আর বের করেন পাকা রেজা। ১১-১২ বছর ধরে ইটভাটায় কাজ করেন লক্ষ্মীপুরের রামগতির মোহাম্মদ হারুন (৩৫)। শুরুতে গারাইয়ার কাজ করতেন। এখন অভিজ্ঞতা বেড়েছে, তাই তবলাওয়ালা। তবলাওয়ালাদের মজুরি বেশি। এ বছর কত টাকা চুক্তিতে এসেছেন জানতে চাইলে হারুন বলেন, ‘৪০ হাজার ট্যাকা লইছি। বউ-পোলারে ৩০ হাজার টাকা দিই আইছি। হে ট্যাকা দিয়া সাত মাস চইলতো অইব।’ তিনি আরও বলেন, ‘আমরা তবলাওয়ালারা ঠিক না থাকিলে ভাটার বারোটা বাজিব। তাই আমাদের সকাল-বিকাল দোকানত খাওয়ায় মাঝি। সাপ্তাহিক বাজারের দিন ১০০ ট্যাকা কইরা দেন।’ এ পেশায় ঝুঁকি কেমন? ‘ভাই এ হতা কাইরে বলুম। ঝুঁকি থাইকলো মেলান দূরে বউ-পোলা ফেলাই আইসা কাজ করছি।’ বড় একটা নিঃশ্বাস ফেলে বলেন হারুন। পাশেই ছিলেন মনির আহমদ (২৫)। তিনি পেট দেখিয়ে বললেন, ‘দ্যাখেন, ঝুঁকি-টুকি বুঝি না পেট পালতে হবে।’ তাঁর মতে, ‘ভাটার কাজ নিয়ে উদ্বিগ্ন থাকতে হয়। এখানে মাঝিরা সবসময় কাজ আদায় করার জন্য পাগল থাকেন।’এঁদের মতো কাজের জন্য পরিবার-পরিজন ছেড়ে লক্ষ্মীপুর ও নোয়াখালীর চরাঞ্চলের হাজার হাজার অভাবী মানুষ কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানের ইটভাটায় কাজ করতে আসেন। ঝুঁকি নিয়ে প্রচণ্ড পরিশ্রম করলেও ন্যায্য মজুরি পাননি তাঁরা। তবে ভাটামালিকেরা বর্ষা মৌসুমে অভাবের সময় অগ্রিম টাকা দেন, এটা তাঁদের কাজে আসে। সে কারণে সব কষ্ট মেনে নেন। গত বুধবার এমপিএম ইটভাটায় অনেক চেষ্টার পর চার-পাঁচজন কথা বলতে রাজি হলেন। ইটভাটার মালিক মোহাম্মদ সাহাবউদ্দিনও শ্রমিকদের উদ্দেশে বললেন, ‘তোমরা একটু ওনাকে সহযোগিতা কোরো।’বাঁশখালীর জামাল উদ্দিন (৩৭) চাচার হাত ধরে এ পেশায় এসেছিলেন, এখন তিনি মাঝি। বললেন, ‘ভাটার মালিক থেকে সাড়ে ছয় লাখ টাকা নিয়ে পুরো মৌসুম কাজ করার চুক্তি করেছেন। এ টাকা কাজ অনুযায়ী শ্রমিকদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।’