কয়লার জন্য উখিয়ার বনাঞ্চলে ব্যাপক হারে পোড়ানো হচ্ছে বনের গাছ। ফলে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। ধ্বংস হচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল।বন বিভাগ সূত্রে জানা যায়, উখিয়া উপজেলায় প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে বনাঞ্চল রয়েছে। একসময় এসব বনাঞ্চলে বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ ছিল। ভয়ংকর বন্যপ্রাণীও ছিল। তখন ভয়ে কেউ বনের ভেতরে যেত না। কিন্তু কাঠ পাচারকারীদের থাবায় বনাঞ্চল ধীরে ধীরে বৃক্ষশূন্য হয়ে গেছে। আর এখন কয়লার জন্য বনের গাছ পোড়ানো হচ্ছে।সরেজমিনে দেখা যায়, মাইদ্যাভিটা ও কাশেম মিয়ার পাতার চর এলাকায় শতাধিক নারী-পুরুষ ও শিশুর ১০-১২টি দল বিভিন্ন পথে বনে ঢুকছে। এদের হাতে ছিল দা, কুড়াল, খালি বস্তা, বালতি, জগ, থালা ও সুতাসহ নানা সরঞ্জাম। ঘণ্টাখানেকের মধ্যে এরা বনের চারাগাছ, বড় বড় গাছের গোড়ালি, ডালপালা কেটে কয়েকটি স্থানে জড়ো করে। সংগ্রহ করা এসব কাঠ ও লাকড়ি স্তূপ করে সেগুলোতে আগুন দেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা পর পানি দিয়ে আগুন নিভিয়ে কয়লাগুলো মাটিচাপা দেয় তারা। এরপর বাজারে বিক্রির জন্য আগের দিন মাটিচাপা দেওয়া কয়লা তুলে বস্তায় ভরে নিয়ে যায়। এদের মধ্যে দলপ্রধান মোহাম্মদ আলম (৫৫), ফকির আহমদ (৪৫), সোনা মেহের (৪০), মরিয়ম খাতুন (৩৫) ও মো. আবদুল্লাহ (৩৭) জানান, পরিবার নিয়ে বেঁচে থাকার তাগিদে প্রতিদিন সীমাহীন কষ্ট স্বীকার করে বনে এসে কাঠ পুড়িয়ে কয়লা বানান তাঁরা। আর এগুলো বাজারে বিক্রি করে তাঁদের সংসার চলে। এঁদের মতো উখিয়ার দেড় সহস্রাধিক পরিবার এভাবে গাছ পুড়িয়ে কয়লা বিক্রির পেশায় জড়িত বলে তাঁরা জানান। উখিয়ার কোটবাজার, মরিচ্যা বাজার, পালংখালী বাজার, দারোগা বাজার, সোনারপাড়া বাজারে কয়লার হাট বসে। এসব কয়লা বাসাবাড়িতে, শালকর ও চায়ের দোকানে ব্যবহার করা হয়। প্রতিবস্তা কয়লা বিক্রি হয় ১৮০-২০০ টাকায়। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, বনে এভাবে আগুন জ্বালানোর ফলে মাটির নিচে কেঁচোসহ উর্বর সহায়ক বিভিন্ন প্রাণী মারা পড়বে। ধ্বংস হবে জীববৈচিত্র্য। স্বাভাবিকভাবে বনে বিভিন্ন প্রজাতির গাছ ওঠার ক্ষমতা হ্রাস পাবে। ফলদ ও বনজ গাছের বীজ নষ্ট হয়ে যাবে।কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম রফিকুল ইসলাম বলেন, ‘বনাঞ্চলে আগুন দিয়ে এভাবে কাঠ পোড়ানোর ফলে বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। ফলে পরিবেশ ও বায়ুদূষণ হয়ে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে।’ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শাহজালাল জানান, বনাঞ্চলে কাঠ পোড়ানোর সময় কিছুদিন আগে দোছড়ি এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু চুলা নষ্ট করা হয়। এ সময় লাকড়ি ও কয়লা উদ্ধার করা হয়। তিনি বলেন, ‘উখিয়া রেঞ্জে জনবলসংকট রয়েছে। তাই বিস্তীর্ণ বনাঞ্চলে প্রতিদিন অভিযান চালানো সম্ভব হয়ে ওঠে না।’ কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বিপুলকৃষ্ণ দাশ বলেন, ‘এ ব্যাপারে পুলিশ ও পরিবেশ অধিদপ্তরেরও দায়িত্ব রয়েছে। বন বিভাগে লোকবলসংকট, তারপরও বনাঞ্চলে কাঠ পোড়ানো বন্ধ করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।’