ফটিকছড়ি উপজেলার বৃন্দাবনহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ১০ জন। এতে ব্যবসায়ীদের অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের উত্তর পাশের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। হঠাত্ আগুনের লেলিহান শিখা দেখে চারপাশের লোকজন এগিয়ে আসেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই অগ্নিকাণ্ডে একের পর এক ২৩টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে রাত সাড়ে ১২টায় পার্শ্ববর্তী হাটহাজারী উপজেলার দমকল বাহিনী এসে একটা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে আসবাব, ওষুধ, বেকারি, সেলুন, চা-দোকান ইত্যাদি। আগুন নেভাতে গিয়ে স্থানীয় মো. কামাল উদ্দিন, জাহাঙ্গীর, আহামদ গণি, ফারুক, সরওয়ার, আনোয়ার, সামসু, অমল, নাসিরসহ ১০ ব্যক্তি আহত হন। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং স্থানীয় চিকিত্সকদের কাছ থেকে চিকিত্সা নিয়েছেন তাঁরা। আহত কামাল উদ্দিন বলেন, ‘আগুনে আক্রান্ত বেকারির ভেতর দুই কর্মচারী ঘুমানো অবস্থায় ছিল। প্রাণপণ চেষ্টা করে তাদের উদ্ধার করতে পেরে আহত হওয়ার কষ্ট ভুলে গিয়েছি।’ এ ব্যাপারে হাটহাজারী দমকল বাহিনীর ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা পুলক কান্তি সরকার বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকা হতে পারে।’ ফটিকছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দমকল বাহিনীর সদস্যদের সহায়তা করেছে বলে জানা গেছে।