পূজা বাঁধ ভেঙেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূজা সেনগুপ্ত
পূজা সেনগুপ্ত

আমার প্রিয় ছাত্রী পূজা বর্তমানে নাচ ও সংস্কৃতির অঙ্গনে নিজের একটা স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। প্রায়ই পত্রিকায় ওর কথা পড়ি, অনেকের কাছে ওর কাজের প্রশংসা শুনি; ও বাংলাদেশে নাচের ক্ষেত্রে নিজস্ব একটা ধারা তৈরি করেছে; শিক্ষক হিসেবে এটা আমার জীবনের অন্যতম পাওয়া।
পূজার সবচেয়ে সুন্দর সৃষ্টি ওয়াটারনেস। প্রযোজনাটির মূল আকর্ষণ এর ভাবনা। রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের লেখা নৃত্যনাট্য নয় এটি; সম্পূর্ণ নতুন ভাবনা; কল্পনা ও বাস্তব সত্যের সংমিশ্রণে যে গল্প দেখানো হয়েছে, তার মধ্য দিয়ে উঠে এসেছে গুরুদেবের জীবন ও কর্ম; আর তার জীবনে প্রভাব ফেলা তিনজন নারী। নিজেদের মেধা আর পরিশ্রমের বলে রবীন্দ্রনাথের সৃষ্টি নিয়ে কাজ করেও আলোচিত হয়েছেন ওয়াটারনেস-এর লেখক ধীমান ভট্টাচার্য ও নির্দেশক পূজা সেনগুপ্ত। এটা নিঃসন্দেহে অনেক বড় অর্জন।
সৃষ্টিশীল কাজের অর্থ খুঁজতে যাওয়া এক বিড়ম্বনা; তবু কিছু মুহূর্তের কথা না বললেই নয়; কাদম্বরী দেবীর আত্মহত্যার দৃশ্যে দোলনার ব্যবহার ভালো লেগেছে, মৃত্যু জীবনের সবচেয়ে বড় সত্য আর তাই মৃণালিনী মৃত্যুর আগে হয়ে ওঠে বিশাল; ডুবে যায় তার দেহতরী সেই বিশালতার মাঝে; মুহূর্তগুলো গড়ে তোলার ক্ষেত্রে মুনশিয়ানার পরিচয় দিয়েছে নির্দেশক পূজা। ওয়াটারনেস দেখে প্রথমে মনে হয়েছিল এটা থিয়েটার; আমি নাচের মানুষ, নাচটা বেশি খুঁজেছি। পরক্ষণেই মনে হলো, প্রযোজনাটির নকশাই এমন; নাচ, থিয়েটার, কবিতা, ছবি—এসবের মধ্যকার দেয়ালগুলো মিলিয়ে দেওয়া হয়েছে, সব মিলেমিশে একাকার হয়ে তৈরি হয়েছে এক নতুন পারফরম্যান্সের; পূজা এর নাম দিয়েছে ‘ডান্স থিয়েটার’। আমাদের সাহিত্য আর সংস্কৃতির প্রতিফলন হয়েছে এতে। তাই একে বাংলাদেশি ডান্স থিয়েটার বললে কেমন হয়? তবে নাম যা-ই হোক, পূজা বাঁধ ভেঙেছে। পূজার নৃত্যভাবনা ও নির্দেশনায় রেসুলিউশন নামের আরেকটি নাচ দেখছিলাম, নাচ ও কোরিওগ্রাফিতে প্রযুক্তির এমন ব্যবহার দেখে মুগ্ধ হলাম।
এই মুগ্ধ হওয়া আমার জন্য নতুন কিছু নয়। ওর নাচের হাতেখড়ি আমার হাতেই; আমার তত্ত্বাবধানেই ২০০০ সালে পূজা আরেঙ্গাত্রম করেছে, যা ছিল বাংলাদেশের দ্বিতীয় আরেঙ্গাত্রম। আমার এখনো মনে আছে সেদিনের কথা, শিক্ষক হিসেবে নিজের উপযুক্ত ছাত্রীকে তার প্রথম আনুষ্ঠানিক একক মঞ্চ পরিবেশনার জন্য দর্শকের সামনে তুলে ধরার অনুষ্ঠানের নাম আরেঙ্গাত্রম; টানা দেড় ঘণ্টা ধরে ১০টি ভরতনাট্যম নাচ পরিবেশন করেছিল পূজা। মঞ্চে সে বরাবরই আত্মবিশ্বাসী, ব্যক্তিগত জীবনে বাধ্য ও বিনয়ী হলেও, কাজের ব্যাপারে ও ভীষণ জেদি ও পরিশ্রমী, একবার যেটা মনে মনে ঠিক করবে, সেটা করেই ছাড়বে; ওর এই জেদটা আমার ভীষণ ভালো লাগত।
আমার নির্দেশনায় চিত্রাঙ্গদা, চণ্ডালিকা দুটো নৃত্যনাট্যেই ওকে প্রধান চরিত্রে নির্বাচন করেছিলাম; ওর নাচ দেখে সবাই যখন উচ্ছ্বসিত প্রশংসা করত, খুব ভালো লাগত; চরিত্র নির্বাচনে আমি কখনোই কোনো পক্ষপাত করিনি; পূজা সত্যিই এর যোগ্য ছিল; নাচের পাশাপাশি পড়াশোনায় ভীষণ মেধাবী ছিল; আমি কোনো দিন ভাবিনি পদার্থবিজ্ঞানে এত ভালো একাডেমিক ক্যারিয়ার ছেড়ে পূজা নাচকে পেশা হিসেবে বেছে নেবে।
পূজা যেদিন আমাকে বলল যে আইসিসিআর বৃত্তি নিয়ে ভারতে নাচের ওপর স্নাতকোত্তর করতে যাচ্ছে, আমি অবাক হয়েছিলাম, কিন্তু গত দেড় বছরে কোরিওগ্রাফার পূজার কাজ, ভাবনা আর সাহস দেখে আমি আশ্বস্ত হয়েছি। তুরঙ্গমী রেপার্টরি ডান্স থিয়েটার নামে নাচের একটি সংগঠন দাঁড় করিয়েছে ও। পূজার কাছেই শুনলাম, ও নিজের সব নাচের একটা নাম দেয় এবং নাচের মাধ্যমে একটা গল্প বলার চেষ্টা থাকে; অনামিকা সাগরকন্যা প্রযোজনাটি অত্যন্ত উদ্ভাবনী শক্তিসম্পন্ন একটি কাজ, কাজী নজরুল ইসলামের ‘অনামিকা’, জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ আর রবীন্দ্রনাথের ‘স্বপ্ন’ কবিতার মালবিকাকে নিয়ে যে দৃশ্যকল্প তৈরি হয়েছে; ভাবনা, নকশা আর নির্দেশনার দিক দিয়ে সৃজনশীলতার নিক্তিতে পূজা সেখানে শতভাগ সফল; এতে নাচ, পোশাক, মঞ্চ ও আলোক পরিকল্পনায় অভিনবত্ব ছিল, বনলতা সেনকে মিসরের পিরামিডের সামনে রেখে নিরীক্ষা করার ভাবনা নিঃসন্দেহে প্রশংসনীয়; সেখানে বেলি ডান্সের ব্যবহার ভালো লেগেছে; আরেকটু সাহস করে মধ্যপ্রাচ্যের যে অংশটুকু আছে, সেটা পুরোটাই বেলি ডান্সে করলে হয়তো আরও ভালো হতো।
ওর প্রতিভা নিয়ে আমার কোনো দিনই সন্দেহ ছিল না; কিন্তু প্রতিভার একটা যন্ত্রণা থাকে। আশা করি, পূজা সেটা সামলাতে পারবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ও যেন নিজের কাজ আর বিশ্বাসে অটল থাকে; এভাবেই আঘাত করতে থাকে অসার রীতিনীতির শৃঙ্খলকে। শিক্ষক হিসেবে পূজাকে বলব, নাচের প্রতি যেভাবে ও নিজেকে নিবেদন করেছে, তা যেন অটুট থাকে চিরদিন, আমাদের চারপাশে নানা প্রলোভনের হাতছানি, যা প্রতিনিয়ত আমাদের নিজের সংকল্প থেকে বিচ্যুত করতে চায়; এই বিচ্যুতির গ্রাস থেকে যেন নিজেকে মুক্ত রাখতে পারে।
আমি পূজা এবং তার পরিশ্রম ও যত্নে গড়া সংগঠন তুরঙ্গমীর সাফল্য কামনা করি।