পূজামণ্ডপে আধুনিকতা ও শিকড়ের টান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবর্তনের স্রোতে ভেসে যাচ্ছে চারপাশ। পরিবর্তন চলন-বলনে, মনে ও মগজে, রাজনীতি-সমাজনীতিতে। উৎসব-পার্বণ উদ্যাপনেও পরিবর্তন। সেই পরিবর্তনের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে নগরের দেবী দুর্গার মণ্ডপের সজ্জায়ও। বদলে যাওয়ার এই হাওয়ায় ভেসে ভেসে অতি আধুনিকতার দিকে টান যেমন, তেমনি শিকড়ের দিকে ফেরার প্রবণতাও ছিল কোথাও কোথাও।শহরের বাঁকে বাঁকে স্বপ্নদৃশ্য। কল্পনাকে হার মানানো সব আয়োজন। জনতার স্রোত এসব স্বপ্নিল সাজসজ্জার দিকে। হাজারি গলির পূজামণ্ডপটিতে ঢুকতেই একটি ঘোরের মধ্যে পড়ে যেতে পারেন আপনি। নীলাভ প্রবেশপথে পা রাখতেই মনে হবে গুহার মুখে আপনি। আঁকাবাঁকা সরু পথটি আপনাকে নিয়ে যাবে সমুদ্রের তলদেশে। কীভাবে! নীলনদের নীল জলের তলদেশের দৃশ্যটি একবার নিজে নিজে কল্পনা করুন। তারপর মিলিয়ে নিন।এদিক-সেদিক শামুক-ঝিনুকের ছড়াছড়ি। শৈবাল জাতীয় জলজ উদ্ভিদ, ছোট-বড় হরেক রকমের মাছ দেখে মনে হতে পারে, এ তো আকাশ সংস্কৃতির কল্যাণে দেখা সেই পরিচিত দৃশ্য। আগ্রহ বেড়ে গেল তো। এবার আরেকটু ভালো করে তাকিয়ে দেখুন, যত্রতত্র ছড়িয়ে রয়েছে প্রবাল। স্বপ্নের আরও বাকি আছে। এবার একটু মঞ্চের সামনের দিকে তাকান। বড় বড় তিমি ও হাঙর ঘুরে বেড়াচ্ছে খাদ্যের সন্ধানে। আর সমুদ্রের তলদেশের রহস্য ভেদ করতে ব্যস্ত ডুবুরিরা।উৎসুক বালকেরা বলেই ফেলল, ‘আরে, এ তো ডিসকভারিতে দেখা সেই দৃশ্য! ওই যে অক্টোপাসও দেখা যাচ্ছে।’ প্রবাল, শামুক, ঝিনুকের পাশ দিয়ে বিশাল প্রস্তরখণ্ড ফুঁড়ে সপরিবারে বের হয়ে আসেন দেবী দুর্গা। অনেকটা পিতলের রঙে গড়া ওরিয়েন্টাল আবরণের এই প্রতিমা পরিবেশের সঙ্গে মানানসই। স্বপ্নপুরী থেকে বের হওয়ার পথটিও আরেকটি নিলাভ গুহা।এভাবে মণ্ডপসজ্জা দেখার জন্য যেতে পারেন দক্ষিণ নালাপাড়া, সতীশবাবু লেন, পাথরঘাটা পাঁচবাড়ি, গোসাইলডাঙ্গা ইত্যাদি পূজামণ্ডপে। দক্ষিণ নালাপাড়ার প্রতিমার প্রশংসা করতেই হয়। ছোট আকৃতির, কোনো প্রকার বাহুল্য নেই তাতে। সতীশ বাবু লেনে দেবী দুর্গা ও তাঁর ছেলেমেয়েদের বাহনগুলো ফুটিয়ে তোলা হয়েছে বৈদ্যুতিক বাতিতে। তাদের মণ্ডপটি করা হয়েছে ভূত, পেতনি, রাক্ষস ইত্যাদির সমন্বয়ে।তবে আধুনিকতার মাঝেও শিকড়ের গন্ধ পেতে চাইলে আপনাকে একবার কুসুমকুমারী বালিকা উচ্চবিদ্যালয়ে সিটি করপোরেশনের পূজাটি দেখতে হবে। বিশাল বট বা অশ্বত্থগাছকে ঘিরে যেভাবে গড়ে ওঠে মঠ ও মন্দির—এখানে গেলে তার ছোঁয়া পাওয়া যাবে। গাছটির ছায়ায় মূল প্রতিমা বসানো হয়েছে। গাছের কাণ্ড বেয়ে নেমে আসছে একটি আস্ত অজগর। অন্য পাশে ডালে বসে আছে একটি লক্ষ্মী পেঁচা। গাছের দু-তিনটি বড় বড় কাণ্ড ছড়িয়ে পড়েছে বিভিন্ন দিকে। তার ছায়াতে অন্য প্রতিমাগুলো রাখা হয়েছে। সেখানেও ছোট-বড় নানা উদ্ভিদ।তবে সবকিছু ছাপিয়ে গেছে মণ্ডপটির আচ্ছাদন, যেন আকাশের লক্ষ তারা জ্বলছে এখানে-ওখানে। আছে মেঘের ওড়াউড়ি। আর সেই বট-অশ্বত্থের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে মহাসপ্তমীর বাঁকা চাঁদ।