পূজায় আনন্দ হোক, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র চার দিন পর বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিমাশিল্পীরা এর মধ্যেই দুর্গামূর্তি তৈরির কাজ শেষ করেছেন, এখন চলছে শেষ মুহূর্তের রং–তুলির টান। একদিকে পাড়ায় পাড়ায় উৎসবের মঞ্চ নির্মাণের কাজ যেমন চলছে, তেমনি শিশু-কিশোরেরা নতুন জামা-কাপড়ের গন্ধ শুঁকতে শুঁকতে অপেক্ষা করছে সেই আনন্দমুখর দিনটির জন্য। সব মিলিয়ে একটা সাজ সাজ রব যেন। উৎসবকে বরণ করার জন্য আকুল প্রতীক্ষা হিন্দু নর-নারীরা। তবে ধর্মীয় আচার পালনের বিষয়টি বাদ দিলে এ উৎসব হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবারই। তাই বলা হয়, ‘ধর্ম যার যার উৎসব সবার’।
এ কথা সত্য, দেশের সবচেয়ে বেশিসংখ্যক পূজামণ্ডপ তৈরি হয় চট্টগ্রামে। সংখ্যার দিক থেকে যেমন, আয়োজনের বৈচিত্রে্যর দিক থেকেও তেমনি এ অঞ্চলের পূজার উৎসবের পরিধি অনেক বড়। এ বছর শুধু মহানগরে পূজামণ্ডপ তৈরি হচ্ছে ২০৬টি। বৃহত্তর চট্টগ্রামের হিসাব নিলে এ সংখ্যা যে বহুগুণ বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই।
আগেই বলেছি, এটি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। তাতে আনন্দের কোনো ঘাটতি থাকুক, কেউই তা চাইবেন না। কিন্তু আনন্দের পাশাপাশি শৃঙ্খলার বিষয়টিও মাথায় রাখতে হবে আয়োজকদের। আমার আনন্দ যেন কোনোভাবেই আমার প্রতিবেশীর জন্য কষ্টকর হয়ে না ওঠে, সেদিক মাথায় রাখতে হবে। এ প্রসঙ্গে প্রথমেই মাথায় রাখতে হবে মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহারের বিষয়টি। চার দিনের পূজায় প্রতিদিনই যদি বিরতিহীন মাইক বাজতে থাকে, তাতে শব্দদূষণ যেমন ঘটে, তেমনি অসুস্থ বা পরীক্ষার্থীদের জন্য তা হয়ে দাঁড়ায় চরম ভোগান্তির বিষয়। তাই মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা দরকার। মহানগর পুলিশের পক্ষ থেকে মাইক ব্যবহারের সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে রাত ১২টা পর্যন্ত। এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলা উচিত। এ ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে মহানগর পূজা উদ্যাপন পরিষদ। তারা প্রতিটি পূজা কমিটিকে নিয়মশৃঙ্খলার ব্যাপারে কিছু নির্দেশনা দিতে পারে। যেমন: মাইক ব্যহারের সময়সীমা মেনে চলা, মাইকে আজেবাজে বাংলা বা হিন্দি গান বাজিয়ে পূজার ভাবগাম্ভীর্য নষ্ট না করা, আরতির সময় হইহুল্লোড় বা উচ্ছৃঙ্খলতা না করা, পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও অতিথিদের, বিশেষ করে নারীদের ব্যাপারে লক্ষ রাখা ইত্যাদি। প্রতিমা বিসর্জনের দিন নদী-সমুদ্র বা যেকোনো জলাশয়ের দিকে যাত্রার ব্যাপারটিও সুশৃঙ্খলভাবে করতে হবে। মনে রাখা দরকার, যেকোনো ছোটখাটো উসকানি থেকে যদি কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব ঘটে, তা হবে হরিষে বিষাদের মতো। তাই কোনোভাবেই পূজার আনন্দ যেন মাটি না হয়, সেদিকে লক্ষ রাখা সবাই দায়িত্ব।
পূজার উৎসব সবার অংশগ্রহণে আনন্দময় হয়ে উঠুক—এই কামনা।