পূজার আনন্দে...
অভিনয়শিল্পী অপর্ণা ও গানের মানুষ সন্দীপন। শত ব্যস্ততার মধ্যেও শারদ উৎসবে চট্টগ্রামে আসা চাই–ই। ছোটবেলায় কেমন কাটত পূজা; এখন কীভাবে কাটে? এ নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে

সেলফির যন্ত্রণায় মণ্ডপেই যাওয়া হয় না
অপর্ণা
পূজায় ছোটবেলার আনন্দটা বেশি। ওই মজা আর কখনো মনে হয় পাওয়া যাবে না। ষষ্ঠী থেকে দশমী চার দিনই মহা আনন্দে কাটাতাম। আমাদের বাড়ি শহরের দক্ষিণ নালাপাড়ায়, পূজা মানেই সে এক অন্য রকম আয়োজন। শুরুর দিন পাড়ার মণ্ডপে ঘুরতাম। সপ্তমী ও অষ্টমী তোলা থাকত বাইরের মণ্ডপের ঠাকুর দেখার জন্য। বাবার সঙ্গে বেরিয়ে পড়তাম। এ-মণ্ডপ ও-মণ্ডপ ঘোরাঘুরি, কোনো ক্লান্তি ছিল না। প্রতিমা বিসর্জনের দিন চলে যেতাম পতেঙ্গা সমুদ্রসৈকতে। অভিনয়জীবন শুরুর আগে এভাবেই পূজা কাটাতাম। এখন তা সম্ভব হয় না। আগে অষ্টমীর দিন কৈবল্যধামে ঠাকুর দেখতে যাওয়া ছিল নির্ধারিত। এখন যেতে পারি না। শুধু কৈবল্যধাম নয়, বড় কোনো মণ্ডপেই ঠাকুর দেখা হয় না। গেলেই সবাই ঘিরে ধরে। সেলফি তোলার জন্য অস্থির হয়ে যায়। সেলফির যন্ত্রণায় মণ্ডপেই যাওয়া হয় না। তা ছাড়া কেনাকাটা নিয়েও পড়তে হয় বিপাকে। হাতে একদম সময় থাকে না। দেখা গেল ষষ্ঠীর আগের দিনও শুটিং করতে হয়। তাই ঈদের সময় কিছু কেনাকাটা করে রাখি।
তবে পূজা এলেই ছোটবেলার একটি স্মৃতি আমাকে নাড়া দেয়। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় একবার অষ্টমীর দিন কুমারী পূজায় আমাকে কুমারী সাজানো হয়েছিল। সবাই আমাকে পূজা দিয়েছে। মনে হয়েছে আমিই দুর্গা হয়ে গেছি। সেই অনুভূতি ভোলার নয়।

দলবেঁধে ঠাকুর দেখার মজাই অন্য রকম
সন্দীপন
আমাদের বাড়ি রাউজানের সুলতানপুরে হলেও বেড়ে ওঠা পাথরঘাটায়। সেখানে তো দুর্গাপূজা মানে বিশাল আয়োজন। ছোটবেলায় পাঁচবাড়ির পূজামণ্ডপ দেখার জন্য মুখিয়ে থাকতাম। প্রতিবছর কোনো না কোনো ব্যতিক্রম থাকত এই মণ্ডপে। তখন চট্টগ্রাম শহরে এত বড় আয়োজনে খুব কম পূজা হতো। ফলে সবার আগ্রহ থাকত পাঁচবাড়ির মণ্ডপ দেখার জন্য। তা ছাড়া পূজা ষষ্ঠী থেকে শুরু হলেও উৎসবের আমেজ চলে আসত আরও সপ্তাহ খানেক আগে। মণ্ডপে প্রতিমার গায়ে রংতুলির আঁচড় পড়লেই যেন উৎসবের শুরু। প্রতিদিন আসা-যাওয়া করতাম মণ্ডপে। নজর রাখতাম কোন দিন প্রতিমার চোখ আঁকা হবে। চোখ আঁকার পর অপলক চেয়ে থাকতাম। এই বুঝি মর্ত্যে এলেন মা দুর্গা। পূজার শুরু থেকে নবমী পর্যন্ত বন্ধুরা মিলে দলবেঁধে ঠাকুর দেখতে যেতাম। সেই মজাই অন্য রকম।
এদিকে আমার গ্রামের বাড়িতেও পূজার আনন্দ ছিল বেশ। পাড়ায় পাড়ায় ঘুরে মণ্ডপ দেখা, গান করা কত কিছুই না করেছি! কিন্তু এখন নিজের সেই আনন্দ যেন হারিয়ে গেল অন্যদের মধ্যে। শ্রোতাদের অানন্দ দিয়ে কাটে পূজার দিনগুলো। তবে আশা রাখছি পূজায় চট্টগ্রামে আসব। কারণ, প্রতিবারই আসা হয়েছে। এবার পূজায় আমার বাড়তি যোগ—‘জয় মা দুর্গা’ শিরোনামে একটি গান করেছি। গানটির কথা লিখেছেন অশোক চৌধুরী ও সুর করেছেন অসীম চন্দ বাপ্পী।
অনুলিখন : আশরাফ উল্লাহ