
সিংহের পিঠে দেবী দুর্গা। প্রসারিত দশ হাতে খড়্গ, ত্রিশূল। অন্যদিকে অসুরের রুদ্রমূর্তি। দেবী দুর্গাকে আক্রমণের চেষ্টা—একটি নয়, কোথাও দুটি, কোথাও তিনটি অসুর। আর দুর্গা একে একে বধ করে চলেছে অসুরকুল।
প্রতিমাশিল্পীদের হাতে এভাবেই ধরা দিয়েছে এবারের দুর্গাপ্রতিমা। এক অসুরের প্রচলিত ধারা ভেঙে একাধিক অসুর–সংবলিত প্রতিমা তৈরি করছেন শিল্পীরা।
পূজার ঢাক বাজল বলে। বাকি মাত্র আট দিন। ১৯ অক্টোবর থেকে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। প্রতিমায় এখন পড়ছে শেষ মুহূর্তের রংতুলির আঁচড়।
পূজা উদ্যাপন পরিষদের কর্মকর্তারা জানান, এবার চট্টগ্রাম নগরে ২৯৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজার সার্বিক প্রস্তুতি নিয়ে ব্যস্ত প্রতিটি মণ্ডপ।
এদিকে পূজার সময় প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন নগর পুলিশের কর্মকর্তারা।
প্রতিমাশিল্পীদের কারখানা থেকে মণ্ডপ—সব জায়গায় জোরেশোরে চলছে পূজার প্রস্তুতি। নগরের সদরঘাটের তপন পাল ও বিমল পাল এবার ৩৫টি প্রতিমা তৈরি করছেন। নগর ছাড়াও বিভিন্ন উপজেলায় গিয়ে ১০টি প্রতিমা বানাচ্ছেন তাঁরা। তাঁদের প্রতিমার এবারের বৈশিষ্ট্য একাধিক অসুর।
বিমল পাল বলেন, ‘গত বছর এক অসুর ব্যবহার করেছিলাম। এবার প্রতিটি প্রতিমায় একের অধিক অসুর ব্যবহার করছি। তিনটি করে অসুর ব্যবহার করছি চারটি প্রতিমায়। বাকি সব কটিতে থাকবে দুটি করে অসুর।’

অসুরের সংখ্যা সমাজে বেড়ে গেল কি না এমন প্রশ্নে মুচকি হাসলেন বিমল।
তাঁদের এই প্রতিমাগুলো নগর ও উপজেলার বিভিন্ন মণ্ডপে যাবে। এবার সর্বোচ্চ ১ লাখ ১০ হাজার টাকা দিয়ে সাতকানিয়ায় একটি প্রতিমা তৈরি করছেন বলে জানালেন বিমল। ওই প্রতিমায়ও একাধিক অসুরের ব্যবহার রয়েছে।
সদরঘাটের আরেক প্রতিমাশিল্পী অমর পালও প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাঁর কারখানায় ১৮ জন শিল্পী কাজ করছেন। তাঁরা ৩০টির বেশি প্রতিমা বানাচ্ছেন বলে জানান অমর পালের সহযোগী শান্তি পাল।
সরেজমিনে দেখা গেছে, শিল্পীরা রংতুলির কাজে ব্যস্ত সময় পার করছেন। কিছু প্রতিমা কাজ শেষে নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপে।
এদিকে পূজার সার্বিক প্রস্তুতি নিয়ে পুলিশ এবং পূজা উদ্যাপন পরিষদের নেতাদের সঙ্গে গত বৃহস্পতিবার বৈঠক হয়েছে। সেখানে ২২৯টি মণ্ডপে নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়। এর মধ্যে ১০৫টি মণ্ডপকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে প্রতিটিতে ১০ জন করে পুলিশ-আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত করার সিদ্ধান্ত নিয়েছে নগর পুলিশ।
মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রত্নাকর দাশ বলেন, নগরে ২৯৮টি পূজামণ্ডপ হবে। তবে কিছু ঘরোয়া পূজামণ্ডপ নিরাপত্তা তালিকার বাইরে রয়েছে। ২২৯টিতে পুলিশ নিরাপত্তা দেবে। গতবারের চেয়ে এবার মণ্ডপ বেড়েছে আটটি।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান জানান, সাধারণ মণ্ডপে পাঁচজন ও গুরুত্বপূর্ণ মণ্ডপে সাতজন করে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। এ ছাড়া থাকবে র্যা ব ও সাদা পুলিশের তৎপরতা।
নগর পুলিশের কমিশনার আবদুল জলিলের সঙ্গে পূজা পরিষদের বৈঠকে ‘হ্যালো ওয়ার্ল্ড’ নামে একটি কমিউনিকেশন প্রতিষ্ঠানের নম্বরও দেওয়া হয়েছে। কোনো মণ্ডপে সমস্যা হলে ০৯৬৬৭৭১১৭৭ নম্বরে ফোন করে অভিযোগ জানানোর কথা বলা হয়েছে।