ঘড়িতে বাজে সকাল সাড়ে ১০টা। বাইরে মায়ের চেঁচামেচিতে ঘুম ভাঙল। উঠতে গিয়ে দেখি, আমার ওপর আরও দু-তিনজন। হাত-পা ছড়িয়ে অঘোরে ঘুমোচ্ছে। নিচে নামতেই দেখি, দাদা গড়াতে গড়াতে একেবারে বিছানার নিচেই ঢুকে গেছে। পুজোর সময় আমাদের ঘুমের কায়দা এমনই। একঘরে ১০-১২ জন গাদাগাদি। প্রতি রাতে আমাদের হাসির শব্দে আশপাশের লোকজন ঘুমাতে পারত না। সকালে উঠেই তাই অবধারিতভাবে শুনতে হয় মায়ের বকুনি। প্রতিবার পুজোর সময় মামা, মাসি, বড়দি, দাদু, দিদা—সবাই এসে হাজির হতো আমাদের বাড়িতে। আর আমরা ছিলাম ১২ জন আড্ডাবাজ। ভাইবোন, মামা, মাসি মাত্র কয়েক বছরের ছোট বড় সবাই। সন্ধ্যা থেকে শুরু হতো আর সারা রাত চলত আমাদের হাসি, ঠাট্টা গল্প আর লুডো খেলার আসর। সকালে ঘুম থেকে উঠে দিদি আর মাসির মন থাকত বেজার। কারণ, দুজনে এক হয়ে খেলেও দাদাকে হারাতে পারত না। তাই বিকেলে বসে আবার সব পরিকল্পনা চলত কীভাবে দাদাকে হারানো যায়। আর সঙ্গে থাকত চা, মুড়ি, শিঙাড়া। গল্পে পুরো বিকেলটা জমে যেত। সপ্তমীতে হতো মেহেদি দেওয়ার মজা। দিদিরা ছিল একেকজন রীতিমতো চিত্রশিল্পী। সে সময় প্রায় প্রতি সন্ধ্যায় চলত বৌদির বাসায় হানা। সেবার বৌদি রাতের খাবার রান্না করছে খিচুড়ি আর মুরগির মাংস। খবর পেয়ে গেলাম, খুব সুকৌশলে চলল আমাদের অপারেশন। রান্না সবে শেষ অমনি আমরা সবাই হাজির। আর কি দু-মিনিটে হাঁড়ি পরিষ্কার। অষ্টমীতে ছিল দাদার পালা। সবাই মন্দির থেকে ফেরার সময় দাদা খাওয়ান যার যা ইচ্ছা। আর আমরাও সুযোগের সদ্ব্যবহার করতাম। আমাদের পুজো দেখার সময় ছিল রাত নয়টা থেকে দুটো পর্যন্ত। দশমীর পরদিন প্রণামিতে সবাই থাকতাম বিশাল টেনশনে। কে কত প্রণামি পাবে, তা-ই হতো আলোচনার বিষয়। সেবার ঠিক হলো ১০০ টাকা থেকে শুরু করে বয়স অনুযায়ী কমবে—ব্যস, আর কি, আমি পেলাম সবার কম। তারপর সেই টাকায় বিকেলে চলল পিকনিক। তখন অবশ্য ভাগ সবার সমান হতো। এমনিভাবেই কাটত আমাদের পুজো। এরপর কেটে গেছে কয়েক বছর। পুজো এসে চলে গেল আবারও। জীবন থেকে আরও একটি বছরের বিদায়। দিনগুলো ফিরিয়ে আনা সম্ভব হবে না জানি। কিন্তু স্মৃতিগুলো জীবন্ত হয়ে ফিরে আসে বারবার। কড়া নাড়ে মনের দরজায়। মন ভরে যায় সেই বিদায় বেলা। চোখের জলে চেয়ে থাকা আগামী পুজোর অপেক্ষায়। সেই বিকেলের চায়ের আড্ডা, সেই রাত জাগা সময়গুলো, খোলা উঠানে বসে গানের আসর—হ্যাঁ, তোমাদেরই বলছি—ফিরিয়ে আনা যায় কি পুরোনো সেই দিনগুলো? অরিজিত বিশ্বাস ফরিদপুর