পূজার দিনেও মাঠের তাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকেশ্বরী মন্দিরে লিটন দাস ও সৌম্য সরকার। পোশাক: রঙ, ছবি: কবির হোসেন, কৃতজ্ঞতা: ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ
ঢাকেশ্বরী মন্দিরে লিটন দাস ও সৌম্য সরকার। পোশাক: রঙ, ছবি: কবির হোসেন, কৃতজ্ঞতা: ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ

দূর থেকে ভেসে আসে ঢাকের আওয়াজ। ঢাকের তালে কোমর দোলে ঢুলির। মণ্ডপে দেবীর নৈবেদ্য নিয়ে হাজির শত মানুষ। চারদিকে উৎসবমুখর পরিবেশ! এমন দিনে কি পড়ে পড়ে ঘুমানো যায়! পড়িমরি করে ঘুম থেকে উঠে চোখে-মুখে পানি ছিটিয়েই দেন ছুট! সময় ফুরিয়ে যাওয়ার আগেই যেতে হবে পূজামণ্ডপে।
শৈশবের পূজার স্মৃতি আওড়ান লিটন দাস। সঙ্গে পার্থক্য খুঁজে ফেরেন বর্তমানের। এখনো দ্রুতই ঘুম ভাঙে। তবে তাড়া থাকে কেবলই মাঠে যাওয়ার। জাতীয় দলের এ ক্রিকেটার বলেন, ‘খেলার ব্যস্ততার কারণে গত দুই-তিন বছর ঠিকমতো পূজা উদ্যাপন করতে পারছি না। আসলে দেশে কিংবা পরিবারের সঙ্গে না থাকলে পূজার আমেজটা ঠিক বোঝা যায় না।’
সৌম্য সরকারের ক্ষেত্রেও অনেকটা একই অভিজ্ঞতা। খেলার ব্যস্ততা তো আছেই, যোগ হয়েছে আরেকটি বিষয়। যেখানেই যান, জড়ো হয়ে যায় মানুষ। স্বস্তিতে মণ্ডপে যাওয়া কঠিনই হয়ে পড়েছে। মাস খানেক আগে তাঁদের সঙ্গে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে বোঝা গেল ব্যাপারটা। সৌম্য অবশ্য এগুলো স্বাভাবিকভাবেই নেন। হাসিমুখে ভক্ত-সমর্থকদের আবদার মেটান। বলেন, ‘মানুষের আশীর্বাদ ছাড়া সামনে এগোনো যায় না। তাঁরা আমাকে পছন্দ করেন বলেই তো কাছে আসেন। ছবি তুলতে চান। অটোগ্রাফ নিতে চান।’
শারোদৎসবে চলে আসবে ফ্যাশনের ব্যাপারটিও। একটা সময় সৌম্যের পছন্দের তালিকায় প্রাধান্য পেত জিনস-শার্ট কিংবা টি-শার্ট। এখন সেখানে যোগ হয়েছে পাঞ্জাবি। দেবীদর্শন কিংবা পারিবারিক আয়োজনে পাঞ্জাবি পরতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন জাতীয় দলের এ বাঁহাতি ব্যাটসম্যান। লিটনের অবশ্য জিনস, শার্ট কিংবা টি-শার্টই প্রধান পছন্দ। বললেন, ‘পাঞ্জাবি খুব একটা পরা হয় না। জিনস, টি-শার্টই বেশি পরি।’ পূজার সময় সৌম্য-লিটনের ঘোরাঘুরিটা হয় ভালোই। দুজনের বেশির ভাগ সময়ই কাটে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিয়েই। সৌম্যের পূজা উদ্যাপন হয় সাধারণত দুই জায়গায়। নিজ শহর সাতক্ষীরায় ও আশাশুনি উপজেলার মহিষাডাঙা গ্রামে।

পূজা উদ্‌যাপন বেশ উপভোগ করেন দুজনই
পূজা উদ্‌যাপন বেশ উপভোগ করেন দুজনই

লিটনের কেবলই দিনাজপুর শহরে। প্রতিবছর বড় পরিসরে পূজার আয়োজন হয় দিনাজপুরের রায় সাহেব বাড়িতে। বন্ধুবান্ধবের সঙ্গে সেখানে যান লিটন। তবে অষ্টমী ও নবমীতে ঘুরতে বের হন বাবা-মায়ের সঙ্গে।
পূজা নিয়ে এবার ভাবনা কী? অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হলেও রয়েছে ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা। দুজনই ব্যস্ত থাকবেন ক্রিকেট নিয়ে। কদিনের ছুটিতে সৌম্যর অবশ্য যাওয়ার কথা রয়েছে সাতক্ষীরায়। সৌম্যর কাছে এবারের পূজার আলাদা একটা তাৎপর্যও রয়েছে। তাঁদের মহিষাডাঙার বাড়িতে পূজা আয়োজন করা হচ্ছে পারিবারিকভাবেই। পারিবারিক পূজায় তো থাকবেনই; সৌম্য যাবেন বারোয়ারি তথা সর্বজনীন পূজাতেও।
তবে খেলার ব্যস্ততায় এবার নিজ শহর দিনাজপুরে যেতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে লিটনের। অবশ্য এ নিয়ে বিষণ্ন নন, বরং মুখে মিষ্টি হাসি নিয়ে বললেন, ‘পূজা মানেই অন্য রকম আনন্দ। দিনাজপুরের পূজা ভীষণ মিস করব। তবে যেখানেই থাকি, চেষ্টা করব উৎসবটা ভালোভাবে কাটাতে।’