পূজার নিমন্ত্রণে...
পূজার আয়োজনের অনেকটাজুড়ে আছে রান্নাবান্না। অতিথির পাতে খিচুড়ি, লুচি-লাবড়া, পায়েস আর ছোটদের কোঁচা ভরে মোয়া, সন্দেশ, নাড়ু না দিতে পারলে আর পূজা কিসের? অভিনয়শিল্পী জয়শ্রী করের কথাই ধরুন। ছোটবেলায় পূজার সময় মা তিন বোনকে সন্দেশ বানাতে দিতেন। চলত প্রতিযোগিতা—কে কত দ্রুত সন্দেশ বানাতে পারেন। আর সন্দেশ তৈরির ফাঁকে কতগুলো যে মুখে পুরে দিতেন টুপ করে, তার আর হদিস থাকত না। হাসি-ঠাট্টা আর খাবারের আয়োজনে কেটে যেত পূজা। এভাবেই পূজার স্মৃতিচারণা করলেন তিনি।এই পূজায় আপনার আয়োজনে থাকুক এমনি সব মজার খাবার। নিজ হাতে বানিয়ে এই খাবারগুলোর রেসিপি পাঠকের জন্য দিয়েছেন জয়শ্রী কর।মোয়াউপকরণ: আখের গুড় ১ কেজি। চেলে বেছে নেওয়া খই, মুড়ি অথবা ভাজা চিড়া আধা কেজি।প্রণালি: গুড় জ্বাল দিয়ে ক্রমাগত নেড়ে আঠা আঠা করে নিন। আঠা হলে তা আলাদা ঝাঁকায় রাখা খই, মুড়ি, কিংবা ভাজা চিড়ায় ঢেলে দ্রুত কাঠি দিয়ে নেড়ে মাখান। গোল করে পাকিয়ে মোয়া বানিয়ে নিন।গুড়ের সন্দেশউপকরণ: নারকেল ১টি, আখের গুড় ১ পোয়া, সন্দেশের ছাঁচ, চেঁছে ধুয়ে রাখা নারকেলের মালা।প্রণালি: গুড় ও নারকেল অল্প পানিতে মাখিয়ে চুলায় দিতে হবে। অল্প আঁচে ক্রমাগত নেড়ে খয়েরি করুন। তারপর নারকেলের মালা দিয়ে পিষে নিন। একপর্যায়ে নারকেল কড়াই থেকে উঠে আসবে। তখনই দ্রুত ছাঁচে ফেলে সন্দেশ বানিয়ে নিন। বাতাসে রেখে শুকান।চিনির সন্দেশউপকরণ: ১টি নারকেল মিহি করে বাটা, ১ পোয়া চিনি, এলাচির গুঁড়া, অল্প ঘন দুধ, সন্দেশের ছাঁচ ও চেঁছে ধুয়ে রাখা নারকেল মালা।প্রণালি: এলাচির গুঁড়া ছাড়া সব উপকরণ মাখিয়ে অল্প আঁচে চুলায় বসান। শুকিয়ে এলে এলাচির গুঁড়া দিয়ে দিন। আরও শুকিয়ে আঠা হয়ে এলে নারকেলের মালা দিয়ে পিষে নিন। একপর্যায়ে নারকেল কড়াই থেকে উঠে আসবে। তখনই দ্রুত ছাঁচে ফেলে সন্দেশ বানাতে হবে। তারপর বাতাসে রেখে শুকাতে হবে।নিরামিষ খিচুড়িউপকরণ: ছোলার ডাল ২ মুঠ, মুগডাল ও পোলাওর চাল আধা পোয়া করে, কিশমিশ, নারকেলের চিকন টুকরা আধা কাপ, আদাবাটা, জিরা-হলুদ-মরিচগুঁড়া ১ চা-চামচ করে, তেল, লবণ, ঘি, কাঁচা মরিচ, তেজপাতা, চিনি, গোটা জিরা, এলাচি ও দারচিনি।প্রণালি: ছোলার ডাল হালকা সেদ্ধ করে নিন। মুগডাল ভেজে নিন। চাল-ডাল আলাদা ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। তেল ও ঘি একসঙ্গে গরম করে নিন। তাতে এলাচি, দারচিনি, গোটা জিরা দিয়ে ডাল কষান। একটু কষিয়ে সব মসলা দিন। কিছুক্ষণ কষিয়ে চাল দিয়ে ভাজুন। ভাজা ভাজা করে তাতে গরম পানি দিয়ে লবণ, চিনি ও কাঁচা মরিচ ফালি করে দিন। খিচুড়ি হয়ে এলে ঘি ছড়িয়ে দিয়ে দমে রাখুন।কাউনের পায়েসউপকরণ: দেড় লিটার দুধ, আধা কাপ কাউনের চাল, তেজপাতা, এলাচি, দারচিনি, হরেক রকম বাদামভাজা, কিশমিশ ও চিনি।প্রণালি: চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। বাদামভাজা আধভাঙা করে নিন। দুধে তেজপাতা, এলাচি ও দারচিনি দিয়ে জ্বাল দিয়ে ঘন করে ১ লিটারের মতো করে নিন। এরপর কাউনের চাল দিন। সেদ্ধ হলে কিশমিশ দিয়ে কষিয়ে চিনি ও বাদাম দিন। কিশমিশ ছড়িয়ে নামান।লুচিউপকরণ: ময়দা, লবণ, তেল ও গরম পানি।প্রণালি: ময়দা লবণ ও গরম তেল দিয়ে মেখে নিতে হবে। তার পর হালকা গরম পানি দিয়ে আরেকটু মথে নিন। লেচি কেটে ওপরে-নিচে ও ডানে-বাঁয়ে বেলুন। রুটির মতো আটা দেওয়া বা ঘোরানো যাবে না। চুলায় তেল গরম করে মাঝারি আঁচে ভেজে নিন।আলুর দমউপকরণ: আলু আধা কেজি, আদাবাটা, জিরা-হলুদ-মরিচের গুঁড়া ১ চা-চামচ করে, তেজপাতা, টমেটো পিউরি বা সেদ্ধ টমেটোর শাঁস ৩টা, কিশমিশবাটা ১২টা, কাঁচা মরিচ, লবণ, তেল, চিনি, গোটা জিরা, এলাচি, দারচিনি ও গোটা কিশমিশ।প্রণালি: আলু হালকা সেদ্ধ করে বড় টুকরা করে নিন। তেলে হালকা ভেজে তুলে নিন। সেই তেলেই গোটা জিরা, এলাচি, দারচিনি একটু ভেজে টমেটো পিউরি ও কিশমিশ নেড়ে নিন। এবার তাতে তেজপাতা, আদাবাটা, মরিচ, জিরা, হলুদ, কিশমিশবাটা ও লবণ দিয়ে হালকা পানির ছিটা দিয়ে কষিয়ে নিন। মসলা কষে তেল ওপরে উঠে এলে আলু ছেড়ে দিন। নেড়ে গরম পানির ছিটা দিয়ে কষান। এবার কাঁচা মরিচ দিন। আলু যেন গলে না যায়। হালকা চিনি ছড়িয়ে মাখা মাখা করে নামান।ছোলা ডালউপকরণ: ছোলার ডাল ১ কেজি, নারকেলের টুকরা ১ টেবিল-চামচ, হলুদ-জিরা-মরিচগুঁড়া ১ চা-চামচ করে, আদাবাটা, কাঁচা মরিচ, গোটা জিরা, চিনি, লবণ ও তেল।প্রণালি: ছোলা এক রাত জলে ভিজিয়ে রাখুন। রান্নার আগে অল্প হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করুন। একটু সেদ্ধ হলে অন্যান্য মসলা ও কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিন। নারকেলের টুকরা আলাদা করে ভেজে ডালে ছাড়ুন। গোটা জিরা ভেজে তেলসহ ফোড়ন দিন। হালকা চিনি দিয়ে ডাল নামান।