
আজ অনেক দিন পরে আবার ঝড় উঠেছে মনের মাঝে। ভাবনাগুলোকে উল্টেপাল্টে স্মৃতিগুলো এমনভাবে মনের ভেতরে জটলা পাকিয়েছে যে কীভাবে কোনটা দিয়ে শুরু করব কিছুই জানি না। মনে পড়ে, সেদিন অনেক ভিড়ের মধ্য থেকে তাকে দেখেছিলাম, একটি কাঠের পিঁড়িতে বসে মুখখানি পানপাতার মাঝে লুকিয়ে ধীরে ধীরে ছায়ামণ্ডপের দিকে এগিয়ে আসছে। গল্পের প্রয়োজনে সম্পর্কটা লুকিয়ে গল্প লিখলে হয়তো গল্পটা বাহবা পাবে কিন্তু আমার ভেতরের মানুষটা যে সব সময় আমাকে ছল-প্রতারকের উপমায় সাজিয়ে কটাক্ষ করবে। তাই আজ বলেই দিলাম, আমি যার স্মৃতিকে জাগিয়ে গল্প লিখতে বসেছি, সে হলো আমার চন্দনা বৌদি। সেদিন বৌদির বিয়ের সাক্ষী হিসেবে আকাশের চাঁদ, তারা, গ্রহ, নক্ষত্র, ছায়ামণ্ডপের আগুন, শত শত মানুষ আর এসবের ভিড়ে আমিও ছিলাম।
মাঝে মাঝে বৌদি পূজার ফুল তুলতে আমাদের বাসায় আসত, আমি জানালার ফাঁক দিয়ে লুকিয়ে দেখতাম। একদিন ধরা পড়ি এই লুকোচুরির খেলায়। সেদিন পৃথিবীর সমস্ত লজ্জা আমার ওপর ভর করেছিল। কোনো বরফের ওপর সূর্যের আলো পড়লে যেভাবে গলে শেষ হয়ে যায়, আমারও ঠিক সেভাবে গলে যেতে ইচ্ছে করছিল। অথচ এই বরফগলা মনের মাঝে বৌদি নিজেই নিজেকে এমনভাবে জমাট বাঁধিয়ে দিল যে সূর্যরশ্মির সমস্ত তাপেও সেটা আমার মাঝে অক্ষত হয়ে থাকল। বৌদির সঙ্গে ভালোই ভাব জমল। ধীরে ধীরে বৌদি তার সমস্ত কষ্টের স্মৃতি আমার সঙ্গে ভাগ করতে লাগল। আমিও মনোযোগ দিয়ে শুনতাম।
বৌদি একদিন বলল, ‘জানো রুদ্র, আমি তখন অনেক ছোট। সে সময় আমার বাবা মারা যান, তখন আমি কাঁদতে জানতাম না, আর মা মারা যান তার ঠিক দশ বছর পরে, তখন কাঁদতে জানতাম কিন্তু কেন জানি কাঁদতে পারিনি।’ এরপর মামার কাছেই থাকি। হঠাৎ করেই বৌদি জড়তা ভাঙিয়ে বলে উঠল, ‘আমার এক মামাতো বোন আছে নাম সরলা, খুব শান্ত, তোমার সাথে ভালো মানাবে। এবার এলে ওকে নিয়ে আসব।’ আমি থতমত খেয়ে বললাম, না না, থাক না বৌদি, আমার এসব ভালো লাগে না। বৌদি হেসে হেসে বলল, ‘অত লাজুক ছেলে আমার পছন্দ না বুঝলে। ভগবান বুঝি তোমাকে ভুল করে ছেলে বানিয়েছে। বাসায় গিয়ে একটা শাড়ি পাঠিয়ে দিচ্ছি, সেটা পরে রুমে বসে থাকো।’ আমি আবারও লজ্জায় গলে যাচ্ছিলাম। বৌদি আবার আমার হৃদয়ে জমাট বাঁধল।
বৌদির অনুপস্থিতিতে তাকে নিয়ে কল্পনায় কত কী যে ভাবতাম অথচ কাছে এলে মুখের পেশি আর নড়ত না, কিন্তু হৃৎকম্পন এতটাই বেড়ে যেত! এই বুঝি কলজেটা বেরিয়ে আসবে।
এভাবে কবে যে বৌদি তার প্রেমের তির আমার হৃদয়ে বিঁধিয়েছে বুঝতেই পারিনি। সব ঠিকঠাক চলছিল।
কিন্তু হঠাৎ করে বৌদির জীবনের গল্পে একটা শোকের ছেদ পড়ল। বৌদির স্বামী বাস অ্যাকসিডেন্টে ‘স্পটডেড’ হয়। সেদিন লাশটার পাশে বৌদি তার দুই বছরের মেয়েকে জড়িয়ে ধরে এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে ছিল। বৌদি কাঁদেনি। এরপর বৌদি তার মেয়েকে নিয়ে মামার বাসায় চলে যায়। সেই ছিল শেষ দেখা। দুই বছর হলো, আমিও বাড়ির বাইরে দিনাজপুরে পড়ালেখার জন্য আছি। বৌদির মুখে শুনেছিলাম, এই শহরেই নাকি তার জন্ম, তাই শহরটাকে খুব আপন মনে হয়।
পরদিন ভাইরোলজি পরীক্ষা। ফোনটা বন্ধ করে পড়ছিলাম। ফোন অন করেই খবর পেলাম, বৌদির লাশটা দুই ঘণ্টা আগে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে।
সেদিন বিয়েবাড়িতে অনেক ভিড় ঠেলে যে মুখটা দেখতে হয়েছিল, কে জানত আজ আমার সমস্ত ভাবনায়, কল্পনায়, স্মৃতিতে, বইয়ের সমস্ত পাতায় সেই চন্দনসজ্জিনী মুখটি বারবার জীবন্ত হয়ে উঠবে। আজ আমিও কাঁদতে ভুলে গেছি। কাল পরীক্ষা হয়তো দেওয়া হবে না। জীবনের পরীক্ষায় অনেক আগেই ফেল করেছি। তাই অন্য কোনো পরীক্ষায় পাস করার ইচ্ছে বা সামর্থ্য— কোনোটাই আজ আমার মাঝে নেই...
ষষ্ঠী পোদ্দার
ময়মনসিংহ।