পূজার বাজার জমেছে
নগরের বিপণিকেন্দ্রগুলো (শপিং সেন্টার) এখন জমজমাট ক্রেতার ভিড়ে। সামনে দুর্গাপূজা, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। তাই শেষমুহূর্তের কেনাকাটায় ব্যস্ত হিন্দুরা। বাবার সঙ্গে মিমি সুপার মার্কেটে পূজার বাজার করতে এসেছে পূজা চক্রবর্তী। ‘কী কিনলে পূজার জন্য?’ এ প্রশ্নে হাসিতে ভরে ওঠা মুখ নিয়ে বলল, ‘আমি এবার সোহানা কিনেছি।’ সোহানা? এটা আবার কী? হ্যাঁ, গত বছরের মতো এবার কিছু পোশাক বাজারে এসেছে, নাম দেওয়া হয়েছে প্রতিবেশী দেশের চ্যানেলগুলোর ধারাবাহিক নাটকের চরিত্রগুলোর নামে। কথা হয় বিপণিবিতানের (নিউমার্কেট) ঝিনুক বুটিকসের স্বত্বাধিকারী মো. মুজিবুল হকের সঙ্গে। তিনি জানান, ‘এবার পূজার জন্য মেয়েদের একদম নতুন কিছু পোশাক এসেছে। এত দিন তেমন বিক্রি ছিল না, কিন্তু গত শনিবার থেকে বিক্রি কিছুটা বেড়েছে। আশা করছি, পূজায় বেশ ভালোই বিক্রি হবে।’ আকাশি, সাবেরিয়া, অক্টোপাস, বেহেনা, নিবেদিতা ইত্যাদি বাহারি নামের সালোয়ার-কামিজের দাম দুই হাজার ৫০০ থেকে সাত হাজার টাকার মধ্যে। মসলিন, নেট, ব্রাশোজাতীয় কাপড়ও বিক্রি হচ্ছে বলে জানালেন বিক্রেতারা। বর্তমানে বিভিন্ন বিপণিকেন্দ্র ছাড়াও বড় বড় অনেক দোকানে পূজার কেনাকাটা জমেছে বলে ক্রেতা-বিক্রেতারা জানালেন। একই ছাদের নিচে সব প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়—এ ধরনের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেশি। নগরের দেওয়ানজীপুকুর পাড়ের অর্ণবেও দেখা গেল বেশ ভিড়। শাড়ি, সালোয়ার-কামিজ, শার্ট, পাঞ্জাবি, বাচ্চাদের পোশাক থেকে শুরু করে গয়না-প্রসাধন পাওয়া যাচ্ছে এখানে। যে কারণে ক্রেতাদের কেনাকাটার জন্য বেশি জায়গায় ঘুরতে হচ্ছে না। অর্ণবে শাড়ি কিনতে এসেছেন দীপিকা সেনগুপ্তা। তিনি বলেন, ‘এখানে পূজা উপলক্ষে বেশ ভালো শাড়ি এসেছে। আমি দুই হাজার টাকা দিয়ে একটা জামদানি শাড়ি কিনেছি।’ কথা হয় অর্ণবের স্বত্বাধিকারী গোপাল কৃষ্ণজীর সঙ্গে। তিনি বললেন, পোশাক বিক্রির জন্য বিক্রেতারা মনগড়া নাম দিয়ে দেন। এতে ক্রেতারা আকৃষ্ট হন। সাধারণত পূজা উপলক্ষে প্রতিবেশী দেশ থেকে কিছু ডিজাইনের কাপড় প্রতিবছর আসে। এবারও ব্যতিক্রম হয়নি। জামালখানের বিগবাজারে এবার দুধরনের বিশেষ শাড়ি এসেছে। একটি বেনারসি দাম ২৮ হাজার টাকা এবং অপরটি রাজস্থানী দাম ৪৭ হাজার টাকা। গহনা বিভাগের কর্মকর্তা কৃষ্ণা পাল জানান, ‘এখানে গহনা, জুতা, ব্যাগসহ নানা রকম প্রসাধনও পাওয়া যায়।’গতবারের মতো এবারও মাসাককলি বাজার মাতাচ্ছে বলে জানান বিক্রয়কর্মীরা। বাচ্চাদের পোশাক নিয়ে আরেক কর্মকর্তা দোলন সেন বলেন, ‘এবার পূজা উপলক্ষে সানিয়া মির্জা, কনক, মি. খান নামের পোশাকগুলো বেশ চলছে।’ তিনি আরও বললেন, ‘বিগবাজারে ‘এ’ থেকে ‘জেড’ সবকিছু পাওয়া যায়। তাই ক্রেতাদের ভিড় থাকে সবসময়।’ বিক্রেতারা নতুন পোশাকের কথা বললেও ক্রেতারা মনে করছেন ঈদে সব ভালো ভালো পোশাক বিক্রি হয়ে গেছে তাই নতুন ডিজাইনের কিছু পাওয়া যাচ্ছে না।