পূজার মজা নিজের গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বেশির ভাগ তারকা পূজার ছুটি ঢাকার চেয়ে চট্টগ্রামেই কাটাতে চান। কারণ, চট্টগ্রামের প্রতিটি মণ্ডপে লুকিয়ে আছে তাঁদের দুরন্ত শৈশব ও কৈশোর। সেসব গল্পই তাঁরা করেছেন প্রথম আলোর কাছে। চিত্রলেখা গুহ, অভিনেত্রীপূজার পাঁচ দিন আমি অভিনয়জগত থেকে দূরে থাকি। কোনো কাজ করি না। পরিবারে সময় দিই। পূজার সময়টা কাটাই ঢাকায় নিজের বাড়ি আর কুমিল্লার শ্বশুরবাড়ি মিলিয়ে। রাউজানের আঁধারমানিকে আমাদের নিজেদের বাড়িতে পূজা হয়। বিয়ের পর সেখানে আর যাওয়া হয়নি। যখন ছিলাম, তখন অন্য রকম মজা হতো। পূজার আবহে ঘোরের মধ্যে কেটে যেত সময়গুলো। সব আত্মীয়স্বজন এক হওয়া। সবাই মিলে হইচই করা। সন্দীপন, গায়কএবারের পূজায় আমি থাকব চট্টগ্রামে। অনেক দিন পর সবার সঙ্গে দেখা হবে। এবার আমার বেশি কেনা হয়েছে কস্টিউম। বিভিন্ন অনুষ্ঠানে গান করতে এসব প্রয়োজন হয়। শৈশবের পূজার আনন্দই আলাদা। পূজা শুরুর এক মাস আগে থেকেই পূজামণ্ডপের আশপাশে ঘোরাঘুরি করতাম। এই বুঝি দেবীর গায়ে মাটি দেওয়া হলো, এই রং দেওয়া হলো, এই দেবীর চোখ ফুটল। আর একটা বিষয় মনে পড়ে, আকাশবাণীতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়ার বাণী পাঠ। আসলে শরৎকাল, শিউলি ফুল—এগুলো এখনো পাগল করে দেয়।আশুতোষ সুজন, নাট্যকার এবারের পূজা কাটাব গ্রামের বাড়ি পটিয়ার সুচক্রদণ্ডীতে। সপ্তমীর দিন বাড়ি যাব, দশমীর দিন রাতে চলে আসব। এবারে পূজার সময় দেশ টিভিতে আমার শূন্য নামের একটা এক ঘণ্টার নাটক প্রচারিত হবে। এটা পূজার আনন্দকে বাড়িয়ে দিয়েছে। এবার পূজায় মা, ভাই-বোনদের জামা-কাপড় কিনে দিয়েছি। চট্টগ্রামের পূজার একটা স্মৃতি মনে পড়ে, আমরা সে সময় পূজায় খুব বেশি পটকা ফোটাতাম। হঠাৎ করেই এসব বন্ধ করে দেওয়া হলো। কিন্তু আমরা নিষেধ না শুনে একবার পটকা ফোটাতে গেলে পুলিশ আমাদের এক বন্ধুকে ধরে নিয়ে যায়। মনটা খুব খারাপ হয়েছিল তখন। শর্মিলা বন্দ্যোপাধ্যায়, নৃত্যশিল্পীচট্টগ্রামের ইকবাল রোডে আমাদের বাড়ি। শুধু দুর্গাপূজা নয়, পুরো শৈশব কেটেছে আনন্দে। একান্নবর্তী পরিবারের সব ভাইবোন মিলে আনন্দ করতাম। পূজায় এই আনন্দটা আরও বাড়ত। দুর্গাপূজার একটা স্মৃতি মনে পড়ে, শশাঙ্ক কাকু ছিলেন আমাদের পারিবারিক দর্জি। কয়েক গজ কাপড় তাঁর হাতে। বাড়ির ছেলে-মেয়ে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। তিনি এক এক করে জামা-প্যান্টের মাপ নিচ্ছেন। পূজার সময় সপ্তমীর দিন জেঠিমার দেওয়া, অষ্টমীর দিন মায়ের দেওয়া, নবমীর দিন অন্য কারও দেওয়া জামা পরে ঘুরতাম। সব ভাই-বোন একই রকম জামা পরে ঘুরে বেড়াচ্ছি, দৃশ্যটা দেখতেই মনের মধ্যে অন্য রকম অনুভূতি হতো। বাসুদেব, সুরকার এবারের পূজা কাটাব কানুনগোপাড়ায় নিজের বাড়িতে। আগে পূজায় এক মাস ধরে বাজার করতাম। এখন কাজের চাপে পারি না। আমি ভুলেই গিয়েছিলাম পূজা কখন। এবারে বাড়িতে গিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব। ইমন সাহা, সুরকারফতেয়াবাদের নন্দীরহাটে আমাদের জমিদারবাড়িতে পূজার সময় আমরা সব ভাইবোন আনন্দে কাটাতাম। আমার কৈশোর বা যৌবনের কিছুটা সময় আমি সে আনন্দ পুরোপুরি উপভোগ করেছি। এখনো মনে আছে, বাড়িতে দশমীর দিন কাদা ছোড়াছুড়ি হতো। এক সময় রং খেলা হতো। কিন্তু রং ক্ষতিকারক বলে পরে বাদ দেওয়া হয়। কিন্তু কাদা থেকে কারও নিস্তার নেই। কেউ লুকোতে চাইলে তার অবস্থা আরও ভয়াবহ হতো। সেদিন ছোট-বড় সবাই সমান। দশমীর দিনের আরেকটা মজা ছিল—পুকুরে জাল ফেলে মাছ ধরা। একবারের কথা মনে আছে, দশমীর দিন প্রচুর বৃষ্টি হচ্ছে, পুকুর থেকে বড় বড় মাছ তুলে ধানের গোলার সামনে রাখা হয়েছে। সেন্টু কাকা ডাক দিলেন। প্রথম মাছটা যাবে সত্য সাহার ঘরে। আমি তখন সবচেয়ে বড় মাছটা নিয়ে দৌড় দিলাম। সবাই তখন বলে উঠেছিল, নিজের ভাগটা ঠিকই বুঝেছিস। মৌটুসি বিশ্বাস, অভিনেত্রীপূজায় আমার সবচেয়ে ভালো লাগে চট্টগ্রামে। কিন্তু এবার থাকা হবে না। এবার পরিকল্পনা করেছি আমার মা আসবেন ঢাকায়। একদিন শ্বশুর-শাশুড়িসহ সবাইকে নিয়ে বের হব পূজা দেখতে। চট্টগ্রামে কাজীর দেউড়িতে থাকার সময় ছোটবেলায় অঞ্জলি দেওয়ার জন্য রামকৃষ্ণ মিশনে গিয়ে বসে থাকতাম। হয়তো দেখা গেল, সেই সকালবেলা গেছি, ফিরতে ফিরতে রাত, আবার রাতে বাবার সঙ্গে নতুন জামা পরে ঘুরতে বের হয়েছি। পাড়ার দিদা, দাদু, মাসি, পিসি সবার বাসা ছিল কাছাকাছি, তাঁদের বাসায় যেতাম। সারাটা দিন কাটত ছোটাছুটির মধ্যে।জয়শ্রী কর, অভিনেত্রীপূজার সময় চট্টগ্রামে গিয়েছি প্রায় চার বছর আগে। শৈশবে দুরন্ত সময়ে তখন পূজামণ্ডপে ঘুরে ঘুরে কাটাতাম। দেওয়ানজী পুকুরপাড়, ঘাটফরহাদবেগ, জেএম সেন হলে পূজা দেখতাম। আমাদের ভাইবোন বা বন্ধুদের মধ্যে পূজা দেখার প্রতিযোগিতা চলত, কে কয়টা বেশি পূজা দেখতে পারে। এখন আমার তিন বোনই ঢাকায়, তাই ঢাকায় পূজার সময়টা কাটানো হয়। মা আমাদের সঙ্গে পূজার ছুটি কাটাতে চলে আসেন। অপর্ণা ঘোষ, অভিনেত্রীএবার পুজোর যে কদিন অবসর পাই, মা-বাবার সঙ্গেই চট্টগ্রামে কাটাব। এখন কাজের ব্যস্ততার কারণে পারি না। আগে দেখা যেত পুজোর কারণে এক মাস আগে থেকেই কেনাকাটা শুরু করতাম। এবার অবশ্য প্রচুর উপহার পেয়েছি। নিজে কিনতে পারিনি। মা-বাবা, বন্ধুরা দিয়েছে। ভাইবোনেরা সবাই মিলে দক্ষিণ নালাপাড়ায় দাদুর বাসায় রাতে ছাদে উঠে পুজো দেখার ঐতিহ্য আমাদের দীর্ঘদিনের! এবারও এর ব্যতিক্রম হবে না আশা করি।