আর কয়েক দিন পরই শারদীয় দুর্গাপূজা। ছোটবেলার পূজার দিনগুলোর কথা মনে হলেই মনটা কেমন আনন্দে ভরে ওঠে। আমার বেড়ে ওঠা গ্রামে। জীবিকার প্রয়োজনে এখন শহরবাসী। কিন্তু স্মৃতির পাতায় ভেসে ওঠে গ্রামের পূজার দিনগুলোর কথা। বন্ধুদের সঙ্গে হিসাব কষতাম পূজার আর কত দিন বাকি? পূজা শুরুর মাসখানেক আগে থেকেই প্রতিমাশিল্পীরা প্রতিমা গড়ার কাজ শুরু করতেন। স্কুলে যাওয়া-আসার পথে বন্ধুরা মিলে প্রতিমার কাজ কতটা এগোচ্ছে সকাল-বিকেল দেখতে যেতাম। অনেক সময় মণ্ডপগুলো থেকে একটু একটু করে কাদামাটি চুরি করে বাড়িতে নিজেই প্রতিমা গড়ার চেষ্টা করতাম। কাঠামো শুভক্ষণ, খড়-বাঁধা, মাটির প্রলেপ দেওয়া, প্রতিমার মণ্ডপসংস্থাপন, আঙুল সংযোজন ইত্যাদি করতে করতে আমাদের চোখের সামনে প্রতিমাটি যেন জীবন্ত হয়ে উঠত।
মাটির কাজ শেষে দেউরিরা (প্রতিমাশিল্পীরা) চলে যেতেন অন্য কোনো মণ্ডপে আরেকটি প্রতিমা গড়তে। মাটির প্রতিমা শুকাতে কিছুদিন সময় লাগত। এরপর প্রতিমার গায়ে পড়ত রঙের প্রলেপ। প্রতিমার সৌন্দর্য ফুটিয়ে তোলা হতো তুলির রঙে। তখন প্রতিমাশিল্পীরা নারকেলের মালায় পাউডার রং জল দিয়ে গুলতেন। পরে সেই রং প্রতিমার গায়ে লাগানো হতো। দেবীর চক্ষুদান করামাত্রই মনে হতো দেবী আবির্ভূত হলেন। দেবীর কাঠামো তৈরি থেকে শুরু করে প্রতিটি ক্ষণই যেন নতুন নতুন আনন্দ নিয়ে আসত।
আমাদের গ্রামে বেশ কয়েকটি মণ্ডপে পূজা হতো। বাড়িতে বাড়িতে দেখা যেত আত্মীয়স্বজনের আগমন। সারা গ্রামের মণ্ডপগুলো মিলে তখন এমন একটা পরিবেশ তৈরি হতো, যেন পূজা নয়, এটা সারা গ্রামের আনন্দ।
আমার বাড়ির কাছেই ছিল দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির দুর্গামন্দির। সপ্তমীর দিন সকালে ঘুম ভাঙত সেই মন্দিরের ঢাকের শব্দে। এ মন্দিরের বিশেষ আকর্ষণ ছিল সন্ধ্যায় ভারতেশ্বরী হোমসের মেয়েদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান। সন্ধ্যায় অনুষ্ঠান শুরুর আগেই আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব মিলে হাজির হয়ে যেতাম রণদা সাহার পূজা মন্দিরে। দূর-দূরান্ত থেকে অনেকেই প্রতিদিন সন্ধ্যায় এ নৃত্যানুষ্ঠান দেখতে মন্দির প্রাঙ্গণে ভিড় জমাত। পূজাকে কেন্দ্র করে বাড়ির পাশেই বসত মেলা। বাহারি আর লোভনীয় অনেক কিছুই সেখানে থাকত।
অষ্টমী ও নবমীর দিন সকাল থেকেই আশপাশের এলাকা থেকে ভক্তরা আমাদের গ্রামের পূজা দেখতে আসতেন। আমরা আত্মীয়স্বজন, পাড়াপড়শি সবাই একসঙ্গে দল বেঁধে ঘুরে বেড়াতাম মণ্ডপে মণ্ডপে। প্রচণ্ড ভিড়ে হারিয়ে যাওয়ার ভয়ও থাকত। হেঁটে হেঁটেই মণ্ডপগুলোয় যেতাম। সন্ধ্যায় মণ্ডপগুলোয় ছোটদের পাশাপাশি বড়রাও ঢাকের তালে মাটির ধুপতি নিয়ে আরতিতে মেতে উঠতেন। এভাবেই চলে আসত দশমী, বিদায় বেলা।
শক্তি সাহা