পূজায় ছেলেদের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর পূজায় আদিত্যের থাকে নানা আয়োজন। এবারও বন্ধুরা মিলে ঠিক করেছে, মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াবে, নতুন হাল ফ্যাশনের পোশাক পরবে, আরও কত কী! কিন্তু আদিত্যের আনন্দ চুপসে গেছে ধুতি পরার ঝামেলায়। সপ্তমী থেকে দশমী পর্যন্ত ছেলেদের হাল ফ্যাশনের ধরন, রং আর ধুতি পরার সমাধান নিয়ে কথা বলেছেন ফ্যাশন হাউস রং-এর স্বত্বাধিকারী ও ডিজাইনার বিপ্লব সাহা। আবহাওয়ার মেজাজ বুঝে পোশাকের ধরন ঠিক করা উচিত বলে মনে করেন তিনি। সপ্তমী থেকে নবমী পর্যন্ত সকালে মণ্ডপে অঞ্জলি দিতে যাওয়ার সময় সুতির নরম আরামদায়ক পোশাক পরতে পারেন। কেউ ইচ্ছে করলে পাঞ্জাবি-পায়জামা ও ফতুয়া পরতে পারেন। অনেকে আবার ট্রাউজারের সঙ্গে খাটো পাঞ্জাবি পরতে পারেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছেলেরা আড্ডা দেওয়ার সময় টি-শার্ট অথবা হাফ শার্টও পরতে পারেন। কেউ চাইলে সপ্তমী থেকে নবমী পর্যন্ত সকালে একেক দিন একেক ধরনের পোশাকও বেছে নিতে পারেন। জানান বিপ্লব সাহা। রং বাছাইয়ের ক্ষেত্রে দিনের বেলায় হালকা রংকে প্রাধান্য দেওয়া ভালো। সাদা রং সব সময়ই পবিত্রতার প্রতীক। সকালে অঞ্জলি দিতে তাই সাদা রঙের পোশাকের বিকল্প হয় না বলে তিনি জানান। তবে কম বয়সীরা লাল, সবুজ, হালকা নীল গেরুয়া রংও বাছাই করতে পারেন।তিন দিনের উৎসবের মধ্যে অষ্টমী পূজা সবার জন্যই একটু বেশি জাঁকজমকপূর্ণ হয়। তাই সেদিনের সাজটা হওয়া চাই একটু আলাদা। বিপ্লব সাহা বলেন, পোশাকে পূজার আমেজ ফুটে ওঠে ধুতির মাধ্যমে। ধুতি পরার ইচ্ছা অনেকের থাকে কিন্তু এই ইচ্ছা পূরণ হয় না। ফ্যাশন হাউস রং এবার ছেলেদের ধুতি পরার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে এনেছে প্যান্ট ধুতি অর্থাৎ সেলাই করা ধুতি। এতে ধুতি বাঁধার ঝামেলা নেই। ধুতির সঙ্গে মিলিয়ে পরতে পারেন রাজকীয় মোটিফের পাঞ্জাবি। পাঞ্জাবির সঙ্গে উত্তরীয় পরতে পারেন। রাতের অনুষ্ঠানে গাঢ় রংগুলো বাছাই করা ভালো বলে জানান বিপ্লব সাহা।বয়স্কদের জন্য সাদা, চাপা সাদা, ঘিয়া, বাদামি শেডের রংগুলো বাছাই করতে পারেন। পাঞ্জাবি পরতে পারেন একটু ভারী। যেমন—তসর, বলাকা সিল্ক, রাজশাহী সিল্ক, অ্যান্ডি সুতি, অ্যান্ডি সিল্ক কাপড়ের ওপর। আর রাতে তরুণেরা এই কাপড়ের ওপর লাল, কালো, সবুজ, চকলেট, মেরুন রংগুলো প্রাধান্য দিতে পারেন। দশমীতে রং খেলা হয়। সে দিন সাদা লাল রঙের পাঞ্জাবি পরা যায়। দশমীতে অনেকে আত্মীয়ের বাড়ি যান, গুরুজনদের আশীর্বাদ করতে যান। এ ক্ষেত্রে পাঞ্জাবি ও ধুতি অথবা শর্ট পাঞ্জাবি ও পায়জামা পরতে পারেন।তিনি আরও বলেন, পাঞ্জাবি ও ধুতির সঙ্গে ফ্যাশন হাউস রং উত্তরীয় আছে তার সঙ্গে কোলাপুরি স্যান্ডেল তো অবশ্যই চাই। রঙ-এ পূজার পোশাকে খরচ পড়বে টি-শার্ট ৩০০ থেকে ৩৮০ টাকা, ফতুয়া ও হাফ শার্ট ৪০০ থেকে ৬৫০ টাকা, খাটো পাঞ্জাবি ৬৫০-১২০০ টাকা, ভারী সিল্ক পাঞ্জাবি ১৮০০-৫০০০ টাকা, ধুতির সঙ্গে সেট করা পাঞ্জাবি ৩০০০ টাকার মধ্যে পাওয়া যাবে। শুধু ধুতির দাম পড়বে ৬০০ থেকে ৬৫০ টাকার মধ্যে।‘পাঞ্জাবিতে যাঁরা সব সময় স্বস্তিবোধ করেন না, তাঁদের জন্য রয়েছে টি-শার্ট।’ বললেন, নিত্য উপহারের স্বত্বাধিকারী ও ডিজাইনার বাহার রহমান। তিনি বলেন, পূজায় লাল-সাদা রং অনেক বেশি উৎসবমুখর দেখায়। নিত্য উপহারে টি-শার্ট পাওয়া যাবে ১৮০ টাকার মধ্যে।প্রকৃতির রঙের সঙ্গে শারদীয় দুর্গা উৎসবে আপনার পোশাকটির রংকে মিলিয়ে আপনার পূজাকে করে নিতে পারেন অনেক বেশি রঙিন।