পূর্ণ উদ্যমে
তাহলে শুরু হয়ে যাক পূর্ণ উদ্যমে। কী? কী আবার। কাজ আর কাজ। গত একমাস আমাদের নানা ব্যবস্তার মধ্যে কেটেছে। এবার গা ঝাড়া দিয়ে ওঠার পালা। প্রত্যেক বন্ধুসভাই আমাদের কাছে তাদের সারা বছরের কর্মসূচির তালিকা পাঠিয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই অনেক বন্ধুসভা সে তালিকা অনুযায়ী কাজ করেনি বা করতে পারেনি। কিছু বন্ধুসভা তো আমাদের কাছে কাজের তালিকাই পাঠায়নি। আমরা চাই, সব বন্ধুসভার কাজ পরিকল্পনা অনুযায়ী হোক।
লক্ষ করছি বন্ধুসভার ফেসবুক পেজে আশা অনুযায়ী লাইক বাড়ছে না। অনেক বন্ধুসভা থেকে একজন একজন করে অ্যাডমিন করা হয়েছে। কেন এমন হচ্ছে? আমার মনে হয় অ্যাডমিন যাঁরা আছেন, তাঁরাই এর সঠিক জবাব দিতে পারবেন। অ্যাডমিনদের কাছে ফেসবুকে লাইক বাড়ানোর উপায় জানতে চাচ্ছি। আগামী তিন দিনের মধ্যে পরামর্শ লিখে পাঠান বন্ধুসভার ই-মেইলে। অন্য যেকোনো বন্ধুও পরামর্শ দিতে পারেন।
যাঁরা বন্ধুসভার সঙ্গে সরাসরি যুক্ত আছেন অথবা যাঁরা বন্ধুসভায় নাম নিবন্ধন করেছেন, তাঁদের পেজে লাইক দেওয়া বাধ্যতামূলক। আপনারাও বন্ধুসভা পেজ সম্পর্কে পরামর্শ দিতে পারেন। পেজে আমাদের আর কী করণীয় আছে? জানান। আমরা আপনাদের পরামর্শ অনুযায়ী এগোতে চাই।
বন্ধুসভার পাতায় লেখা পাঠান। কবিতা, গল্প, ছড়া, নানা বিষয়ে ফিচার লিখে পাঠান। ফিচার বা গল্প কম শব্দে লিখলে ছাপার ক্ষেত্রে অগ্রাধিকার পায়। তাই লেখার সময় বিষয়টি মনে রাখবেন। গল্প হলে সর্বোচ্চ ৪০০ শব্দে। আর ফিচার হলে ২৫০-৩০০ শব্দে। কবিতা বা ছড়া হলে সর্বোচ্চ ২০ লাইন। আপনার ভালো লেখাটি আজই পাঠিয়ে দিন।
সভাপতি
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ