পূর্ণ বিকাশের গয়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ণ বিকাশ চাকমা
ছুটির দিনে

মহিষের শিংয়ে তৈরি গয়না চাকমা সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যের অংশ হিসেবেই মানেন। কারিগরের সুনিপুণ নকশায় কালো শিংয়ের অংশ থেকে তৈরি হয় চুড়ি, কানের দুল, আংটি। এগুলো শোভা পায় চাকমা নারীর হাতে, কানে, আঙুলে। ৬০ বছর বয়সী পূর্ণ বিকাশ চাকমা মহিষের শিং থেকে গয়না তৈরির একজন দক্ষ কারিগর। গয়না তৈরি তাঁর পেশা নয়, শখের বসে শেখা কাজের মাধ্যমেই তিনি নিজেদের সম্প্রদায়ের ঐতিহ্য বয়ে নিচ্ছেন পরের প্রজন্মের কাছে। পূর্ণ বিকাশ যার শুরুটা করেছিলেন ১৯ বছর বয়সে।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে নন্দেশ্বর কার্বারিপাড়া। এ পাড়াতেই বাড়ি পূর্ণ বিকাশ চাকমার। তাঁর তৈরি মহিষের শিং দিয়ে বিভিন্ন প্রকার গয়নার কদর এখন বেড়েছে, অনলাইনেও বিক্রি হচ্ছে।

১২ জুলাই সকালে নন্দেশ্বর কার্বারিপাড়ায় গিয়েছিলাম। সহকারী ধর্মজ্যোতি চাকমাকে নিয়ে তখন মহিষের শিংয়ের গয়না তৈরিতে ব্যস্ত পূর্ণ বিকাশ চাকমা। ফরমাশ পেয়েছেন, তাই সকাল থেকে গয়না তৈরির কাজে নেমে পড়েছিলেন। কাজের ব্যস্ততার ফাঁকে কথা হয় পূর্ণ বিকাশ চাকমার সঙ্গে। জানালেন, ১৯ বছর বয়সে তিনি গয়না তৈরির কাজ শিখেছিলেন। সরাসরি কোনো গুরুর কাছে না গেলেও তা তিনি শিখেছিলেন পাড়ার এক দাদুর পাশে বসে থেকে।

পূর্ণ বিকাশ চাকমা বলেন, ‘পাড়ার দামানা চাকমা ছিলেন সম্পর্কে আমার দাদু। তিনি গয়না তৈরি করতেন। তাঁর গয়না তৈরি দেখে দেখেই আমি কাজটি রপ্ত করেছি। গয়না তৈরি আমার পেশা না হলেও আমাদের জাতির ঐতিহ্যের অংশ হিসেবে এখনো শখের বসে তৈরি করে যাচ্ছি।’

ঐতিহ্যের গয়না তৈরি বেশ শ্রমসাধ্য বলেও জানালেন পূর্ণ বিকাশ। যেমন মহিষের শিং দিয়ে এক জোড়া চুড়ি তৈরি করতে তিন ঘণ্টা সময় লাগে, কানের দুলের ক্ষেত্রে এক ঘণ্টা, আংটি তৈরিতেও এক ঘণ্টা। পূর্ণ বিকাশ চাকমার তৈরি গয়নার মধ্যে এক জোড়া হাতের চুড়ি আকারভেদে ১ থেকে দেড় হাজার টাকায় বিক্রি হয়, কানের দুল বিক্রি হয় ২৫০ থেকে ৩০০ টাকায়, চন্দ্রহার ৫০০ থেকে ৭০০ টাকায়, আংটি ৩০০ থেকে ৫০০ টাকায়।

শখের বসে গয়না তৈরি করলেও পূর্ণ বিকাশের তৈরি মহিষের শিংয়ের গয়নার কদরও কম নয়। তাই তো গয়না বানিয়ে মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা আয় করেন তিনি। পূর্ণ বিকাশ জানালেন, বাবুছড়ার কেয়াংঘাট এলাকার পর্নাসী চাকমা নামের এক কলেজছাত্রী তাঁর গয়নাগুলো অনলাইনে বিক্রি করছেন। এতে চাহিদাও বেড়েছে। চাহিদা বাড়ায় সমস্যাতেও পড়েছেন পূর্ণ বিকাশ চাকমা। যেমনটি তিনি বলেন, ‘কদর বাড়ায় এখন সমস্যা হলো, মহিষের শিং সংগ্রহ করতে অনেক কষ্ট করতে হয়। কক্সবাজারের টেকনাফ থেকে মহিষের শিং সংগ্রহ করে আনতে হয়।’

গয়না তৈরি করছেন পূর্ণ বিকাশ চাকমা (বায়ে)

কষ্ট হলেও ঐতিহ্য রক্ষায় গয়না তৈরির কাজটি তিনি নিজে যেমন করে যাচ্ছেন, তেমনি তাঁর ছেলে পিন্টু চাকমাকেও তৈরির কাজ শিখিয়েছেন। ৩৬ বছর বয়সী পিন্টু চাকমা বলেন, ‘আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। নিজের আগ্রহ থেকেই বাবার কাছে মহিষের শিংয়ের গয়না তৈরি শিখে নিয়েছি। এটা আমাদের ঐতিহ্যের অংশ, ঐতিহ্য রক্ষা করা দায়িত্ব বলেই মানি।’