এখন মানুষের হাতে সময় কম। কেউ পুরো খবর না পড়ে হেডলাইন দেখেই লিখে ফেলে এক শ হাত লম্বা ফেসবুক স্ট্যাটাস। তাই পুরো তিন-চার ঘণ্টার একটা সিনেমা দেখা কষ্টকরই বটে। তাহলে উপায়? তবে সমাধানও আছে। একটু বুদ্ধি খাটালেই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে স্বল্পদৈর্ঘ্যে রূপান্তর করা সম্ভব। আসুন, তাহলে বুদ্ধি খাটানো যাক...
*পূর্ণদৈর্ঘ্য সিনেমার কাহিনি
গুন্ডাদের হাতে কেউ একজন খুন হলো। অনেকেই হয়তো স্পটে পৌঁছাতে পারত। কিন্তু তা হলো না। ঘটনাচক্রে নায়ক উপস্থিত হলো স্পটে। দেখতে পেল, ছুরিটা এখনো বসানো আছে বুকে। নায়ক হ্যাঁচকা টান মেরে ছুরিটা খুলে হাতে নিতেই পুলিশ বা নিহত ওই ব্যক্তির আত্মীয়স্বজন এসে সেটা দেখে ফেলল। তারা ধরেই নিল, খুনটা নায়কই করেছে। নায়ককে গ্রেপ্তার করা হলো। এরপর নায়কের হলো ১৪ বছরের জেল। ঘটনা, নানা দুর্ঘটনা। সব মিলিয়ে পূর্ণদৈর্ঘ্য একটা সিনেমা।
স্বল্পদৈর্ঘ্য বানাবেন যেভাবে
খুনের ঘটনাটা এমন এলাকায় ঘটানো হোক, যেখানে সিসিটিভি ক্যামেরা ফিট করা আছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সিসিটিভি থেকে ফুটেজ নিন এবং তৎক্ষণাৎ নিশ্চিত হয়ে যান প্রকৃত খুনির পরিচয়। খামোখা ঘটনা দীর্ঘ করার প্রয়োজন পড়বে না।
*পূর্ণদৈর্ঘ্য সিনেমার কাহিনি
নায়িকার পেছনে লেগেছে নায়ক। ‘ও বড়লোকের কইন্যা লো’ টাইপের গান গাইছে বন্ধুদের সঙ্গে নিয়ে। চলে গেল পাঁচ মিনিট। সিনেমার একপর্যায়ে নায়িকা নায়ক সম্পর্কে ভালো ধারণা পোষণ করতে লাগল। শুরু করল তাকে নিয়ে স্বপ্ন দেখতে। এই অবস্থায় কল্পনায় একটা গান শুরু হলো। এরপর যখন সত্যি সত্যি প্রেম হয়ে গেল, তখন আরও একটা গান, তারপর আরেকটা। অতঃপর বিরহের সময় আরও একটা। ফলে দেখা যায়, বাণিজ্যিক সিনেমায় গড়ে সাতটা গান থাকার কারণে সিনেমায় যুক্ত হয় অতিরিক্ত ৫ সাতে ৩৫ মিনিট।
স্বল্পদৈর্ঘ্য বানাবেন যেভাবে
গানের সিকোয়েন্স আসার সঙ্গে সঙ্গে পর্দায় লিংক দিয়ে দিন। অবশ্যই ইউটিউব লিংক। লিখে দিন, ‘এই গানটি আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন। গানটি দেখতে ক্লিক করুন এই লিংকে।’ এতে সিনেমা থেকে ৩৫ মিনিট যেমন কমানো যাবে, তেমনি ইউটিউব থেকে আয় করা যাবে বাড়তি টাকা।
*পূর্ণদৈর্ঘ্য সিনেমার কাহিনি নায়কের ঝামেলা বেধে গেল গুন্ডাবাহিনীর সঙ্গে। বাহিনী বলতে যে একজন আর দুজনকে বোঝানো হয় না, এটা সবাই জানেন। খেয়াল করবেন, বেশির ভাগ ক্ষেত্রেই বাহিনীর সবাই একসঙ্গে অ্যাটাক করে না নায়ককে। একজন এগিয়ে আসে, নায়ক তাকে পেটায়। আরেকজন আসে, তাকেও পেটায়। এভাবে আট-দশজনকে আলাদা পেটানোর কারণে একবারের মারপিটেই সময় নষ্ট হয়ে যায় পাঁচ-সাত মিনিট। এদিকে পুরো সিনেমায় মারপিটের দৃশ্য সাত-আটটার কম থাকে না। তার মানে মারামারিই থাকে ছবির প্রায় এক ঘণ্টাজুড়ে!
স্বল্পদৈর্ঘ্য বানাবেন যেভাবে
আগে দুজনের মধ্যে মারামারি লাগলে তৃতীয়জন এসে থামাত। এখন থামায় না, বরং ভিডিও করে। তো নায়ক আর প্রথম ভিলেন যখন মারামারিতে লিপ্ত হবে, তখন অন্য ভিলেনদের যদি ভিডিও করার কাজে লাগিয়ে দেওয়া যায়, তাহলে তাদের মারামারির জোশ কমে যাবে এবং নায়ককে আলাদাভাবে মারামারি করে সময় লস করতে হবে না। পুরো সিনেমা থেকে কাটা যাবে কম করে হলেও ৪০ মিনিট।
*পূর্ণদৈর্ঘ্য সিনেমার কাহিনি
নায়ক-নায়িকা যখন ছোট, তখন তাদের মধ্যে প্রেম প্রেম ভাব চলে এসেছিল। তখনই তারা একে অন্যকে কথা দিয়ে ফেলেছিল, সারা জীবন একজন আরেকজনের পাশে থাকবে। কিন্তু নায়িকার রাগী বাবার জন্য তারা তাদের কথা রাখতে পারেনি। বিচ্ছিন্ন হয়ে যেতে হয়েছে পরস্পরকে। এরপর দিন যায়, মাস যায়, বছরও যায়। কেউ কারও খোঁজ রাখে না। বড় হয়ে নায়ক খুব মিস করতে থাকে নায়িকাকে। সে হেথায় খোঁজে, হোথায় খোঁজে। এই খোঁজাখুঁজির পেছনেই ব্যয় হয় ছবির বেশ খানিকটা সময়। কোনো ছবিতে এক ঘণ্টা, কোনোটাতে আরেকটু কম বা বেশি।
স্বল্পদৈর্ঘ্য বানাবেন যেভাবে
নায়ক কেন খামোখা নায়িকাকে খুঁজে ছবির মূল্যবান এক ঘণ্টা সময় নষ্ট করবে? যেহেতু ছোটবেলায় নায়িকার সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল, তার মানে সে নায়িকার নামের স্পেলিং জানে। নামটা লিখে ফেসবুকে সার্চ দিলেই হয়। ব্যস, এক ঘণ্টার কাজ হয়ে যায় এক মিনিটেই। বেঁচে যায় লম্বা সময়, পূর্ণদৈর্ঘ্য সিনেমা হয়ে যায় স্বল্পদৈর্ঘ্য।