পূর্ণাঙ্গ কমিটি কবে হবে?

কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে প্রায় ১০ মাস আগে। সম্মেলনে কাউন্সিলরের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। এ নিয়ে হতাশ হয়ে পড়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা।
দলীয় সূত্র জানায়, ২০১৪ সালের ডিসেম্বর মাসে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ও উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। সম্পর্কে দুজন চাচা-ভাতিজা। হামিদুল হক চৌধুরী উপজেলা আওয়ামী লীগের আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন পর্যায়ের কয়েকজন নেতা জানান, চাচা-ভাতিজার মধ্যে পারিবারিক দ্বন্দ্বের কারণে দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনে দেরি হচ্ছে। ফলে দলীয় কার্যক্রম ঝিমিয়ে পড়ছে। দলের নেতা-কর্মীরা সভাপতি-সাধারণ সম্পাদকের পক্ষ-বিপক্ষ নিয়েও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। গত রোজার মাসে উখিয়া উচ্চবিদ্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন ছাড়া কোনো কর্মসূচি পালিত হয়নি। এই অবস্থা চলতে থাকলে আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার পাঁচটি ইউনিয়নে দলের একক প্রার্থী ঘোষণা নিয়ে বিপাকে পড়তে হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরী জানান, শারীরিক অসুস্থতার কারণে ৬৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যাচ্ছে না। িশগগির এই কমিটি গঠন করা হবে। ভাতিজার সঙ্গে বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছেলের সঙ্গে আমার সম্পর্ক খারাপ না। তার পরও লোকে কত কিছু বলে।’
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, পূর্ণাঙ্গ কমিটির সদস্য নিয়োগের যাচাই-বাছাই কাজ চলছে। এতে প্রকৃত আওয়ামী লীগ যাঁরা তাঁদের মূল্যায়ন করা হবে। তিনিও সভাপতির সঙ্গে দ্বন্দ্ব নেই বলে জানান।