চট্টগ্রাম নগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে কেন্দ্র যে উদ্যোগ নিয়েছে তা ঠেকাতে চতুর্মুখী তৎপরতা চালাচ্ছেন স্থানীয় নেতারা। এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন অপূর্ণাঙ্গ কমিটি ভেঙে দিয়ে এডহক কিংবা নতুন করে সম্মেলন ডেকে কমিটি গঠনের চেষ্টা চালানো হচ্ছে। এ জন্য স্থানীয় একাধিক নেতা ঢাকায় গিয়ে তদবির করছেন বলে জানা গেছে। জানা যায়, সম্মেলনের সাড়ে পাঁচ বছর পর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ করতে প্রক্রিয়া শুরু করে কেন্দ্র। দলীয় সভানেত্রী শেখ হাসিনাও এ বিষয়ে চিন্তা-ভাবনা করছেন। সম্প্রতি প্রথম আলোয় এ সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়। ২০০৬ সালের ১৬ জুন মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম ও বীর বাহাদুর ওই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি ও কাজী ইনামুল হককে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। দলীয় সূত্র জানায়, পরে মৌখিকভাবে জ্যেষ্ঠ আরও ২৩ নেতাকে অন্তর্ভুক্ত করে কমিটির সদস্য সংখ্যা ২৫ জনে উন্নীত করা হয়। সাড়ে পাঁচ বছর পেরিয়ে গেলেও ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি এখনো গঠন করা হয়নি। বরং ওই কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া অন্তত তিন নেতা এম এ মান্নান, আবু তালেব চৌধুরী ও খালেকুজ্জামান পরে মারা গেছেন। দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি হলে আরও চার-পাঁচ বছর সম্মেলন হওয়ার সম্ভাবনা নেই। তাই সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার জন্য যাঁরা অপেক্ষা করছেন তাঁদের সেই আশা অপূর্ণ থেকে যাবে। তাই তাঁরা সভাপতির পদ থেকে মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক থেকে কাজী ইনামুল হক দানুকে সরিয়ে দিতে চান। কেবল নতুন করে সম্মেলন ডেকে তাঁদের সরানো সম্ভব বলে সংশ্লিষ্ট নেতারা মনে করেন। নানামুখী তৎপরতা সম্পর্কে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘যেকোনো কিছু ভূমিষ্ঠ হওয়ার আগে অনেকে অনেক কিছু বলতে পারেন। আমি আগেও বলেছি, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ করার প্রক্রিয়া চলছে। তবে প্রয়োজনে তা রিভিউ হতে পারে। এই রিভিউ বলতে কী বোঝায় সেটা বুঝে নিতে হবে।’কেন্দ্রীয় সূত্র জানায়, কমিটির বর্তমান কাঠামোর কিঞ্চিত পরিবর্তন এনে কমিটি পূর্ণাঙ্গ করার বিকল্প চিন্তা চলছে। এ ক্ষেত্রে কমিটি থেকে কেউ বাদও পড়তে পারেন। তবে সব কিছু নির্ভর করছে পরিবেশ-পরিস্থিতির ওপর। নগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাংসদ নুরুল ইসলাম বলেন, ‘কমিটি গঠন নিয়ে কেন্দ্রের উদ্যোগ আমি শুধু পর্যবেক্ষণ করছি। এর বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়।’ স্থানীয় একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীনের অনুসারীরা মহিউদ্দিন চৌধুরীকে বাদ দিয়ে নতুন কমিটি গঠনের জন্য তৎপরতা চালাচ্ছেন। মহিউদ্দিন চৌধুরী বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত ভূমিকা রেখেছেন-এই অভিযোগের কারণে তাঁর নেতৃত্ব মেনে নিতে চাইছেন না মন্ত্রী কিংবা তাঁর অনুসারীরা। মন্ত্রী আফসারের অনুসারী ছাড়াও মহিউদ্দিন চৌধুরীর বিরোধী হিসেবে পরিচিত নেতারা আলাদাভাবে ঢাকায় তৎপরতা চালাচ্ছেন, যাতে নতুন কমিটি গঠন করা সম্ভব হয়। নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুজন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘নগর কমিটি নিয়ে ঢাকায় চতুর্মুখী তৎপরতা চালাচ্ছেন আমাদের স্থানীয় নেতারা। কেউ কেউ বর্তমান কমিটি বাতিল করে দিয়ে এডহক কিংবা সম্মেলন করে নতুন কমিটি গঠনের পক্ষে মতামত দিচ্ছেন। তবে সব কিছু নির্ভর করছে কেন্দ্রের সিদ্ধান্তের ওপর।’ কেন্দ্রীয় সূত্র জানায়, ‘যোগ্য, দক্ষ, ত্যাগী ও নিষ্ঠাবানদের নিয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। আমাদের সভানেত্রীও (শেখ হাসিনা) বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ ও চিন্তাভাবনা করছেন। সংগঠনে গতি আনা এবং সবাইকে ঐক্যবদ্ধ করতে কেন্দ্র থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত নগর আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের আওয়ামী লীগের রাজনীতিতে মহিউদ্দিন চৌধুরীর বিকল্প নেই। আজ অনেকে মন্ত্রী ও এমপিসহ গুরুত্ব পদে আছেন। দল ক্ষমতা থেকে চলে গেলে এসব মন্ত্রী-এমপি কিংবা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিদের খুঁজে পাওয়া যাবে না। তখন মহিউদ্দিন চৌধুরীই কান্ডারির ভূমিকায় অবতীর্ণ হবেন।’