পূর্ণাঙ্গ বন্দর হলো না ১৫ বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ স্থলবন্দর প্রতিষ্ঠার ১৫ বছর পূর্ণ হলো আজ। দীর্ঘ ১৫ বছরেও পূর্ণাঙ্গ বন্দর হিসেবে গড়ে তোলা যায়নি এটি। নানা সমস্যা আর অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য। দুই দেশের সীমান্ত চোরাচালান বন্ধ এবং চোরাচালানে লোকজনকে নিরুৎসাহিত করার লক্ষ্যে ১৯৯৫ সালের এ দিনে মিয়ানমারের সঙ্গে সীমান্তবাণিজ্য চুক্তি করা হলেও চোরাচালান বন্ধ হয়নি, বরং বেড়েছে। নানা সমস্যার কারণে মাছ আমদানিও কমে যাচ্ছে। সংশ্লিষ্ট লোকজনের মতে, এটিকে পূর্ণাঙ্গ নৌবন্দর হিসেবে প্রতিষ্ঠা করা গেলে অর্জিত রাজস্ব দিয়ে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখা সম্ভব হতো। টেকনাফ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি আমিনুর রহমান জানান, ব্যবসায়ীরা ১০ বছর ধরে এটিকে নৌবন্দরে রূপান্তর করার দাবি জানিয়ে আসছিলেন। ২০০৬ সালে বিএনপি সরকারের নৌপরিবহনমন্ত্রী আকবর হোসেন এ ব্যাপারে সুনির্দিষ্ট প্রতিশ্রুতিও দেন। যা আজও বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, ‘মিয়ানমারের সঙ্গে নৌপথেই বাংলাদেশের বাণিজ্য চলছে। অথচ এটিকে স্থলবন্দর করে রাখা হয়েছে। বন্দরটিকে নৌবন্দরে উন্নীত করা হলে সুযোগ-সুবিধা যেমন বাড়ত, তেমনি ব্যবসায়ীরাও লাভবান হতেন।’বন্দরের আমদানি ও রপ্তানিকারক সাইফুল করিম জানান, ‘এ বন্দর দিয়ে তৃতীয় দেশের পণ্য আমদানির অনুমতি রয়েছে। এলসি সুবিধা কার্যকর করা গেলে বন্দরের কার্যক্রম আরও বাড়বে।’ তিনি বলেন, চীন অথবা সিঙ্গাপুর থেকে পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছে জাহাজের মালামাল খালাস করতে প্রায় এক মাস লেগে যায়। কিন্তু এ বন্দর দিয়ে মাত্র পাঁচ-সাত দিনের মধ্যে তা সম্ভব। এতে সময় ও খরচ কম লাগবে। বন্দরে প্রবেশদ্বার নাফ নদীর গভীরতাও বেশি। পাঁচ হাজার টন মালামাল বোঝাই জাহাজ অনায়াসে বন্দরে ভিড়তে পারে। নৌবন্দরে উন্নীত করা গেলে এসব সুবিধা এমনিতেই হয়ে যেত। নানা সমস্যাব্যবসায়ীরা জানান, টেকনাফ স্থলবন্দর প্রতিষ্ঠার দীর্ঘ ১৫ বছরেও এটিকে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে গড়ে তোলা যায়নি। দুটি মাত্র কাঠের নড়বড়ে জেটি দিয়ে পণ্য খালাস করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। নাফ নদীতে মালবোঝাই জাহাজের দীর্ঘজট লেগে থাকে। মালামাল পরিমাপের জন্য আধুনিক কোনো যন্ত্র নেই। মালামাল রাখার জন্য রয়েছে মাত্র দুটি ওয়ার হাউস। তা-ও নড়বড়ে। সামান্য বৃষ্টিতে গুদামে (ওয়ার হাউস) রাখা মালামাল নষ্ট হয়। টাকা লেনদেনের জন্য বন্দরে নেই ব্যাংকের কোনো শাখা। প্রায় চার কিলোমিটার দূরে টেকনাফ গিয়ে ব্যাংকের লেনদেন সামলাতে হয়। বাণিজ্যঘাটতি বাড়ছেইঅনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ মিয়ানমারের মধ্যে বাণিজ্যঘাটতি দিন দিন বাড়ছে। ২০০৯-১০ অর্থবছরের ১ জুলাই থেকে গত ৩০ জুন পর্যন্ত এ বন্দরে মিয়ানমার থেকে দুহাজার ৩৮০টি বিল অব এন্ট্রির মাধ্যমে আমদানি হয়েছে ২৯৭ কোটি ৩২ লাখ টাকার পণ্য। এ সময়ে মিয়ানমারে ৫৮৫টি বিলের বিপরীতে রপ্তানি হয়েছে মাত্র ১১ কোটি ৭২ লাখ টাকার পণ্য। দুই দেশের বাণিজ্যঘাটতির পরিমাণ প্রায় ২৮৬ কোটি টাকা। দীর্ঘ ১৫ বছর পরও বাণিজ্যঘাটতির বিশাল ব্যবধান থেকে যাওয়ায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন।আমদানি-রপ্তানিকারকেরা জানান, স্থলবন্দরটি চালুর পর থেকেই বাংলাদেশ বিশাল ঘাটতি দিয়ে আসছে। প্রতিমাসে গড়ে ৭০ কোটি টাকার পণ্য মিয়ানমার থেকে আমদানি করা হলেও বাংলাদেশ থেকে রপ্তানি হয় মাত্র ৫০-৬০ লাখ টাকার পণ্য। ঘাটতি দূর করার জন্য সংশ্লিষ্ট বিভাগের কোনো উদ্যোগ দেখা যায় না। এমনকি বন্দর প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত দুই দেশের শুল্ক কর্মকর্তারা কোনো বৈঠকে বসতে পারেননি। জানা যায়, মিয়ানমার থেকে আমদানি করা মালামালের বিপরীতে যেসব কাগজপত্র (বিল অব এন্ট্রি) উপস্থাপন করা হয়, সেগুলো মূলত টেকনাফে বসেই তৈরি করা হচ্ছে। এসব কাগজে মিয়ানমারের শুল্ক কর্মকর্তাদের দেওয়া সই ও মোহর (সিল) আসল না নকল—তা পরীক্ষার কোনো সুযোগ শুল্ক কর্মকর্তাদের নেই। ফলে পণ্য আমদানি করে ব্যবসায়ীরা লাভবান হলেও সরকারের লাভ তেমন হচ্ছে না। নাম প্রকাশ না করে কয়েকজন ব্যবসায়ী জানান, মিয়ানমার থেকে প্রতিমাসে অন্তত ৪০ কোটি টাকার মাছ ও কাঠ টেকনাফ স্থলবন্দরে আমদানি হয়ে আসে। এসব মাছ ও কাঠ ইয়ানগুন-আকিয়াব থেকে সমুদ্র পথে আনা হলেও কাগজ-কলমে দেখানো হয় মংডু থেকে আনা হচ্ছে। ব্যাংকের মাধ্যমে বন্দরের ব্যবসা-বাণিজ্য পরিচালনার নিয়ম থাকলেও ৮০ শতাংশ পণ্য আনা হয় হুন্ডির টাকায়। টেকনাফ স্থলবন্দরে কাঠ নিয়ে আসা আকিয়াবের এক ব্যবসায়ী বলেন, ‘মিয়ানমার সরকার বাংলাদেশে কাঠ রপ্তানি করে না। আমরা আকিয়াব থেকে কাঠগুলো মংডুতে আনার কথা বলে টেকনাফ বন্দরে নিয়ে আসি। তাই এ কাঠের বিপরীতে বৈধ কোনো কাগজপত্রও থাকে না। টেকনাফের এজেন্টরা কাঠের বিপরীতে ভুয়া কাগজ তৈরি করে শুল্ক বিভাগে জমা দেন।’ টেকনাফ স্থলবন্দরের এক শুল্ক কর্মকর্তা বলেন, ‘আমদানি তালিকায় কাঠ না থাকলেও দেশের প্রয়োজনে বিপুল পরিমাণ কাঠ এ বন্দরে আসছে। কাঠ থেকে প্রচুর রাজস্ব সরকার পাচ্ছে। তাই কিছু অনিয়ম হলেও আমাদের নীরব থাকা ছাড়া উপায় নেই।’ সূত্র জানায়, বর্তমানে মিয়ানমার থেকে আমদানি হচ্ছে মাছ, কাঠ, আদা, মরিচ, রসুন, হলুদ, বরই, সুপারি, বাঁশ, বেত, শুঁটকি, আচার, ডাল, ব্যাটারি, গ্যাসবাতি প্রভৃতি।আর বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে অ্যালুমিনিয়ামসামগ্রী, সিমেন্ট, প্রসাধন, মাথার চুল, থান কাপড়, গেঞ্জি, কচ্ছপের খোল, হাঙরের চামড়া প্রভৃতি।টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার মো. আনোয়ার মাসুম জানান, মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে পণ্য আমদানির পাশাপাশি রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে। ঘাটতি দূর করার লক্ষ্যে নানান উদ্যোগ নেওয়া হচ্ছে।