পূর্ণিমায় জোয়ারে ভাসে গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার প্রায় ১০ কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ নিয়ে আতঙ্কে সময় পার করছেন উপজেলার দেড় লাখ মানুষ। তিন দিন ধরে পূর্ণিমার জোয়ারে উপজেলার পাঁচটি ইউনিয়নের অন্তত ২১টি গ্রামের কয়েক হাজার মানুষের ঘরবাড়ি প্লাবিত হয়েছে। তলিয়ে যাচ্ছে সরকারের ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত কুতুবদিয়া বায়ু বিদ্যুৎকেন্দ্রটি। কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের দায়িত্বপ্রাপ্ত সাংসদ পিনু খান জানান, দেড় লাখ মানুষের আবাসস্থল কুতুবদিয়ার দ্বীপের চারদিকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ৪০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে আলী আকবর ডেইল থেকে উত্তর ধুরুং পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার বেড়িবাঁধ অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগেই এই বেড়িবাঁধ সংস্কার করা না হলে এই উপজেলার দেড় লক্ষাধিক মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়বে। পূর্ণিমার জোয়ারে ২১ গ্রামে প্লাবন : কয়েক দিন ধরে পূর্ণিমার জোয়ারে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে উপজেলার ২১টি গ্রামের কয়েক শ বসতবাড়ি প্লাবিত হয়েছে। ৪ জুন জোয়ারের পানিতে বিপুলসংখ্যক বসতবাড়ির পাশাপাশি কয়েক শ হেক্টর আউশের জমি ও বীজতলা তলিয়ে গেছে। আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলরচর গ্রামের কৃষক শাকের উল্লাহ জানান, গত সোমবার সকালে পূর্ণিমার জোয়ারে এলাকায় প্রায় ২০টি বসতবাড়িসহ অন্তত ছয় হেক্টর ফসলি জমি ও ধানের বীজতলা লোনা পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া পার্শ্ববর্তী আনিচের ডেইল, পূর্ব তাবলরচর গ্রামেও জোয়ারের পানি ঢুকছে।পশ্চিম তাবলরচর গ্রামের গৃহিণী আমেনা খাতুন জানান, ‘দীর্ঘ কয়েক বছর ধরে বেড়িবাঁধ সংলগ্ন ঝুপড়িঘরে বসবাস করছি। কিন্তু গতকাল (৪ জুন) সকালে জোয়ারের ধাক্কায় ঘরটি ভেঙে যায়।’ কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাছিনা আকতার জানান, ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে বর্তমানে ১৮টি অংশে ১০ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। আরও ১৭ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ভাঙাবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ২১টি গ্রাম প্লাবিত হয়। জরুরি ভিত্তিতে ভাঙা বাঁধ মেরামত করে প্লাবন ঠেকানো না হলে বর্ষায় দ্বীপের মানুষকে কঠিন সমস্যার মুখোমুখি হতে হবে।ঝুঁকিতে বায়ু বিদ্যুৎকেন্দ্র: কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের এক কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়ে যাওয়ায় রক্ষা করা যাচ্ছে না প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত কুতুবদিয়া বায়ু বিদ্যুৎকেন্দ্রটি। সম্প্রতি এই ভাঙা বাঁধ পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক আবদুল মান্নান জানান, ২০১০-১১ অর্থবছরে উপজেলার তাবলরচর ও আলী আকবর ডেইল এলাকার ভাঙা তিন কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রায় ৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এই বরাদ্দের আওতায় তিনটি প্রকল্পের অধীনে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়। ইতিমধ্যে ১ নম্বর ও ২ নম্বর প্রকল্পের কাজ শেষ হয়েছে। আইনগত জটিলতার কারণে ৩ নম্বর প্রকল্পের আওতায় প্রায় এক কিলোমিটার বাঁধ নির্মাণকাজ বন্ধ রয়েছে। তাবলরচর ও বায়ু বিদ্যুৎকেন্দ্রের পাশের ভাঙা বাঁধ অস্থায়ীভাবে নির্মাণের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী বলেন, এখন পর্যন্ত ওই ভাঙা বেড়িবাঁধ মেরামতের জন্য কোনো বরাদ্দ পাওয়া যায়নি। ফলে সামুদ্রিক জলোচ্ছ্বাসে বায়ু বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি কয়েকটি গ্রামের শত শত বসতবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে রয়েছে।কুতুবদিয়া বাঁচাও আন্দোলনের সভাপতি শাহরিয়ার চৌধুরী জানান, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে এই দ্বীপের প্রায় ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এরপর অবশিষ্ট মানুষের জীবন রক্ষার জন্য ৮৪টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র তৈরি হয়। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে প্রায় সব আশ্রয়কেন্দ্র এখন নড়বড়ে হয়ে পড়েছে।