পূর্ব নাসিরাবাদে চুরির ঘটনায় ছয় দিনেও কেউ গ্রেপ্তার হয়নি
ছয় দিন পেরিয়ে গেলেও নগরের খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকার একটি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। ৬ জানুয়ারি রাত থেকে ৭ জানুয়ারি সন্ধ্যার আগমুহূর্তে এ চুরির ঘটনা ঘটে। এতে দুর্বৃত্তরা নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার চুরি করে। ওই বাড়ির মালিক পুলিশের এক কর্মকর্তা বলে জানা গেছে। এ ঘটনায় ভাড়াটে মো. আমান উল্লাহ ৮ জানুয়ারি খুলশী থানায় একটি মামলা করেন। তাঁর বাসা থেকে ১১৮ ভরি স্বর্ণ ও দুই লাখ টাকা চুরি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘পূর্ব নাসিরাবাদের একটি বাসায় চুরির ঘটনার ব্যাপারে আমরা অবহিত আছি। এ ব্যাপারে খুলশী থানা পুলিশ তদন্ত করছে। চোরদের সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি বলে তদন্তে অগ্রগতি নেই। তবে আমরা মামলাটির জট শিগগির খোলার চেষ্টা করব।’এজাহারে বলা হয়, আমান উল্লাহ ও তাঁর পরিবারের সদস্যরা একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে নাসিরাবাদের বাসা থেকে ৬ জানুয়ারি রাত ১০টায় ফটিকছড়ির উদ্দেশে রওনা হন। পরদিন ৭ জানুয়ারি সন্ধ্যায় তাঁরা নাসিরাবাদের এরপর পৃষ্ঠা ৩ কলাম ৫বাসায় ফেরেন। এ সময় ঘরের জিনিসপত্র তছনছ অবস্থায় ছিল। দুর্বৃত্তরা আলামারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে। মামলার বাদী আমান উল্লাহ বলেন, ‘আমরা পুলিশ পরিদর্শক আবদুর রবের বাড়ির ভাড়াটিয়া। ঘটনার দিন শুধু আমাদের বাসায়ই দুর্ধর্ষ চুরি হয়। আমরা এ ব্যাপারে থানায় মামলা করেছি। পুলিশ এখনো এ বিষয়ে জট খুলতে পারেনি।’