
আমাদের পূর্ব পুরুষেরা এ দেশের জন্য যে ত্যাগ স্বীকার করে গেছেন তাঁদের ত্যাগ ও আদর্শ ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বর্তমানে মানুষ মানবাধিকারের তুলনায় পাশবাধিকারের দিকে অধিক হারে ঝুঁকে পড়ছেন। এ বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে। চট্টগ্রাম প্রেস ক্লাবের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এসব কথা বলেছেন সাহিত্যিক ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ বিশ্বাস।
২০ ডিসেম্বর গুণীজন, কৃতী সাংবাদিক ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব। গুণীজন হিসেবে রণজিৎ বিশ্বাসকে এবং কৃতী সাংবাদিক হিসেবে নূর মোহাম্মদ রফিক ও তমাল চৌধুরীকে এ সংবর্ধনা দেওয়া হয়।
ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম এবং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাশেদ রউফ। অনুষ্ঠান সঞ্চালন করেন ক্লাবের যুগ্ম-সম্পাদক মহসীন কাজী।
প্রধান অতিথি বলেন, রণজিৎ বিশ্বাস সাহিত্যসহ তাঁর কর্মক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। সাংবাদিক নূর মোহাম্মদ রফিক ও তমাল চৌধুরীও নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখেছেন। চট্টগ্রাম প্রেস ক্লাব এসব কৃতী ব্যক্তিদের সংবর্ধিত করে উপযুক্ত দায়িত্ব পালন করেছে।
অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাবের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে প্রধান অতিথি তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।