পূর্বসূরিদের পথেই বাশার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দেড় মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে সিরিয়ায়। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ, রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে সংস্কার, কয়েক দশক ধরে চলা জরুরি অবস্থা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির দাবিতে চলা এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত সাড়ে তিন শর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। তবে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ নতুন কিছু নয়। দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ-অভ্যুত্থান যেমন ঘটেছে, তেমনি তা কঠোরভাবে দমনও করা হয়েছে। গত শতাব্দীর চল্লিশ থেকে ষাটের দশকের শুরু পর্যন্ত সিরিয়ার রাজনীতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর বিভিন্ন অংশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। ১৯৪৯ ও ১৯৫৪ সালে দেশটিতে সামরিক অভ্যুত্থান হয়। ১৯৬৩ ও ১৯৬৬ সালে বাথ পার্টির (বর্তমানে ক্ষমতাসীন) নেতৃত্বে হয় দুটি অভ্যুত্থান। ওই সময়গুলোতে সেনাবাহিনীর মধ্যে গভীরভাবে রাজনীতি ঢুকে পড়ে। সেনাবাহিনীর তরুণ সদস্যরা কমিউনিস্টদের দ্বারা প্রভাবিত হন। তাঁরা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ধরনের সমাজতন্ত্রের দিকে ঝুঁকেছিলেন। বাথিজমে (সমাজতন্ত্র এবং আরব জাতীয়তাবাদ ও সংস্কৃতির মিশেলে বিশেষ মতবাদ) বিশ্বাসীরা আমূল পরিবর্তনের মাধ্যমে নতুন সিরিয়া প্রতিষ্ঠায় উদ্যমী হন। ১৯৫৩-৫৪ সালে সামরিক নেতা জেনারেল আদিব শিশখালি সিরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। দেশটির দক্ষিণাঞ্চলে জাবাল দ্রুজ এলাকার অধিবাসী দ্রুজ সম্প্রদায়ের মানুষ সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। সরকারবিরোধী প্রচারপত্র বিতরণের অভিযোগে প্রেসিডেন্টের নির্দেশে দ্রুজ নেতাদের গ্রেপ্তার করা হয়। এতে বিক্ষোভ শুরু হলে সেনাদের গুলিতে কয়েকজন নিহত হয়। কিন্তু বিক্ষোভ না কমে ভয়াবহ আকার ধারণ করে। ১৯৫৪ সালের ফেব্রুয়ারি মাসে এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শিশখালি।তবে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ দমনে সবচেয়ে বেশি নৃশংসতা হয় ১৯৮২ সালে। ১৯৭১ সালে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ (বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাবা)। ১৯৭৬ সাল থেকে সুন্নিদের আন্দোলন দানা বেঁধে উঠতে থাকে। ১৯৮২ সালের ২ ফেব্রুয়ারি হামা শহরে সরকারি বাহিনীর সঙ্গে চূড়ান্ত মোকাবিলা হয় আন্দোলনকারী সুন্নিদের। প্রেসিডেন্ট আসাদের নির্দেশে সেনাবাহিনী ওই বিক্ষোভে গুলি চালায়। সেই দমন অভিযানে ১০ হাজারেরও বেশি সাধারণ মানুষ নিহত হয়। সহিংসতায় প্রাণ হারান অন্তত এক হাজার সেনাসদস্যও। হামা শহর পরিণত হয় ধ্বংসস্তূপে।দেশ চলতে থাকে আগের মতোই স্বৈরতান্ত্রিক কায়দায়। ২০০০ সালে প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের মৃত্যুর পর ক্ষমতায় আসেন বাশার আল আসাদ। এ সময় বুদ্ধিজীবী ও পেশাজীবীরা রাজনৈতিক সংস্কারের কথা বলতে শুরু করেন। এ আন্দোলন ‘দামেস্ক বসন্ত’ নামে পরিচিত। তবে ব্যাপারটা ছিল মূলত বুদ্ধিজীবীদের আলোচনা। তাই একে সেই অর্থে সরকারবিরোধী আন্দোলন বলা যায় না। এমন একজন বুদ্ধিজীবী সুহায়ের আল আতাশি। তিনি একটি আলোচনা গোষ্ঠী গঠন করেন, যা ২০০৫ সালে সরকার বন্ধ করে দেয়। সম্প্রতি আবার ইন্টারনেটভিত্তিক আলোচনা গোষ্ঠী বা ‘ডিসকাশন গ্রুপ’ গঠন করেন সুহায়ের। সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ায় তাঁকে এবার গ্রেপ্তার করা হয়েছে।সেনাবাহিনী, গোয়েন্দা পুলিশ ইত্যাদি মাঠে নামানো ছাড়াও টাকা-পয়সা দিয়ে কিছু সাধারণ সিরীয়কেও নিজের পক্ষে টেনেছেন আসাদ। তা ছাড়াও তাঁর যে একেবারে সমর্থন নেই, তা-ও নয়। চলমান বিক্ষোভের মধ্যে নিজের পক্ষে জনসমর্থন দেখাতে মার্চের শেষে দামেস্কসহ কয়েকটি শহরে সমাবেশের আয়োজন করেন আসাদ। ওসব সমাবেশে সরকারের টাকা খাওয়া লোকজনের পাশাপাশি যোগ দেন সাধারণ কিছু বাশারভক্তও। বাশার বলছেন, বাইরের ষড়যন্ত্রকারীরা তাঁর দেশকে অস্থিতিশীল করতে সরকারবিরোধিতায় উসকানি দিচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, বাশার সম্ভবত অতীতের মতোই নিপীড়ন চালিয়ে সরকারবিরোধী বিক্ষোভ দমনের পরিকল্পনা নিয়েছেন। কিন্তু এবার সময় ও পরিস্থিতি দুই-ই ভিন্ন। মধ্যপ্রাচ্যজুড়ে গণতান্ত্রিক অধিকারের দাবিতে মানুষ নজিরবিহীনভাবে মাঠে নেমেছে। উত্তর আফ্রিকার তিউনিসিয়ায় শুরু হওয়া বিক্ষোভের ঢেউ মিসর হয়ে ছড়িয়ে পড়েছে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। তবে পর্যবেক্ষকেরা একই সঙ্গে মনে করিয়ে দিচ্ছেন, তিউনিসিয়া, ইয়েমেন বা মিসরের সেনাবাহিনীর সঙ্গে সিরীয় বাহিনীর তফাতের কথাও। সিরিয়ায় সেনাবাহিনীর মধ্যে কিছু কিছু ফাটলের আভাস মিললেও বিশেষ বাহিনীর সংখ্যাগরিষ্ঠ সদস্যই বাশার পরিবারের নিজের আলাবি সম্প্রদায়ের। দীর্ঘ মেয়াদে যা-ই হোক, বাশার আসাদ এ যাত্রায় পার পেয়ে যাবেন সে সম্ভাবনাই বেশি। তবে চলতি ঘটনাপ্রবাহ তাঁকে নিঃসন্দেহে বেশ দুর্বল করে তুলবে।  মাহফুজার রহমান