
পৃথিবী বদলাতে হলে সবাইকে সমান তালে এগিয়ে নিতে হবে। প্রতিষ্ঠা করতে হবে নারী নির্যাতনমুক্ত সমাজ। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় নারীদেরও প্রচেষ্টা চালিয়ে যতে হবে।
গত শনিবার খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত দশম পার্বত্য নারী সম্মেলনে প্রথম অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক (ডব্লিউআরএন) ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি এ সম্মেলনের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। প্রধান বক্তা ছিলেন চাকমা সার্কেলের প্রধান রাজা দেবাশীষ রায়। সম্মেলন উদ্বোধন করেন মং সার্কেলের প্রধান রাজা সাচিং প্রু চৌধুরী। ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জেন্ডার ন্যায্যতা নিশ্চিত করুন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডব্লিউআরএনের রাঙামাটি জেলা সমন্বয়কারী ও আইনজীবী সুস্মিতা চাকমা। খাগড়াছড়ি জেলা সমন্বয়কারী শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য নিগার সুলতানা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য রক্তোৎপল ত্রিপুরা, খাগড়াছড়ি সচেতন নাগরিক কমিটির সভাপতি সুধীন কুমার চাকমা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন, পার্বত্য চট্টগ্রামের সভাপতি টুকু তালুকদার, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব লালসা চাকমা প্রমুখ। তিন পার্বত্য জেলার আড়াই শতাধিক নারীর পাশাপাশি অর্ধশতাধিক পুরুষও সম্মেলনে যোগ দেন।
কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘আমরা যদি নিজেরা ছেলেমেয়েদের সমানভাবে সম্পদের ভাগ বণ্টন করে দেওয়া শুরু করি তাহলে ধীরে ধীরে তা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা পাবে।’
রাজা দেবাশীষ রায় বলেন, পার্বত্য নারীদের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে। অধিকার কতটুকু প্রতিষ্ঠা হয়েছে তা মূল্যায়নের সময় এসেছে। কৌশলগতভাবে নারী অধিকার বিষয়ে চিন্তা করতে হবে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য নিগার সুলতানা বলেন, মুসলিম নারীদের উত্তরাধিকার হিসেবে যে সম্পত্তি পাওয়ার কথা তা পেতে মামলা করতে হয়। অনেক ক্ষেত্রে আইন অনুযায়ী সম্পত্তি পাওয়া যায় না।
দ্বিতীয় অধিবেশনে ডব্লিউআরএন বান্দরবান জেলা সমন্বয়কারী ডনাই প্রু নেলীর সভাপতিত্বে ‘প্রথাগত আইন ও পারিবারিক সহিংসতা’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরী চৌধুরী। তিনি বলেন, প্রথাগত আইনে অনেক সময় সঠিক রায় আসে না। তবে পার্বত্য চট্টগ্রামে হেডম্যান কার্বারিরাও মাঝেমধ্যে বিচার করতে পারেন না। তাঁরা নিজেরাও বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার।
প্রধান বক্তা চাকমা সার্কেলের রানি য়েন য়েন বলেন, ফৌজদারি মামলা প্রথাগত আইনে বিচার হবে না, এটা ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধিতে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তিনি বলেন, সার্কেল প্রধান বা রাজাদের অধীনে মৌজা প্রধান হেডম্যান ও গ্রামপ্রধান কার্বারি রয়েছেন। তবে তাঁদের কাজের মনিটরিং করার মতো জনবল সার্কেল প্রধানদের নেই। এ ক্ষেত্রে সরকার অথবা পার্বত্য জেলা পরিষদগুলো সার্কেল প্রধানদের সহযোগিতা দিতে পারে।
এ অধিবেশনে কয়েকজন হেডম্যান ও কার্বারি তাঁদের অভিজ্ঞতা ও প্রথাগত আইনের ভূমিকা তুলে ধরেন।