পৃথিবীকে বাঁচানোর লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে হলে রক্ষা করতে হবে জীববৈচিত্র্য। ক্ষুদ্র কীটপতঙ্গ থেকে শুরু করে অতিকায় হাতি কিংবা সবুজ উদ্ভিদসহ জীবজগতের প্রত্যেক সদস্য একে অন্যের ওপর নির্ভরশীল। মানুষের অসচেতন ধ্বংসাত্মক কর্মকাণ্ড এই নির্ভরশীলতার চক্রটি নষ্ট করছে। তাই জীববৈচিত্র্য রক্ষার জন্য সচেতনতা সৃষ্টির বিকল্প নেই।এমন লক্ষ্যও উদ্দেশ্য নিয়ে ১৫ অক্টোবর বায়োডাইভারসিটি ক্লাবের আয়োজনে নগরের আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে তিন দিনের জীববৈচিত্র্য উৎসব অনুষ্ঠিত হয়। এ ক্লাবের সদস্যরা সবাই আলিয়ঁস ফ্রঁসেজের শিক্ষার্থী। ক্লাবের বর্তমান সদস্য ১২ জন। তাঁরা ইতিমধ্যে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও বিশদ বাংলার সহযোগিতায় জীববৈচিত্র্য নিয়ে বিভিন্ন কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সরেজমিনে বান্দরবানের বিভিন্ন এলাকার নানা প্রজাতির কীটপতঙ্গ পরিদর্শন, বন ধ্বংসের তথ্য সংগ্রহ ও পরিবেশবান্ধব খাদ্যাভ্যাস গড়ে তোলার চর্চা।বায়োডাইভার্সিটি ক্লাবের সভাপতি মৌটুসী বণিক বললেন, ‘আমরা ২০১০ সালের অক্টোবর মাসে প্রথম চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে জীববৈচিত্র্য উৎসব শুরু করি। প্রথম দিকে আমরা কেবল অনুষ্ঠান করার কথা ভেবেছি। কিন্তু এখন পরিবেশ বাঁচাতে আমরা মাঠপর্যায়ে কাজ করছি। পরিবেশ বাঁচানোর লড়াইয়ে যুক্ত আছি। সচেতন করার উদ্যোগ নিয়েছি বিদ্যালয়ের শিক্ষার্থীদের। এ বছরের উৎসবে চট্টগ্রামের চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের আঁকা ছবি ও কুইজ নিয়ে ছিল আমাদের মূল আয়োজন। এখানেও আমরা জীববৈচিত্র্যের বিষয়টি তুলে আনতে চেষ্টা করেছি।’১৫ অক্টোবর জীববৈচিত্র্য উৎসবে কুইজ, চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রতিযোগিতায় অংশ নিয়েছে লিটল জুয়েলস স্কুল, চিটাগাং গ্রামার স্কুল, ফুলকি ও খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।উৎসবের উদ্বোধন করেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহ্ফুজ আনাম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক স্যামুয়েল বার্থে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের ক্লোদিও ক্যাম্ব, জর্জিয়া গুলডান, বিশদ বাংলার পরিচালক আলম খোরশেদ, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের সভাপতি আদিল হোসেন প্রমুখ। তিন দিনব্যাপী উৎসবের কর্মসূচির মধ্যে ছিল কুইজ, চিত্রাঙ্কন, আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, জীববৈচিত্র্যবিষয়ক আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শন প্রভৃতি। এতে তিন দিনে যথাক্রমে মাইক্রোকসমস, বারাকা ও লা রভিল রেহাম কিউ প্ল্যানটেট দেজ আরবস নামে তিনটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।