পৃথিবীখ্যাত শিল্পীদের আদর-সোহাগের পোষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিড়াল, কুকুর, বানর, শিম্পাঞ্জি, ম্যাকাও, হরিণ, গাধা, ময়ূর, ইগল, হাঁস, মুরগি, তিতির...কী নেই তালিকায়! পৃথিবীখ্যাত শিল্পীরা আদর-সোহাগ-ভালোবাসায় পুষেছেন এমন অনেক প্রাণী। কারও ছোটবেলা থেকেই পোষা প্রাণীর প্রতি এই ভালোবাসা ছিল। কেউ হঠাত্ করেই অভ্যস্ত হয়ে উঠেছেন এই শখে। কিন্তু যেভাবেই হোক না কেন পিকাসো, দালি, কাহলো, হেমিংওয়ে, প্রিসলি ও হেপবার্নের মতো শিল্পীরা পোষা প্রাণীর প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তা অনন্য। পোষ্যের সঙ্গে শিল্পীদের সখ্য নিয়ে বইও লিখেছেন তাঁদের স্বজনরা। বিবিসি এক প্রতিবেদনে এ সম্পর্কে জানিয়েছে।

পাবলো পিকাসো কুকুর পুষতেন। তাঁর সবচেয়ে প্রিয় কুকুর ছিল লুম্প নামের ডাকহুন্ট জাতের একটা কুকুর। ছবি: বিবিসি/মার্ক রিবাউন্ড/ম্যাগনাম ফটোস
পাবলো পিকাসো কুকুর পুষতেন। তাঁর সবচেয়ে প্রিয় কুকুর ছিল লুম্প নামের ডাকহুন্ট জাতের একটা কুকুর। ছবি: বিবিসি/মার্ক রিবাউন্ড/ম্যাগনাম ফটোস

পাবলো পিকাসো

কুকুর পুষতে ভালোবাসতেন স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসো। তবে অনেকগুলো পোষা কুকুরের মধ্যে একটা ডাকহুন্ট প্রজাতির কুকুরের প্রতিই বিশেষ অনুরাগ ছিল তাঁর। এমন অনেকবারই হয়েছে যে দূরে কোথাও বেড়াতে যাওয়ার সময় পিকাসো আর কিছু সঙ্গে নেন বা না নেন লুম্প নামের ওই কুকুরটিকে সঙ্গে নিতে ভুলতেন না। লুম্পের সাবেক মালিক ডেভিড ডগলাস ডানকান ‘পিকাসো ও লুম্প: এক ডাকহুন্টের অমর যাত্রা’ শিরোনামে এক বইয়ে এই চিত্রশিল্পীর কুকুর প্রীতি সম্পর্কে বিশদ জানিয়েছেন। ফ্রান্সের কানে পিকাসোর বাড়িতে লুম্প কীভাবে অন্য সব কুকুরকে ছাড়িয়ে পিকাসোর প্রিয় হয়ে ওঠে তা উঠে এসেছে এই বইয়ে। ডানকান জানিয়েছেন, অনেক কুকুর থাকলেও একমাত্র লুম্পকেই কোলে তুলে নিতেন পিকাসো।

ফ্রিদা কাহলোর প্রিয় হরিণ-শিশু গ্রানিজার সঙ্গে এই ছবিটা তাঁর দীর্ঘদিনের প্রেমিক নিকোলাস মারের তোলা। ছবি: বিবিসি/নিকোলাস মারে ফটো আর্কাইভস
ফ্রিদা কাহলোর প্রিয় হরিণ-শিশু গ্রানিজার সঙ্গে এই ছবিটা তাঁর দীর্ঘদিনের প্রেমিক নিকোলাস মারের তোলা। ছবি: বিবিসি/নিকোলাস মারে ফটো আর্কাইভস

ফ্রিদা কাহলো

নিজ বাড়িতেই হরিণ ছানা, ম্যাকাও, বানর, ইগল আর লোমহীন মেক্সিকান কুকুর পালতেন মেক্সিকান চিত্রশিল্পী ফ্রিদা কাহলো। ফ্রিদার অনেক আত্মপ্রতিকৃতিতেই শিল্পীর সঙ্গে তাঁর পোষা প্রাণীদের দেখা যায়। মাত্র ১৮ বছর বয়সে এক বাস দুর্ঘটনায় মারাত্মক জখমে সন্তান ধারণের ক্ষমতা হারান এই চিত্রশিল্পী। অনেকেই মনে করেন, পোষা প্রাণীদের প্রতি ফ্রিদার প্রবল দুর্বলতা আর আকর্ষণ অনেকটা অনাগত সন্তানের প্রতি স্নেহেরই বহিঃপ্রকাশ।

আর্নেস্ট হেমিংওয়ে বিড়াল পুষতে পছন্দ করতেন। ছবি: বিবিসি/কন্ডে নাস্ট আর্কাইভস/করবিস
আর্নেস্ট হেমিংওয়ে বিড়াল পুষতে পছন্দ করতেন। ছবি: বিবিসি/কন্ডে নাস্ট আর্কাইভস/করবিস

আর্নেস্ট হেমিংওয়ে

শিকারি হিসেবে খ্যাত মার্কিন কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের বেড়াল পোষার প্রতি দুর্বলতা ছিল। একবার এক জাহাজের ক্যাপ্টেন হেমিংওয়েকে স্নোবল নামের একটা বেড়াল উপহার দেন। ওই বেড়ালকে ভালোবেসে ফেলার পর থেকেই তাঁর বেড়াল প্রীতির শুরু। হেমিংওয়ের মৃত্যুর পর তাঁর এক আত্মীয় ‘হেমিংওয়ের বেড়াল: এক সচিত্র জীবনী’ নামের এক বইয়ে এই সাহিত্যিকের বেড়াল পোষার নানা খুঁটিনাটি জানিয়েছেন। হেমিংওয়ের বিশেষ পছন্দের ছিল পলিডাকটিলস বা ছয়-আঙুলের বেড়াল। এমন অনেকগুলো বেড়াল ছিল তাঁর। আঙ্কল বিলি নামে তাঁর একটা বেড়াল গাড়িচাপা পড়ে আহত হলে হেমিংওয়ে নিজে বেড়ালটির মাথায় গুলি করে মৃত্যু যন্ত্রণা থেকে বেড়ালটিকে মুক্তি দেন। ১৯৫৩ সালের এ ঘটনা সম্পর্কে এক চিঠিতে হেমিংওয়ে লিখেছিলেন, ‘অনেক মানুষকেও গুলি করতে হয়েছে, কিন্তু কখনোই ১১ বছর ধরে জানি এবং ভালোবাসি এমন কাউকে নয়।’

প্রিয় কুকুরকে নিয়ে এলভিস প্রিসলি। ছবি: বিবিসি/পিকটোরিয়াল প্রেস/অ্যালামি
প্রিয় কুকুরকে নিয়ে এলভিস প্রিসলি। ছবি: বিবিসি/পিকটোরিয়াল প্রেস/অ্যালামি

এলভিস প্রিসলি

১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের মেমফিসে গ্রেসল্যান্ড ম্যানসনে স্থায়ীভাবে বসবাস শুরুর সময়টায় পোষা প্রাণীর আজন্মের শখ যেন খানিকটা মেটাতে পেরেছিলেন সংগীতশিল্পী এলভিস প্রিসলি। মায়ের জন্য ওই বাড়িতে একটা বাগান সাজিয়েছিলেন প্রিসলি। সেখানে হাঁস, মুরগি, তিতির থেকে শুরু করে গাধাও পালতে পারতেন প্রিসলির মা। কিছুদিনের মধ্যেই ওই বাড়িতে জায়গা করে নিয়েছিল বানর, শূকর, কুকুর এবং বেশকিছু ময়ূরও। পোষা প্রাণীর প্রতি শিল্পীর দুর্বলতার কথা জেনে নানা দেশের ভক্তরা তাঁকে এসব উপহার দিতেন। কিন্তু বাড়িতে আর জায়গা না থাকায় মেমফিস চিড়িয়াখানাকে সেসব দান করে দিতেন প্রিসলি। নিজের ভালোবাসার নারীদের কুকুর উপহার দিতেন প্রিসলি। মাকে সুইট পিয়া নামের একটা কুকুর আর বউ প্রিসিলাকে একটা পুডল জাতের কুকুর উপহার দিয়েছিলেন প্রিসলি।

সালভাদর দালির সঙ্গে তাঁর প্রিয় বামন-চিতার একটা। ছবি: বিবিসি/কিস্টোন/গেটি
সালভাদর দালির সঙ্গে তাঁর প্রিয় বামন-চিতার একটা। ছবি: বিবিসি/কিস্টোন/গেটি

সালভাদর দালি

সালভাদর দালির প্রিয় ছিল একজোড়া অসেলট। বামন-চিতা নামে পরিচিত এই জাতের বুনো বেড়াল দুটো দালিকে উপহার দিয়েছিলেন দক্ষিণ আমেরিকার এক রাষ্ট্রপ্রধান। দালি প্রায়শই ‘বাবোও’ ও ‘বাওবা’ নামের ওই বুনো-বিড়াল দুটোকে সঙ্গে করে রেস্তোরাঁতেও নিয়ে যেতেন। আর প্রতিবারই কোথাও না কোথাও কিছু না কিছু অঘটন ঘটাতো ওই নচ্ছার বেড়াল দুটো। একবার প্যারিসের এক রেস্তোরাঁর মালিক অভিযোগ করলেন যে, দালির বামন চিতারা তাঁর রেস্তরাঁর ১৭ শতকের খোদাই কর্মের ক্ষতিসাধন করেছে। জবাবে দালি বলেছিলেন, ‘দালির করা ক্ষতি কেবল সেগুলোর দামই বাড়িয়ে দিতে পারে।’ হয়েছিলও তাই রেস্তরাঁর ক্ষতিগ্রস্ত শিল্পকর্মের দাম দ্বিগুণ বেড়ে গিয়েছিল।

প্রিয় হরিণ-শিশু ইপকে কোলে নিয়ে অড্রে হেপবার্ন। ছবি: বিবিসি/বেটমান/করবিস
প্রিয় হরিণ-শিশু ইপকে কোলে নিয়ে অড্রে হেপবার্ন। ছবি: বিবিসি/বেটমান/করবিস

অড্রে হেপবার্ন

১৯৫৯ সালে ‘গ্রিন ম্যানশন’ নামের চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে একটা হরিণ ছানার সঙ্গে সখ্য গড়ে তুলতে হয়েছিল অভিনেত্রী অড্রে হেপবার্নকে। সিনেমার কাহিনিটা এমন ছিল যে, ভেনিজুয়েলার জঙ্গলে একটা হরিণ ছানা একটা মেয়েকে অনুসরণ করতে থাকে। হেপবার্নের প্রশিক্ষক তাঁকে পরামর্শ দেন হরিণ ছানাটিকে বাড়িতে নিয়ে গিয়ে ওর সঙ্গে সখ্য বাড়াতে। পরে হেপবার্নের সঙ্গে ওই হরিণ শিশুর এতটাই সখ্য হয়েছিল যে বহু বছর ‘ইপ’ নামের ওই হরিণটাকে ছাড়তে পারেননি তিনি। এক সাক্ষাত্কারে হেপবার্ন জানিয়েছিলেন, ‘আমি সারা বাড়ি ওর পেছন পেছন ছুটতাম আর ফিডারে করে খাওয়াতাম ওকে।’ একবার ইপকে বেভারলি হিলসের এক সুপার মার্কেটে নিয়ে গিয়েছিলেন এবং বিশেষভাবে বানানো একটা বাথটাবে গোসল করিয়েছিলেন হেপবার্ন। এই অভিনেত্রী লিখেছেন, ‘আমার নিজের সন্তান নেই, কিন্তু আমি ইপের কাছ থেকে অনেক কিছু শিখেছি।’