পৃথিবীর শ্রেষ্ঠ মা
আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। যেকোনো সন্তানের কাছেই তার মা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মা। এটাই স্বাভাবিক। যে সন্তানেরা তার মাকে শ্রেষ্ঠ মা ভাবে না, তাদের মতো দুর্ভাগা খুব কমই আছে। এই পৃথিবীতে সন্তান ও মায়ের বন্ধনের সঙ্গে অন্য কোনো বন্ধনেরই তুলনা হয় না। মায়ের তুলনা শুধু মা-ই। দু-চার শ কাব্য লিখেও মায়ের সম্পর্কে কিছুই লেখা হবে না। আর সাত-আট শ শব্দে তো মায়ের ভূমিকাও লেখা যাবে না। তাও আবার আমার মা।আজকাল বিভিন্ন ফরম বা অ্যাপ্লিকেশনে মায়ের নাম লেখার আলাদা একটা জায়গা থাকায় আমার ভীষণ ভালো লাগে। এতে গর্ব করে আমি বাবার পাশাপাশি মায়ের নামও লিখতে পারি।আমার মা ‘আছিয়া আশরাফ’ একজন সুগৃহিণী এবং আদর্শ মা। কেননা আমার মায়ের ধ্যান-জ্ঞান-প্রেম-ভালোবাসা-পেশা-নেশা—সবই তাঁর সন্তানেরা। পৃথিবীর অন্যসব মায়ের মতো আমার মা-ও তাঁর প্রত্যেক সন্তানকেই সমান ভালোবাসেন, কিন্তু আমি মনেপ্রাণে চাই আমার মা আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসুক আর দোয়া করুক। মায়ের দোয়া নিয়েই আজ আমি এত ভালো অবস্থানে আছি। সন্তানের জন্য যেমন মায়ের দুধের বিকল্প নেই, তেমনি মায়ের দোয়ারও বিকল্প নেই। তাই প্রত্যেক সন্তানের উচিত মায়ের প্রতি দায়িত্ব শ্রদ্ধা, ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে পালন করা।পৃথিবীর সবকিছু পরিবর্তনশীল। দিনে দিনে আমি বদলেছি, আমার পারিপার্শ্বিক অবস্থান বদলেছে। ফুল-পাখি-প্রকৃতি—সবই বদলেছে। শুধু বদলায়নি আমার মায়ের ভালোবাসা। প্রথম আলোর ‘বদলে যাও বদলে দাও’ স্লোগানটি যেন মায়ের কাছে এসে থমকে গেছে। এই স্বল্প পরিসরের লেখায় আমি আমার মায়ের ভালোবাসার কিছু নমুনা তুলে ধরব। সম্ভবত ২০০১ সালের ঘটনা। জবাবদিহি ছবির একটি স্টিল ফটো আমার ক্যান্টনমেন্টের বাসায় পাঠানো হয়। আমার মা ছবিটা দেখে কান্নাকাটি করতে করতে অজ্ঞান হয়ে যান। ওই ছবিতে আমার রক্তাক্ত চেহারা, সারা গায়ে মারধরের দাগ ছিল। আর আমাকে ফেলে রাখা হয়েছিল একটা ডাস্টবিনের পাশে। মাকে কোনোভাবেই বোঝানো সম্ভব হচ্ছিল না যে, ওটা ছিল অভিনয়। অগত্যা আমাকে বাড়ি ফিরে আসতে হয়। আমাকে দেখে তবেই যেন মা শান্ত হন। কী যে ভালো লাগে আমার মায়ের এমন নিখাদ ভালোবাসা পেতে। আরেকটা ঘটনা বলি—তখন আমরা নারায়ণগঞ্জে থাকি। আমাদের বাসার সামনে বড় একটা পুকুর ছিল। আমি, আমার ছোট বোন আলো এবং আরও বন্ধুরা মিলে নৌকায় ঘুরছিলাম। হঠাৎ নৌকা উল্টে যায়। আমাদের চিৎকার-চেঁচামেচি শুনে আমার মা নিজের জীবনের পরোয়া না করে পানিতে লাফ দেন। প্রাণপনে সাঁতরাতে থাকেন। মা নিজের জীবনবাজি রেখে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসেন আমাদের দুই ভাই-বোনকে। শুটিংয়ের জন্য মাঝেমধ্যে প্রতি সপ্তাহেই আমাকে বিদেশ (ভারত) যেতে হয়। বিদেশ যাওয়াটা এখন অনেকটা ডাল-ভাত। সবার কাছেই এটা সহনীয় হয়ে গেছে, শুধু ব্যতিক্রম আমার মা। প্রতিবার বিদেশ যাওয়ার সময়েই মায়ের চোখে জল। আমার বিদায়বেলা তা যত সংক্ষিপ্তই হোক না কেন, আমার মায়ের জন্য সেটা অসহনীয়। প্রতিবার যাওয়ার সময়ই মা বলবেন, ‘আর কাজ না করলে হয় না?’ আমি নির্বাক হয়ে মায়ের মুখের দিকে চেয়ে থাকি। এখন অবশ্য, আমার মায়ের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে আমার আরেক মা—‘আমার ছোট মা’। সে-ও আজকাল ঢাকার বাইরে কোথাও যাব শুনলেই ছলছল চোখে আমার পাশে এসে দাঁড়াবে। তারপর জড়িয়ে ধরবে আর আদুরে গলায় বলবে, ‘বাবান প্লিজ যেয়ো না, তুমি চলে গেলে আমার ভালো লাগে না।’ নিশ্চয়ই বুঝতে পারছেন কে? নুজহাত—নুজহাত ফেরদৌস আমার স্মল মাদার। আজকাল নুজহাত আমাকে তার কোলে শুইয়ে আদর করে আর বলে, ‘আমার ছেলে, আমার বেবি, আমি তোমার মা’। ওর কথা শুনে আমার মা টিপ্পনী কেটে বলেন, ‘নতুন মা পেয়ে আবার আমাকে ভুলে যেয়ো না।’ আমার দুই মায়ের লড়াই আমি ভীষণ উপভোগ করি।‘মা, তোমাকে ভোলার প্রশ্নই ওঠে না, তোমার জন্যই তো আমি। তুমিই তো আমার অস্তিত্ব। আমি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করি, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, হাসিখুশি থাকো। আমি আরও দোয়া করি, যতবার আমাকে এই পৃথিবীতে পাঠানো হবে, ততবারই যেন তোমার গর্ভে আমাকে জন্ম দেওয়া হয় তোমার সন্তান হিসেবে। মা, আমি তোমাকে ভালোবাসি। অনেক-অনেক-অনেক ভালোবাসি।