২০১০-এর পয়লা দিন, প্যারিসের বাতাসে হিমের আমেজ। সকালের কড়া কফিও হাড়ে কাঁপনতোলা বাতাসের বিরুদ্ধে খুব একটা সুবিধা করতে পারছে না। একগাদা শীতের কাপড় পরে জবুথবু হয়ে আমরা দাঁড়িয়ে আছি পের ল্য সেজের গেটে। প্যারিসের সবচেয়ে বড় কবরস্থান পের ল্য সেজ। তার চেয়েও বড় কথা, সারা পৃথিবীতে এর চেয়ে বেশি দর্শনার্থী আর কোনো কবরস্থানে দেখা যায় না! হবে না-ই বা কেন, এত বিখ্যাত সব দার্শনিক, চিত্রকর, সংগীতজ্ঞ, লেখক, রাজনীতিবিদ, রুপালি পর্দার তারকা—সে ফরাসিই হোক কি ভিনদেশি; নানা ধর্মের, নানা মতের—সবারই শেষ বিশ্রামস্থল হিসেবে পের ল্য সেজ পরিণত হয়েছে লাখো মানুষের অবশ্যদ্রষ্টব্য স্থানে, আর সেই সঙ্গে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত কবরস্থানে। প্রায় ১২০ একরের এই কবরস্থানে তিন লক্ষাধিক কবর আছে, আর আছে মাকড়সার জালের মতো বিছানো অসংখ্য আঁকাবাঁকা পথ। কাজেই প্রথমেই ফটকে দুই ইউরো দিয়ে মানচিত্র কিনে নিতে হলো, যাতে যেখানে যেতে চাই, সেখানে যেন অল্প হয়রানির পরেই পৌঁছাতে পারি। বিভিন্ন বিখ্যাত ব্যক্তির শেষ আশ্রয়স্থল হওয়ার সঙ্গে সঙ্গে পের ল্য সেজে রয়েছে প্যারিসের অন্যতম দৃষ্টিনন্দন সবুজে ছাওয়া পার্ক আর সেই সঙ্গে আকর্ষণীয় সব স্থাপত্যের সমাহার। আসলে প্রতিটি কবরের এপিটাফই তো অন্যটির চেয়ে আলাদা, আপন বৈশিষ্ট্যে স্বকীয়। প্রথমেই হাতের মানচিত্র অনুযায়ী কাছের হওয়ায় এগোলাম ফরাসি সাহিত্যে নতুন দিক উন্মোচনকারী বালজাকের সমাধির দিকে। সমাধির ওপরে তাঁর আবক্ষমূর্তি, ইতস্তত ছড়ানো কিছু ফুল। পরের গন্তব্য ফ্রান্সের অন্যতম সেরা চিত্রকর ইউজেন দেলাক্রোয়ার সমাধি, যাঁরা আঁকা অসংখ্য অমূল্য চিত্রকর্ম শোভা পাচ্ছে ল্যুভসহ অন্যান্য জাদুঘরে। জাঁকালো এক কালো রঙের কফিনসদৃশ্য এপিটাফ পেয়েছেন ভদ্রলোক, যার ওপরে তাঁর বিখ্যাত নাম সোনালি রঙে লেখা। ভক্তদের ভিড়ের সঙ্গে সঙ্গে সেখানে বাড়ছে রংঝলমলে ফুলের সংখ্যা। বিদায় নিয়ে আমরা এগোলাম সাহিত্যের আরেক দিকপাল মার্সেল প্রুস্তের সমাধির দিকে, সেখান থেকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রূপকথা লেখক অস্কার ওয়াইল্ডের সমাধির দিকে। জেলখাটা এই আইরিশ লেখক শেষ আশ্রয় নেন প্যারিসে। এখানেই মাত্র ৪৬ বছর বয়সে জীবনাবসান ঘটে তাঁর। কল্পকথার নায়কদের মতো জীবনের অধিকারী অস্কার ওয়াইল্ডের সমাধির ওপর শোভা পাচ্ছে বিশাল এক চতুষ্কোণ স্থাপত্য, যার একপাশে খোদাই করা আছে উড়ন্ত দেবদূত, আর আছে অসংখ্য ভক্তের লেখা মন্তব্য, লাল লিপস্টিকে রমণীদের ঠোঁটের ছাপ, তাঁর নামের ওপরে এক অন্ধ ভক্ত লিখে রেখেছে—এখানে শুয়ে আছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি।চারপাশের এত অসংখ্য সমাধির ভিড়ে বুঝতে পারলাম কেন প্যারিসের অধিবাসীরা পের ল্য সেজকে বলে মৃতের শহর। সূর্য ঘন মেঘের আড়ালে ঢাকা, তার ওপর এই ঠান্ডা বাতাসের অত্যাচারে সবগুলো গাছ পাতাশূন্য ন্যাড়া অবস্থায় দাঁড়িয়ে আছে। থেকে থেকে কুণ্ডলি পাকিয়ে কুয়াশা—উপযুক্ত পরিবেশ বটে কবরস্থান পরিদর্শনের। আর সেই সমাধিগুলোও একেকটা দেখার মতো। হয়তো তেমন বিখ্যাত কেউ নন কিন্তু এপিটাফে আছে নয়নজুড়ানো ভাস্কর্য, বিশালাকার মূর্তি বা স্তম্ভ, ছবি। সব তো আর একদিনে দেখা সম্ভব নয়, তাই মানচিত্র দেখে বেছে বেছে এগোচ্ছি। শ্রদ্ধাভরে দাঁড়ালাম প্যারিসে বসবাসরত এই শতাব্দীর সেরা ইতালির চিত্রকর অ্যামোদিও মদিগিলিয়ানির সমাধির সামনে। তাঁর স্মৃতির উদ্দেশে লাল, গোলাপি, হলুদ, সাদা নানা বর্ণের গোলাপ রেখে যাচ্ছে ভক্তরা। আহা! নিজের অজান্তেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তাঁর আঁকা ছবি দেখলেই বোঝা যায় এমন গোলাপরাঙা গাঢ় রঙের পাগল ভক্ত ছিলেন মদিগিলিয়ানি, কিন্তু তাঁর জীবনটা এমন রঙিন হয়নি। মাত্র ৩৫ বছর বয়সে কপর্দকশূন্য অবস্থায় রোগে ভুগে মারা যান তিনি। তাঁর মৃত্যুর দিন দুই পরেই প্রেমিকা জেনও গর্ভে সন্তান নিয়ে শোকে আত্মহৎযা করেন। এখন এক সমাধিতেই তাঁদের আশ্রয়স্থল।পের ল্য সেজের উদ্বোধন করেছিলেন স্বয়ং সম্রাট নেপোলিয়ন ৮০৪ সালে, কিন্তু এর নামকরণকরা হয়েছে পিয়েরে দ্যলা সেজের নামে, যিনি ছিলেন রাজা ১৪তম লুই এর রাজকীয়পাদ্রি, যাঁর সমাধিও এখানেই অবস্থিত।বিখ্যাত ফরাসি গায়িকা এডিত পিয়াফ ও গায়ক হেনরি সালভাদরের সমাধিতে ভিড় দেখে বেশি কাছে যাওয়া সমীচীন মনে হলোনা, তার বদলেখুঁজে খুঁজে গলদঘর্ম হয়ে বের করলাম নাদারের সমাধি। কে এই নাদার? ফেলিক্স নাদার পরিচিত ছিলেন রূপকথার রাজপুত্র হিসেবে, ছিলেন একাধারে লেখক, আলোকচিত্রগ্রাহক, দুঃসাহসী অভিযাত্রী, বেলুন উড্ডয়নের বিশেষজ্ঞ। আর শিল্পী, সাহিত্যিক, অভিযাত্রী—সব গুণীমানুষের সঙ্গে ছিলতাঁর অকৃত্রিম বন্ধুত্ব।ক্লদ মোনে নাদারকে উৎসর্গ করেছেন তাঁর পেইন্টিং, বোদলেয়ার তাঁর অমর কবিতা।১৯৮৩ সালে এক বিশাল বেলুন ওড়ানোর চেষ্টা করেছিলেন নাদার, সেখান থেকেই উৎসাহিত হয়েকল্পবিজ্ঞানের রাজা জুল ভার্নের অন্যতম শ্রেষ্ঠ রচনা চাঁদে অভিযানের কেন্দ্রীয় চরিত্র যে মাইকেল আদা, তার নামটি নাদার থেকে নেওয়া (ফরাসি ভাষায় আদা, Ardan-কে উল্টালেই নাদার হয়!)। দেখেশান্তি পেলাম, সবুজে ঘেরা এক কোণে শ্যাওলা আর ঘাসে ছাওয়া নিরিবিলিতে অনন্ত বিশ্রাম নিচ্ছেন এই অসীম সাহসীমানুষটি।এর পরে দেখলাম পাশাপাশি দুই সমাধিতে ফরাসিসাহিত্যের অন্যতম পঠিত কবি ল্য ফতেঁ ও হাসির রাজা হিসেবে খ্যাত নাট্যকার মলিয়েরের সমাধিক্ষেত্র। প্রায় চার শ বছর আগে দুজনেরই মৃত্যু ঘটলেও পরে অতি গুরুত্বপূর্ণব্যক্তি হিসেবে তাদের শবাধার নতুন করে আনা হয় পের ল্য সেজে। এই কবরস্থানে কোন সমাধির আশপাশে ভিড় দেখলেই অথবা ফুলের তোড়ার সমাহার দেখে বোঝা যাবে সেটা কোনো না কোনো বিখ্যাত ব্যক্তির সমাধি। তবে ব্যতিক্রম যে নেই তা নয়, এপিটাফ হিসেবে সুউচ্চ এক মিসরীয় ওবেলিস্ক নিয়ে দাঁড়িয়ে আছে হায়ারোগ্লিফিকস পাঠোদ্ধারের জনক জঁ ফ্রাসোয়া শাপেলিয়রের সমাধি। কোনো ভিড় নেই সেখানে বা নাদারের সমাধিতে। এরপর গন্তব্য এখানকার সবচেয়ে বেশি দর্শনার্থী যে সমাধি দেখতে আসে এবং সেখানে সবচেয়ে বেশি সময় কাটায়, সেই জিম মরিসনের সমাধি। ১৯৭১ সালে মাত্র ২৭ বছর বয়সে প্যারিসে এক হোটেল মারা যান সর্বকালের অন্যতম সেরা এই রক তারকা, যিনি ছিলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দ্য ডোরসের মূল গায়ক। আজও কোটি কোটি ভক্তের মনে উন্মাদনা জাগায় তাঁর কণ্ঠ, তাঁর সংগীত, তাঁর সৃষ্টি। মেঘে মেঘে বেলা গড়িয়েছে অনেক, সেখান থেকে অতিপ্রিয় দুই ফরাসি ল্যান্ডস্কেপ চিত্রকর কামিল আর কামিল পিসারোর সমাধিতে (উল্লেখ্য, এই দুজনই আছেন তাঁদের পারিবারিক সমাধিতে অর্থাৎ পরিবারের সবার দেহাবশেষ এক শবাধারে রাখা) শ্রদ্ধা জ্ঞাপন করে চললাম সেদিনের শেষ গন্তব্যে।