
‘ভিনগ্রহের প্রাণীরা’ আমাদের এই পৃথিবীর সুন্দর পরিবেশ আর বিপুল সম্পদের সন্ধান পেয়ে গেলে কী হবে, তা নিয়ে বিজ্ঞানীদের অনেকে বহু দিন ধরেই চিন্তিত। নন্দিত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তো ইতিমধ্যে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘অন্য গ্রহের প্রাণীরা’ মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান।
তাহলে সম্ভাব্য আক্রমণ থেকে পৃথিবীকে রক্ষার উপায় কী? যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দুই জ্যোতির্বিদ ডেভিড কিপিং ও অ্যালেক্স টিচির প্রস্তাব, বিপুল পরিমাণ লেজার রশ্মি ব্যবহার করে আমাদের এই গ্রহকে ‘ভিনগ্রহের বাসিন্দাদের’ দৃষ্টির আড়াল করা যেতে পারে।
কিপিং ও টিচি বলেছেন, ‘ভিনগ্রহের প্রাণীরা’ হয়তো মানুষের মতোই অন্য কোথাও বসতি স্থাপনের লক্ষ্যে অনুসন্ধান চালাচ্ছে। ফলে তারা নিশ্চয়ই খেয়াল করবে নক্ষত্রকে আবর্তনকারী একেকটি গ্রহের আলো কমে যাওয়ার ব্যাপারটা। এভাবে তারা একসময় পৃথিবীর অস্তিত্ব জেনে যাবে। গ্রহগুলোর নিজস্ব কোনো আলো নেই। খালি চোখে সেগুলোকে একেকটি কালো বিন্দুর মতো দেখায়। কিন্তু সৌরজগতের বাইরের গ্রহগুলোর অবস্থান অনেক বেশি দূরে। সেখান থেকে কেউ দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ ব্যবহার করে এই পৃথিবীকে যদি দেখতে পায়, হয়তো এখানে আসার পরিকল্পনা নিতে পারে। তাই এ ধরনের আগমন রুখতে নিয়ন্ত্রিত লেজার রশ্মির ছদ্ম আবরণ তৈরি করে ‘ভিনগ্রহের বাসিন্দাদের’ বিভ্রান্ত করতে হবে। আর এভাবে পৃথিবীকে তাদের চোখের একেবারে আড়ালে রাখাও সম্ভব।
এ বিষয়ে অধ্যাপক কিপিং ও তাঁর ছাত্র টিচির একটি গবেষণা প্রতিবেদন রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির (আরএএস) মান্থলি নোটিশেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) কেপলার স্পেস টেলিস্কোপ যন্ত্রের সাহায্যে এ পর্যন্ত প্রায় এক হাজার নতুন গ্রহের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। কিপিং ও টিচি মনে করেন, ‘ভিনগ্রহের প্রাণীরাও’ নিশ্চয়ই এ রকম যন্ত্র দিয়ে বসবাসযোগ্য নতুন গ্রহের খোঁজ করবে। তাই পৃথিবীকে আড়াল করতে প্রতিবছর একবার টানা ১০ ঘণ্টা ধরে ৩০ মেগাওয়াটের নিরবচ্ছিন্ন লেজার প্রবাহ ব্যবহারের কৌশল অবলম্বন করতে হবে। এতে ‘ভিনগ্রহের প্রাণীদের’ কাছে মনে হবে, এই পৃথিবীতে কখনো প্রাণের অস্তিত্ব ছিলই না।