পৃথ্বীর কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: রোমেল বড়ুয়া
আঁকা: রোমেল বড়ুয়া

পৃথ্বীর বয়স মোটে চার বছর তিন মাস। তবে তার কথাবার্তা শুনলে মনে হবে আশি কালের বাসি বুড়ি! পৃথ্বীর গল্প বললেন তার বাবা কার্টুনিস্ট আবু হাসান

এক.
প্রথম দিন স্কুলে গেল পৃথ্বী। আমরা খুব টেনশনে আছি। ক্লাসে থাকবে তো? রাতে অফিস থেকে ফিরে জানতে চাইলাম, ‘আজ স্কুলে কী কী পড়াইছে?’ পৃথ্বীর ঝটপট জবাব, ‘জুতা আর মোজা পরাইছে’!

দুই.
পরদিন আবার জানতে চাইলাম, ‘টিচার ক্লাসে কী করায়? কিছু পড়ায়?’
পৃথ্বীর উত্তর, ‘না, কিছু পড়ায় না। ছুধু (শুধু) বসায় রাখে আর ঘ্যানঘ্যান করে।’

তিন.
রোজ সকালে পৃথ্বীকে স্কুলের ইউনিফর্ম পরানো বেশ কষ্টসাধ্য ব্যাপার। অনেক বলে-কয়ে, কখনো কিছুটা ধমক কিংবা চুইংগাম কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সফল হওয়া যায়। একদিন স্কুল থেকে নিয়ে আসার পর আমার স্ত্রী শিউলী পৃথ্বীকে বলল, ‘তুমি তো স্কুলে যেতে চাও না। তিন দিন স্কুল বন্ধ। যাও, এবার নাকে তেল দিয়ে ঘুমাতে পারবে।’
বিকেল গড়িয়ে রাত। আমরা শুয়ে পড়েছি। পৃথ্বী বসে আছে। তাকে শুতে বললাম। সে বলে বসল, ‘মা, নাকে তেল দিবা না?’

চার.
আমি সোফায় বসে আছি। শিউলী পত্রিকা পড়ছে। পৃথ্বী বারবার বলছে, ‘মা, আমাকে খেলনা দিবা বলছিলা, এখন দাও।’ শিউলী কিছুটা বিরক্ত হয়ে বলল, ‘দাঁড়াও, দিচ্ছি!’ পৃথ্বী ওমনি সোফার ওপর দাঁড়িয়ে বলল, ‘মা, দাড়াইছি তো!’

পাঁচ.
পৃথ্বী বাথরুমে যাওয়ার কথা টিচারকে বলে না। তাই জানতে চাইলাম, কে সে এটা করে। ‘ফিঙ্গার ফ্যামিলি’ রাইমের ভক্ত পৃথ্বী বলল, ‘আমি তো টিচারকে (কনিষ্ঠ আঙুল বাঁকা করে, যা আমি শিখিয়েছিলাম) দেখাইছি, বেবি ফিঙ্গার শিস করতে যাবে! টিচার বোঝেই না!’

ছয়.
সম্প্রতি আমরা সেন্ট মার্টিন আইল্যান্ডে বেড়াতে গিয়েছিলাম। প্রখ্যাত এক চিকিত্সক ছিলেন আমাদের দলে। আমরা যখন রিসোর্টে যাওয়ার জন্য হাঁটছি, তখন ডাক্তার সাহেব পৃথ্বীকে বললেন, ‘একটু দাঁড়াও, একটা ছবি তুলি।’ যেই না আমি দাঁড়ালাম অমনি পৃথ্বী বলে উঠল, ‘এমনিতে আমাদের সময় নাই...!’ শুনে আমরা থ!

সাত.
আমরা যে বাসায় থাকি, সেটার পঞ্চম তলায় থাকেন আরিফ মামা। তিনি পৃথ্বীকে রঙের নাম বলতে বললেন। একে একে রেড, গ্রিন, হোয়াইট বলার পর পৃথ্বী নীল রংকে ‘লু’ বলল। তখন মামা বললেন, ‘লু নয়, ওটা হবে “ব্লু”।’ পৃথ্বীর জবাব, ‘আমি ব্লু বলতে পারি না, তাই “লু” বলি।’

আট.
পাঁচতলা থেকে রাস্তা দেখা যায়। বারান্দায় দাঁড়িয়ে পৃথ্বী হঠাৎ চিত্কার করে উঠল, ‘কত্তগুলা ছোট বাবু যাচ্ছে!’ তার মা দৌড়ে গিয়ে দেখে, কোনো ‘ছোট বাবু’ নেই। ওপর থেকে পথচারীদের দেখতে ছোট দেখাচ্ছে বলেই পৃথ্বী তাদের ‘ছোট বাবু’ বলছে!

নয়.
সন্ধ্যায় মার্কেটে যাওয়ার জন্য বের হচ্ছি। শীতের সন্ধ্যা, তাই পৃথ্বীকে কয়েকবার অনুরোধ করেও সোয়েটার বা জ্যাকেট পরানো যাচ্ছে না। একসময় বিরক্ত হয়ে তার মাকে বললাম, ‘জ্যাকেটটা নাও। বাইরে শীত লাগলে ও কেন, ওর বাপও পরবে।’ অমনি হো হো করে হেসে পৃথ্বী বলল, ‘বাবা, ওইটা তোমার ছুতো (ছোট) হবে!’

দশ.
স্কুলের শিক্ষকের অভিযোগ, পৃথ্বী কথা বলে না। শিক্ষকের সামনে ওর কাছে জানতে চাইলাম, ‘কথা বলো না কেন?’ পৃথ্বী মুখটা গম্ভীর করে বলল, ‘আমি তো বাছায় (বাসায়) কথা বলি।’ আমি বললাম, ‘ও, তার মানে স্কুলে রেস্ট নাও?’

এগার.
পৃথ্বী প্রায় সারা দিন ধরে খেলছে। একটুও খেতে চাইছে না। খাবার নিয়ে তার মা অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে বলল, ‘না খেলে আর খাবার দেব না। খাবারও বন্ধ, খেলাও বন্ধ।’ অমনি সে বলে উঠল, ‘খাবার বন্ধ, খেলা খোলা!’