কক্সবাজার হয়ে চলে যাব টেকনাফে। অন্তত এমনই কথা ছিল। কিন্তু মাঝপথে মন কেড়ে নিল রেজু খাল। সেতুর ওপর নামতেই হলো বাধ্য হয়ে। সাম্পান আর রঙিন পালের কয়েকটা ছবি ওঠালাম দ্রুত। এরপর খালের পাড়ে নামলাম আমরা কজন। একটু দূরে ওপারে অপরূপ ঝাউবন। রেজু খালের পানির রং নীলাভ, ঠিক যেমনটা বাইরের দেশে দেখা যায়। একজন জেলেকে দেখলাম খালের পাড়ে তাজা মাছ বিক্রি করতে। মূল রাস্তার ওপর উঠে আরেকটু সামনে এগোলেই সামুদ্রিক প্রাণী জাদুঘর। হাঙর, তলোয়ার মাছ থেকে শুরু করে অতিকায় তিমিসহ গভীর সমুদ্রের সব প্রাণী এখানে হাজির। স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞেস করে জানলাম, পেঁচার দ্বীপের অনেক পরিচয়ের মধ্যে এটি জেলেদের গ্রাম। নিজেরাই ঘুরে দেখলাম, কীভাবে গাছের গুঁড়ি দিয়ে মাছ ধরা নৌকা বানানো হয়। এই পেঁচার দ্বীপেই আছে মারমেইড ইকো রিসোর্ট, যেখানে দেশি-বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে সব সময়। ইকো রিসোর্ট ছাড়িয়ে আমরা এগোলাম সামনে।হাতে খুব বেশি সময় নেই। আমরা চলে আসব। হঠাৎ দেখি এক জায়গায় দারুণ হইচই! একজন কাঠুরের হাতে ধরা পড়েছে একটা বনরুই। লোকটা রশি দিয়ে বেঁধে রেখেছে অবলা প্রাণীকে। আমরা তাকে খুব অনুরোধ করলাম বনরুই ছেড়ে দেওয়ার। এটি বিলুপ্তপ্রায় প্রাণী, কে না জানে। লোকটা আমাদের কথা শুনল না। সে ওই প্রাণীকে বিক্রি করতে চায়। খুব ইচ্ছে করছিল লোকটাকে বুঝিয়ে বলি, কিন্তু সেটা আর বলা হলো না। পেঁচার দ্বীপের সেই অসহায় বনরুইয়ের ছবি এখনো চোখে ভাসে।রেক্সি ডমিনিক গমেজঢাকা