পেঁপে চাষ করে বেচতে পারছেন না সাজেকের চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপণনের সুব্যবস্থা না থাকায় ব্যাপক হারে পেঁপে চাষ করেও লোকসান গুনছেন সাজেকের চাষিরা। অনুন্নত যোগাযোগব্যবস্থা অতিরিক্ত পরিবহন ব্যয়ের কারণে খরচ পুষিয়ে নিতে পারছেন না তাঁরা। তাই পেঁপে চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন তাঁরা। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন দুর্গম পাহাড় বেষ্টিত। সাজেক ইউনিয়নের কংলাক পর্যন্ত সড়ক নির্মিত হলেও যানবাহন চলাচলের মতো গ্রামীণ সড়ক না থাকায় উৎপাদিত পণ্য পরিবহনে অসুবিধা হয়। বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে, সাজেক ইউনিয়নে কমপক্ষে ২০ একর জায়গায় পেঁপে চাষ হয়। তবে স্থানীয়দের ধারণা, বাস্তবে অনেক বেশি জায়গায় পেঁপে চাষ হয়। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ওই সড়কে চলাচলকারী একমাত্র যান হুড খোলা জিপ (চান্দের গাড়ি)। স্থানীয় মাসালং বাজারের হাটের দিনেই শুধু (শুক্রবার) এই গাড়ি চলে। অন্যান্য দিনে কোনো যানবাহন চলে না। কংলাক মৌজার হেডম্যান চুংমিং থাঙয়া জানান, তিনি সাত একর জায়গায় জুম চাষ করেছেন। জুম চাষের সঙ্গে পুরো জুম খেতে পেঁপে বীজ ছিটিয়েছেন। এখন সেই বীজ থেকে ফল আসা শুরু হয়েছে। কিন্তু তিনি পেঁপে বিক্রি করতে পারছেন না। সাজেক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য লাল লিয়ান থোনা পাঁচ একর জায়গায় পেঁপে চাষ করেছেন। তাঁরও একই অবস্থা। রুইলুই ৯ নম্বর এলাকার জুমচাষি প্রেমলাল চাকমা জানান, তিনি সড়কের পাশে তিন থেকে সাড়ে তিন একর জায়গায় অন্যান্য শস্যের সঙ্গে পেঁপে চাষও করেছেন। কিন্তু এসব পেঁপে বাজারে নিয়ে যেতে যে খরচ হয়, বিক্রি করে সে খরচ তুলে আনা সম্ভব হয় না। পেঁপে নরম ও খুব পচনশীল বলে অনেক সময় গাড়িতেই নষ্ট হয়ে যায়। কৃষি সম্প্রসারণ বিভাগের বাঘাইড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম চাষিদের এসব সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘যেকোনো এলাকার উৎপাদিত ফলমূল বাজারজাত করার জন্য সড়ক উন্নয়ন জরুরি। সড়ক উন্নয়ন ছাড়া কৃষি উৎপাদন সম্ভব নয়। সমবায়ের ভিত্তিতে পেঁপেসহ উৎপাদিত ফলমূল বাজারজাত করার পরামর্শ দিয়ে তিনি বলেন, পেঁপে পাকার আগেই একসঙ্গে কয়েকজন মিলে গাড়িতে করে বাজারে নিয়ে এলে খরচ কম পড়বে, নষ্টও তেমন হবে না।’