পেঁপেগাছের কী দোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়ার চুনতিতে দুর্বৃত্তদের কেটে ফেলা পেঁপেগাছ l  প্রথম আলো
লোহাগাড়ার চুনতিতে দুর্বৃত্তদের কেটে ফেলা পেঁপেগাছ l প্রথম আলো

পেঁপে বিক্রি করে সংসার চালাতেন ওয়াহিদুল আলম। তাঁর বাগানের ৫০০ পেঁপেগাছ সন্তানের মতো যত্ন করে বড় করেছিলেন। পেঁপে বিক্রির আয় থেকে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচও উঠে আসত। কিন্তু একদিন ভোরে বাগানে এসে দেখলেন সব পেঁপেগাছ দুই–তিন টুকরো করে কেটে রেখে গেছে কেউ।
২১ ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা এমন নির্মম ঘটনা ঘটায়। ঘটনার আকস্মিকতায় চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকার মিরিখিলের বাসিন্দা ওয়াহিদুল আলম বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। কেন, কারা এমন ঘটনা ঘটাল বুঝতে পারছেন না তিনি। সান্ত্বনাও পাচ্ছেন না কোনো কিছুতে। সব হারিয়ে ক্ষণে ক্ষণে কান্নায় ভেঙে পড়ছেন।
ওয়াহিদুল আলম বলেন, এ বছর এক একর জায়গার ওপর তিন লাখ টাকা খরচ করে প্রায় ৫০০ রেড লেডি প্রজাতির পেঁপেগাছ লাগিয়েছিলেন। সব গাছেই ফলন এসেছিল। দুই মাস ধরে প্রতি সপ্তাহে এ বাগান থেকে ১৫০ থেকে ২০০ কেজি পেঁপে বিক্রি করেছেন। পেঁপে বিক্রি করে প্রতি সপ্তাহে আয় হতো প্রায় সাত হাজার টাকা।
ওয়াহিদুল বলেন, ‘কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা আমি জানি না। কেটে ফেলা পেঁপেগাছে ছয় হাজার কেজির মতো ছোট-বড় পেঁপে ছিল। এতে অন্তত ছয় থেকে সাত লাখ টাকার ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি কীভাবে কাটিয়ে উঠব বুঝতে পারছি না।’
এ ব্যাপারে চুনতি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. জাফর জানান, খবর পেয়ে তিনি ২১ ডিসেম্বর সকালে পেঁপেবাগান দেখতে যান এবং বাগানের পাঁচ শতাধিক গাছ কাটা দেখতে পান। তিনি আরও বলেন, এভাবে যারা গাছ কেটেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
এ ব্যাপারে লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওয়াহিদুল আলম। তিনি এখন দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ চান।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, ‘গাছ কাটার অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’