পেঁয়াজ রসুন আদাসহ মসলার দাম বেড়েছে
পুরো সপ্তাহে চাকরির ব্যস্ততার কারণে বাজার করা হয় না বলে ছুটির দিনে বাজার করতে আসেন একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা সুমি সেনগুপ্তাসহ অনেক চাকরিজীবী। আর সুযোগ বুঝে দোকানিরা ছুটির দিনগুলোতেই প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন বলে অভিযোগ করেন সুমি সেনগুপ্তা। তিনি বলেন, ‘কাজের ব্যস্ততায় বাকি দিনগুলোতে বাজারে আসতে পারি না, তাই শুক্রবারেই আসি। কিন্তু এ দিন বাজারে জিনিসপত্রের দাম অন্য দিনের তুলনায় বেশি থাকে। তাই অনেকটা বাধ্য হয়ে চড়া দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে হয়।’মঙ্গলবার নগরের কাজীর দেউড়ি, দুই নম্বর গেট, পাহাড়তলী বাজার ঘুরে দেখা গেছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মধ্যে সবজির দাম কিছুটা কমলেও পেঁয়াজ, রসুন, আদাসহ মসলা জাতীয় পণ্যের দাম এ সপ্তাহে বেড়েছে। ফার্মের মুরগির দামও বেড়েছে কেজিতে প্রায় ১০ টাকা। গত সপ্তাহে কাজীর দেউড়ি বাজারে ফার্মের মুরগি বিক্রি হয়েছিল ১৩০ টাকা যা এ সপ্তাহে ১৪৫ টাকা। তবে দেশি মুরগির দাম স্থিতিশীল রয়েছে। ফার্মের মুরগির দাম বেশি কেন জানতে চাইলে ৭৮ নম্বর দোকানের মো. ইসহাক বলেন, ‘মুরগির বাচ্চার দাম বেড়ে যাওয়াতে খামারমালিকেরা পাইকারি বাজারে দাম বাড়িয়েছেন। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’ মাছের দাম প্রায় স্থিতিশীল। বিক্রেতারা জানান, শুক্র-শনিবারে বাজারে পণ্যের চাহিদা একটু বেশি থাকে। দামও দুই-এক টাকা বেশি হয়। তবে এর কোনো কারণ বলতে পারেননি তাঁরা। তুলনামূলক সাশ্রয়ী বাজার হিসেবে পরিচিত পাহাড়তলী বাজারে দেখা গেছে, সবজির সরবরাহ যথেষ্ট। তাই দাম কিছুটা কমেছে। বরবটি ২৮ টাকা, পেঁপে ১৬ টাকা, লাউ ১৬ টাকা, পটল ১৬, বেগুন ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে চার-পাঁচ টাকা করে কম। তবে কাঁচামরিচ ও ধনেপাতার দাম বেড়েছে। এ ছাড়াও মসলা জাতীয় প্রায় সব পণ্যের দাম বেড়েছে। পেঁয়াজ শ্রেণীভেদে ২০-২৫ টাকা, রসুন ১২০-১২৫ টাকা, আদা ১০৫-১১৫ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের চেয়ে কিছুটা বেশি। মসলার মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। এলাচের দাম কেজিতে প্রায় ৮০০ টাকা বেড়ে দাম হয়েছে দুই হাজার ২০০ টাকা। তবে তেলের বাজার নিয়ন্ত্রিত ও স্থিতিশীল রয়েছে বলে জানান কাজীর দেউড়ির ভাই ভাই ডিপার্টমেন্টাল স্টোরের মালিক মো. বাবুল।বাজারে জিনিসপত্রের দাম সম্পর্কে জানতে চাইলে ষোলশহর দুই নম্বর গেট এলাকার বাসিন্দা মুজিবর রহমান বলেন, ‘বর্ষাকালে সবজির দাম একটু চড়া থাকে। তবে একই পণ্যের সকালে এক দাম আবার বিকেলে আরেক দাম—এটা বন্ধ করা উচিত।’ যখন-তখন দাম বাড়ানোর কারণে বাজারে এসে বিপাকে পড়তে হয় বলে জানান তিনি। অন্যদিকে আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় রাখতে এখন থেকেই ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানান সাধারণ ক্রেতারা।