
পিচঢালাই উঠে গেছে। ছোট-বড় অসংখ্য গর্ত সড়কজুড়ে। এসব গর্তে আটকে যাচ্ছে গাড়ি। ফলে সৃষ্টি হচ্ছে যানজট। গত কয়েক দিনে বৃষ্টির পানি জমে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। কক্সবাজারের চকরিয়ার বরইতলী-পেকুয়া-মগনামা সড়কের পেকুয়া বাজারের ৩০০ মিটার অংশে এখন এই হাল। সরেজমিনে ৬ এপ্রিল দুপুরে এই চিত্র দেখা যায়।
শুধু বাজার অংশ নয়, ২১ কিলোমিটারের সড়কটির বেশির ভাগ এলাকা খানাখন্দে ভরে গেছে। এটি দেখভাল করে সড়ক ও জনপথ বিভাগ।
বাজারের ব্যবসায়ীরা জানান, পেকুয়া বাজার অংশে বেহাল দশার কারণে হাঁটাচলা দায় হয়ে পড়েছে। বাজারের ৩০০ মিটার অংশ পার হতে সময় লাগছে আধা ঘণ্টা। গর্তে গাড়ির চাকা আটকে প্রায় সময় সৃষ্টি হচ্ছে যানজট। বৃষ্টি হলে ময়লা পানি ঢুকে পড়ছে সড়কের পাশের দোকানগুলোতে। বাজারের ব্যবসায়ী রহিম উল্লাহ বলেন, আগে গর্তগুলো নিয়মিত ভরাট করত সড়ক ও জনপথ বিভাগ। গত ছয় মাস ধরে তা–ও করছে না। ফলে এখন চলাচল করাই দায় হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের ফুলতলা, বাজারপাড়া, গোঁয়াখালী, মামা-ভাগিনার দোকান, ভোলাইয়াপাড়া, মিয়াপাড়া, পেকুয়া চৌমুহনী, মাতব্বরপাড়া, সাবেক গুলধি, চঐর ভাঙা, আহমদ ডিলার চৌমুহনী, চরপাড়া ও বাঘগুজারা এলাকায় সড়ক বেহাল হয়ে পড়েছে। প্রতিটি এলাকায় পিচঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে গর্ত।
পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আসহাব উদ্দিন বলেন, খানাখন্দের কারণে সড়কে সব সময় যানজট লেগে থাকে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের। পেকুয়া বাজার অংশটি যানজটমুক্ত ও সংস্কার করা জরুরি।
পেকুয়া বাজার ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন জানান, সড়কটি কুতুবদিয়া উপজেলা ও পেকুয়ার তিন ইউনিয়নের মানুষ নিয়মিত ব্যবহার করে। চলাচল করে যাত্রীবাহী বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন। প্রতিদিন চলাচল করে অন্তত তিন হাজার গাড়ি।
জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের চকরিয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবু আহসান মু. আজিজুল মোস্তাফা বলেন, ইতিমধ্যে পেকুয়া–চৌমুহনী থেকে মগনামা ঘাট পর্যন্ত আট কিলোমিটার সড়কের সংস্কারকাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগিরই সংস্কারকাজ শুরু হবে।
উপসহকারী প্রকৌশলী আরও বলেন, পেকুয়া বাজার অংশে সড়কের ওপর আবর্জনা ফেলা হয়। পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এ কারণে সড়ক নষ্ট হচ্ছে। তা ছাড়া সড়কটি ২০-৩০ টনের ট্রাক চলাচলের উপযোগী নয়, নিষেধাজ্ঞা জারি করে সাইনবোর্ড টাঙানো হলেও কেউ মানে না। প্রশাসনকে চিঠি দেওয়ার পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবউল করিম বলেন, ‘বিষয়টি নিয়ে মাসিক আইনশৃঙ্খলা সভায় আলোচনা হয়েছে। তবে কোন গাড়ি ওভারলোডেড (নির্ধারিত ওজনের অতিরিক্ত), আমাদের পক্ষে তা নির্ধারণ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে সড়ক ও জনপথ বিভাগকে এগিয়ে আসতে হবে।’