পেকুয়ায় ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান প্রথম আলোকে জানান, গত মঙ্গলবার সকালে রাজাখালীর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সাময়িক বরখাস্তের আদেশ স্থানীয় সরকার বিভাগ থেকে তাঁর কাছে এসে পেঁৗছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরীফা আহমেদ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বিধিবহির্ভূতভাবে এলজিএসপির বরাদ্দের বিপরীতে ছয়টি প্রকল্পে কাজ না করে মহিলা সদস্য ও ইউপি সচিবকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। এ ছাড়া ভিজিডি প্রদানে একতরফাভাবে উপকারভোগী নির্বাচন ও গ্রাম আদালতের জন্য প্রদান করা এক লাখ টাকা যথাযথভাবে ব্যয় না করে অনিয়ম করেছেন। এসব অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ ধারা ৩৪ (১) মোতাবেক নজরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
জানতে চাইলে রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। এই আদেশের বিরুদ্ধে আমি হাইকোর্টে রিট করব।’