পেকুয়ায় ছালেহা কবির স্মৃতি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ
কক্সবাজারের পেকুয়ায় ছালেহা কবির স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৬ আগস্ট বিকেলে জিএমসি ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেধাবৃত্তি পরীক্ষা কমিটির প্রধান পৃষ্ঠপোষক এ এম এম শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার। বিশেষ অতিথির ছিলেন পেকুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কান্তি চৌধুরী, জিএমসি ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী, পেকুয়া ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আবু জাফর, রাজাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম ও পেকুয়া প্রেসক্লাবের সভাপতি মো. ছফওয়ানুল করিম। বক্তব্য দেন শিক্ষানুরাগী নাজেম উদ্দিন, টৈটং ইকরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহরিয়ার আহমেদ খান, পেকুয়া আদর্শ শিশু নিকেতনের অধ্যক্ষ ইউনুচ আলম প্রমুখ।
প্রসঙ্গত, পেকুয়া ইউনাইটেড এডুকেশন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ছালেহা কবির স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা পরিচালিত হয়ে আসছে। ২০১৩ সালে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৪১জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৯৫ শিক্ষার্থী বৃত্তি পায়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা।