পেকুয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সমুদ্র উপকূলীয় উপজেলা পেকুয়ায় দুই মাসে খুন হয়েছে নয়জন। এ নিয়ে উদ্বিগ্ন স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা। গত ২৭ অক্টোবর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় স্থানীয় সাংসদ (কক্সবাজার-১) মোহাম্মদ ইলিয়াছ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সাংসদ মোহাম্মদ ইলিয়াছ বলেন, পেকুয়ায় স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। মানুষের লাশ পাওয়া যাচ্ছে পাহাড়ের ছড়ায়, খোলা মাঠে, নদীরচর-চিংড়িঘের কিংবা পুকুরে। অথচ পুলিশ পারছে না অপরাধীদের শনাক্ত করতে। এলাকায় বেড়ে গেছে নানা অপরাধ। এ নিয়ে সাধারণ মানুষ হতাশ ও উদ্বিগ্ন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১ অক্টোবর টৈটং নাপিতখালীতে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে নিতান্তঘোনা গ্রামের মোর্শেদুল আলমকে। একই দিন ওই ইউনিয়নের ছনখোলাজুম এলাকা থেকে সেলিম নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন। ৬ অক্টোবর উপজেলার ছিরাদিয়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন কফিল উদ্দিন। ৭ অক্টোবর ভোরে পুলিশ উপজেলার টৈটং ইউনিয়নের বটতলী ছড়া থেকে উদ্ধার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজির লাশ। ৮ অক্টোবর টৈটং ইউনিয়নের কেরণছড়ি গ্রামে কুপিয়ে হত্যা করা হয় গৃহবধূ চম্পা রানী দাশকে। ১৩ অক্টোবর পূর্ব মেহেরনামায় বিষ খাইয়ে এক পরিবারের দুই শিশু মাহি ও মিলিকে হত্যা করা হয়। ২৫ অক্টোবর রাতে টৈটং ইউনিয়নের খুইন্যাভিটা এলাকায় খুন হন যুবলীগের কর্মী ইউনুস। এর আগে ৩১ আগস্ট উজানটিয়া ইউনিয়নের গুদারপাড় এলাকার কালা মিয়াকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে পুলিশে দেয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ বলেন, পেকুয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি আগে কখনো ঘটেনি। সন্ধ্যার পর বিভিন্ন স্থানে ফাঁকা গুলির শব্দ শোনা যায়। এতে উদ্বিগ্ন সাধারণ মানুষ, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। কিন্তু পুলিশ অস্ত্রধারীদের ধরতে পারছেন না।
জনপ্রতিনিধিরা জানান, এ িনয়ে প্রশাসনেও বেশ আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রত্যাহার করা হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব ও পরিদর্শক (তদন্ত) শহীদ উল্লাহকে।
বিদায়ী ওসি আবদুর রকিবের দাবি, এসবের মধ্যে প্রকৃত হত্যাকাণ্ড তিনটি। এর মধ্যে আওয়ামী লীগের সভাপতির হত্যা মামলায় সাতজন এবং কফিল উদ্দিন ও ইউনুস হত্যা মামলায় আরও নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় দুটি। বাকি লোকজন মারা গেছেন ঘের দখল, জমির বিরোধ, আত্মহত্যা ও বিষপানে।
সদ্য যোগ দেওয়া ওসি মো. মোস্তাফিজ ভঁূইয়া বলেন, পেকুয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা লাগবে।
মাদক, দখলদার, অস্ত্রবাজ, চাঁদাবাজ আর সন্ত্রাসীদের সঙ্গে পুলিশ আপস করবে না।