পেকুয়া অংশে উচ্ছেদ অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক সড়কের পেকুয়া অংশের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগ। ২৩ এপ্রিল সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের চকরিয়ার উপসহকারী প্রকৌশলী শহিদুল আলম জানান, ওই অভিযানে এবিসি সড়কের পেকুয়া অংশের ঈদমনি স্টেশনে ২৫টি ও হাজিবাজার এলাকায় ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অন্যান্য স্থাপনাও উচ্ছেদ করা হবে।
১৯ এপ্রিল প্রথম আলোর আঞ্চলিক প্রকাশনা আমার চট্টগ্রামে ‘৮০ দখলদারকে নোটিশ দিয়ে চুপ সওজ’ শীর্ষক শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সড়ক বিভাগ উচ্ছেদ অভিযানে নামে।
সওজ বিভাগ সূত্র জানায়, ২০০২-২০০৩ অর্থ বছরে সরকার এবিসি আঞ্চলিক সড়কের টৈটং বাজার থেকে ঈদমনি স্টেশন পর্যন্ত ১৮ কিলোমিটারের জন্য প্রায় ছয় কোটি টাকা বিতরণের মাধ্যমে জমি অধিগ্রহণ করে। সড়কের জন্য ১৮ ফুট ও সড়কের দুই পাশে ৬২ ফুট জায়গা নেওয়া হয়। জমি অধিগ্রহণের পর হুকুম দখলের ওপর সীমানা খুঁটি না দেওয়ায় টৈটং বাজার থেকে ঈদমনি স্টেশন পর্যন্ত হাজারো অবৈধ স্থাপনা গড়ে ওঠে।
সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, ‘ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যেকোনো সময় উচ্ছেদ অভিযান চালানো হবে। এখন নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে কিছুদিন সময় দেওয়া হয়েছে।’