পেকুয়া কলেজে আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজে মানবিক বিভাগের আসনসংখ্যা বৃদ্ধির দাবিতে পেকুয়া চৌমুহনী স্টেশনে গত ২৮ জুন দুপুরে ক্লাস বর্জন করে মানববন্ধন ও সমাবেশ করেন শিক্ষার্থীরা।
কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এনামুল হক, জসিম উদ্দিন, মোহাম্মদ আনাস, মোহাম্মদ রুবেল, মিনহাজ উদ্দিন, মো. শাহিন, আবদুল কাদেরসহ আরও অনেক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, পেকুয়া উপজেলায় আর কোনো কলেজ না থাকায় বাধ্য হয়েই শিক্ষার্থীদের এই কলেজে ভর্তি হতে হয়। কিন্তু কলেজে মানবিক বিভাগে মাত্র ১৫০টি আসন রয়েছে। আসনের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় বিপুল পরিমাণ ছাত্রছাত্রী ভর্তি হতে পারে না। ফলে অনেকেই ঝরে পড়ছে।
শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আসনসংখ্যা বাড়ানোর জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনো কাজ হয়নি। তাই তাঁরা বাধ্য হয়ে আন্দোলন শুরু করেছেন বলে জানান।
পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান বলেন, কলেজের একাডেমিক ভবন ও শ্রেণিকক্ষের সংকট থাকায় আসনসংখ্যা বাড়ানো যাচ্ছে না। এর পরও কলেজ পরিচালনা কমিটিকে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
—চকরিয়া প্রতিনিধি